সুযোগ পেলে চাকরির বাজারের সঙ্গে পড়াশোনার দূরত্ব কমাতাম

‘সুযোগ পেলে লেখাপড়ার যে নিয়ম বদলে দিতাম’ — এই বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। পড়ুন নির্বাচিত লেখাগুলোর মধ্য থেকে একটি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনিয়া জেবিন
ছবি: সংগৃহীত

সদ্যই আমি স্নাতক শেষ করেছি। আমার সমসাময়িক অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের শিক্ষা আর চাকরি পাওয়ার যোগ্যতার মধ্যে একধরনের সংযোগহীনতা আছে। যখন বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয়ে ভর্তি হই, তখনই চাকরি পাওয়া না পাওয়া নিয়ে আমাদের মনে একধরনের ধোঁয়াশা তৈরি হয়। যে বিষয়েই পড়ি না কেন, পড়ালেখা শেষে আমরা কীভাবে সমাজ বা দেশের জন্য অবদান রাখব, বুঝে উঠতে পারি না। কারণ, চাকরির বাজারের সঙ্গে সিলেবাসভুক্ত পড়ালেখার একটা দূরত্ব আছে।

কিছুদিন আগেই পত্রিকায় আমরা দেখেছি, গত বছর ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। কেন? আমি মনে করি, যদি পড়ালেখা আর কর্মবাজারের মধ্যে সমন্বয় থাকত, তাহলে এত শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগত না।

যদিও আমরা সচরাচর বলি, শিক্ষার সঙ্গে অর্থ উপার্জনের সম্পর্ক রাখা উচিত নয়। কিন্তু আমাদের বাস্তবতায় তো সেই বেড়াজাল থেকে বের হওয়ার পরিস্থিতি নেই। আমরা অর্থ উপার্জনের পথ খুঁজতেই পড়ালেখা করি। যদি শিক্ষাকে শুধুই জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে অন্তত কর্মবাজারের সঙ্গে শিক্ষার দূরত্ব কমিয়ে আনা উচিত।

পাঠক, সুযোগ পেলে আপনি লেখাপড়ার কোন নিয়মটা বদলে দিতেন? লিখে পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]