কখনো কখনো জীবনটাকে মনে হয় কাঁটা দেওয়া ঘড়ি। ৩৬০ ডিগ্রি ঘুরে বারবার একই জায়গায় ফিরে ফিরে আসা। রাতে নিয়ম করে ঘুমোতে যাওয়া, সকালে উঠে কাজে নেমে পড়া। সন্ধ্যা হয়ে এলে ঘরে ফিরে আবার ঘুমানোর আয়োজন। নারী বা পুরুষ, কর্মজীবী কিংবা পড়ুয়া—মোটামুটি অভিন্ন ছকে বাঁধা জীবন। পুনরাবৃত্তিমূলক, বৈচিত্র্যহীন। কিন্তু একই সঙ্গে আবার পাগলা ঘোড়ার মতো কেবল ছুটে চলা। আরও চাই, যেতে হবে আরও বহুদূর। স্পর্শ করতে হবে সাফল্যের চূড়া। অত্যাশ্চর্য সাফল্যের এই দমবন্ধ উত্তেজনা একটুখানি স্থির হয়ে বসতে পর্যন্ত দেয় না। ফলে জীবন থেকে হারিয়ে যায় অপূর্ব আনন্দের ঝলমলে মুহূর্তগুলো। ম্যাড়মেড়ে হয়ে যায় জীবনযাপন।
অথচ চাইলেই জীবনটাকে আনন্দময় করে তোলা যায়। ঠাসবুননের কর্মঘণ্টা থেকে ছুটি নিয়ে মুহূর্তখানেক হুল্লোড়ে মেতে ওঠা যায়। বিপুল ব্যস্ততার ফাঁকে একটুখানি মজা-মাস্তি করলে কিন্তু মন্দ হয় না। কাজের চাপ পাশে সরিয়ে রেখে একটু ছেলেমানুষি, খানিক দুষ্টুমি শরীর-মনকে করে তুলতে পারে চনমনে। ভাবুন তো, সব সময় কাজে ডুবে থাকা অফিসের রাশভারী বস যদি হুট করে মেতে ওঠেন শিশুসুলভ খুনসুটিতে, ব্যাপারটা কেমন হয়! পুরো কাজের পরিবেশই কিন্তু পাল্টে যায়। একটা সহজ স্বস্তি ছড়িয়ে পড়ে। কর্মীদের ভেতর নতুন প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়। কাজে আসে দারুণ গতি। মুহূর্তগুলো মজাদার করে তোলার এই ব্যাপারটি কিন্তু ঘরে-বাইরে, কর্মস্থলে, বিদ্যায়তনে—সর্বত্র অনুশীলন করা যায়।
আজ ১ এপ্রিল, মজা করা দিবস বা ফান ডে। বিরক্তিকর একঘেয়েমি ঝেড়ে ফেলে কর্মব্যস্ত দিনগুলোকে আনন্দময় করে তোলার ভাবনা থেকে দিনটির উৎপত্তি।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে