এসি প্রথম কি কাজের জন্য তৈরি হয়েছিল জানেন
দাবদাহ থেকে বাঁচতে মানুষ এসি ব্যবহার করলেও এটি তৈরির উদ্দেশ্য মোটেও তা ছিল না।
খাবার সংরক্ষণ ও ছাপাখানার তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই মূলত এসি তৈরির পরিকল্পনা করা হয়। ১৯২০ সালের আগে পর্যন্ত বাড়িতে এসি ব্যবহারের কোনো সুযোগ ছিল না।
প্রাচীন মিসরীয়দের সময় থেকেই শীতাতপ নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ভাবছে মানুষ। মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও এসি উদ্ভাবন নিয়ে কাজ করেছিলেন। ১৭৫৮ সালে তিনি হিমাঙ্কের তাপমাত্রা অর্জনের জন্য বাষ্পীভবন ও অ্যালকোহল নিয়ে পরীক্ষা চালান। ১৮২৪ সালে তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের মাধ্যমে বাতাসকে শীতল করার পদ্ধতি আবিষ্কৃত হয়। ১৮৪০ সালে পদার্থবিদ জন গরি উচ্চ তাপমাত্রা থেকে নগরবাসীকে বাঁচাতে ফ্লোরিডার শহরগুলোকে শীতল করার একটি ধারণা প্রস্তাব করেন।
আধুনিক এসির জনক হিসেবে যার নামটি প্রথম আসে, তিনি আমেরিকান প্রকৌশলী হ্যাভিল্যান্ড ক্যারিয়ার। ১৯০২ সালে উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার প্রথম বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন। সেই এসি মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল।
একটি ছাপাখানায় কাজ করতেন হ্যাভিল্যান্ড। সেখানকার বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ঠিকঠাক কাজ করা সম্ভব হচ্ছিল না। উৎপাদন বৃদ্ধির জন্য মূলত এ যন্ত্রের নকশা করা হয়েছিল। বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ছাপা কাগজের আকার ও কালির যথার্থ ব্যবহার ঠিক রাখতে এসি ব্যবহার শুরু হয়েছিল। তিনি এসি তৈরিতে আর্দ্রতা নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করেন। আগের প্রতিষ্ঠিত যান্ত্রিক হিমায়নের ধারণার ওপর ভিত্তি করে ক্যারিয়ারের এসি সিস্টেম ঠান্ডা পানি ভরা কয়েলের মাধ্যমে বাতাস পাঠাত। ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে আর্দ্রতা অপসারণ করার সময় বাতাসকেও শীতল করত এ সিস্টেম। ১৯০৬ সালে তিনি এসির জন্য আমেরিকান সরকারের পেটেন্ট পান।
১৯১৫ সালে হ্যাভিল্যান্ড ও ছয় প্রকৌশলী মিলে বিশ্বের বৃহত্তম এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন’ প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে ঘরবাড়িতে এসির ব্যবহার শুরু হয়। ১৯২৮ সালে টমাস মিগলি জুনিয়র ফ্রেয়ন আবিষ্কারের মাধ্যমে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক কাজে মানুষের জন্য নিরাপদ এসি উদ্ভাবন করেন। ১৯৪৬ সাল থেকে বাণিজ্যিকভাবে এসি উৎপাদনের চাহিদা বৃদ্ধি পায়।
তথ্যসূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন