মাইকেল জর্ডান দানই করেন ১০০ কোটি, জেনে নিন কত টাকার মালিক তিনি

একসময় গুগলের কাছে জানতে চাওয়া হতো, মাইকেল জর্ডানের উচ্চতা কত? আর এখন জানতে চাওয়া হয়, সাবেক এই বাস্কেটবল কিংবদন্তি ঠিক কত টাকার মালিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোর্বস প্রতিবছর একেকটা তালিকা প্রকাশ করে সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। সম্প্রতি যেমন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ৪০০ ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আর সেখানে প্রথমবারের মতো উঠে এসেছে একজন অ্যাথলেটের নাম। তিনি আর কেউ নন, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান।

বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান
ছবি: সংগৃহীত

৪০০ জনের ভেতর মাইকেল জর্ডানের অবস্থান ৩৭৯তম। বছরের শুরুতে তাঁর বাস্কেটবলের দল শার্লট হারনেটসের বেশির ভাগ শেয়ার অবিশ্বাস্য দামে বিক্রি করে দেওয়ার পর এই তালিকায় ঢুকে পড়েছেন তিনি। ২০১০ সালে তিনি দলটি কিনেছিলেন মাত্র ২৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০০ কোটি টাকা দিয়ে। আর ১৩ বছর পর গাবে প্লটকিন ও রিক শেনালের গ্রুপের কাছে বিক্রি করেছেন কয়েক হাজার কোটি টাকায়!
এ ছাড়া সিএনএনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্পোর্টস ব্র্যান্ড নাইকির সঙ্গে চুক্তিও তাঁকে আর্থিকভাবে ব্যাপক লাভবান করেছে। কেননা এরপরই পোশাকের ব্র্যান্ড হেনস, পানীয়র জনপ্রিয় কোম্পানি গ্যাটোরেড এবং স্পোর্টস কোম্পানি আপার ডেকের সঙ্গে লাভজনক চুক্তিতে যুক্ত হন মাইকেল।

অনেকের মতে, বাস্কেটবলে তিনিই সেরাদের সেরা
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ও জর্ডান অনেকটাই সমার্থক। মাইকেল জর্ডানই বাস্কেটবলে সর্বকালের সেরা খেলোয়াড়—এমন দাবির সঙ্গে বরং দ্বিমত পোষণ করার মতো মানুষই খুঁজে পাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের এনবিএর (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) পক্ষ থেকেও এই দাবির পক্ষেই রায় দেওয়া হয়েছে। ২০১৫ সালে মাইকেল জর্ডান বিলিয়নারদের ক্লাবে নিজের নাম লেখান। আর এর মাত্র আট বছরের মাথায় তিনি মোট সম্পদ তিন গুণ বাড়িয়েছেন। এখন তিনি কমপক্ষে ৩ বিলিয়ন ডলারের মালিক বলে দাবি করছে ফোর্বস। যদিও মাইকেল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মাইকেল জর্ডান কেবল টাকা উপার্জনই করেন না, দুই হাতে দান করার বিষয়েও তাঁর নামডাক আছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ছিল তাঁর ৬০তম জন্মদিন। এদিন তিনি মানবিক কাজে নিয়োজিত এনজিও ‘মেক আ উইশ আমেরিকা’কে ১০ মিলিয়ন ডলার বা ১০৯ কোটি ৭৫ লাখ টাকা দান করেন। প্রতিষ্ঠানটির ৪৩ বছরের ইতিহাসে হলিউড তারকাদের থেকে শুরু করে অনেক সেলিব্রিটি এখানে অর্থ দিয়েছেন। তবে মাইকেল জর্ডানই সর্বোচ্চ অর্থ দিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা ৪০০ ধনীর ভেতর মাইকেল জর্ডানের অবস্থান ৩৭৯তম
ছবি: সংগৃহীত

তালিকার প্রথম নামটি পরিচিত, টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। তিনি ২৫১ বিলিয়ন ডলারের মালিক। মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে ১৬১ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যুক্তরাষ্ট্রের প্রথম ৪০০ ধনীর মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা জাপানের ২০২২ সালের জিডিপি (মোট দেশজ উৎপাদন) থেকে বেশি!