বিশ্বের ৩৩০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কততম হলো আইইউবির দাবাড়ু দল
অনলাইন দাবার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চেসডটকম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও বছরজুড়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করে তারা। কলেজিয়েট চেস লিগের (সিসিএল) নামে পরিচিত এই প্রতিযোগিতা বসন্ত, গ্রীষ্ম ও শরৎ— এই তিনটি মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই প্রতিযোগিতারই বসন্ত মৌসুমে অংশ নিয়েছিল বাংলাদেশের ‘আইইউবি মিটেন্স’। বিশ্বের ২৮০টি বিশ্ববিদ্যালয় ও ৩৩০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই দল। পুরস্কার হিসেবে ১০০ মার্কিন ডলার ও চেস মেম্বারশিপ পেয়েছেন দাবাড়ু দলের সদস্যরা।
২০ জানুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় গত ৬ এপ্রিল। অনলাইনেই হয় সব ম্যাচ। দাবার অন্যতম একটি ধরন ব্লিটজ। এতে দ্রুততার সঙ্গে সঠিক চালটি দিতে হয়। কলেজিয়েট চেস লিগের সম্পূর্ণ প্রতিযোগিতা ব্লিটজ ধরনে হয়। এর মধ্যে সাতটি জিতে তৃতীয় স্থান অধিকার করে টিম আইইউবি মিটেন্স।
আইইউবি মিটেন্স দলের সদস্যরা হলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিভাগের অমিতবিক্রম রায় (দলনেতা), কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আইমান সাদ হামিদ, জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের জাস্টিন ম্যাত্থিয়াস বাড়ৈ ও মার্কেটিং বিভাগের কাজী নাভিদ তাহমিদ। পরামর্শক ছিলেন দাবায় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
প্রতিযোগিতার বিষয়ে দলের অন্যতম সদস্য জাস্টিন ম্যাত্থিয়াস বাড়ৈ বলেন, ‘প্রতি শনিবার, প্রায়ই মধ্যরাতে খেলাগুলো থাকত। দলকে জেতাতে হবেই, এমন মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতাম। কয়েকবার তো প্রায় হেরে যাওয়া খেলায় কামব্যাক করেছি। তারপর দলের সবাই মিলে খেলা বিশ্লেষণ, চর্চা করা। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা।’
প্রতিযোগিতায় একমাত্র বাধা হিসেবে কম গতির ইন্টারনেট সংযোগকে দুষলেন তরুণ দাবাড়ুরা। জানালেন, ‘বাইরের দেশের ইন্টারনেটের গতি আমাদের চেয়ে অনেক বেশি হওয়ায় প্রতি চালে তিন সেকেন্ড বা এর বেশি সময় চলে যেত। ইন্টারনেটের সমস্যায় কয়েকবার হারতেও হয়েছে।’