কেন প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন মার্ক কুকুরেয়া?
স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপনের আরও একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ম্যাচ শেষে মার্ক কুকুরেয়াকে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগ হাতে; আর সেই ব্যাগের ভেতরে বিশ্বকাপ ট্রফি!
স্পেন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিয়েছে। ফাইনাল ম্যাচে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল এনজো ফার্নান্দেজের লাল কার্ড আর ম্যাচ শেষে মারামারি। তবে পুরস্কার বিতরণ শেষে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়েরা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন মার্ক কুকুরেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসেন। ক্যামেরায় দেখা যায়, তিনি একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করছেন।
এমন অদ্ভুত দৃশ্য স্বাভাবিকভাবেই বিস্মিত করেছে সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা। অনেকেই সমালোচনা করে বলেন, ‘যে ট্রফি মাঠে এলো কোটি কোটি টাকা মূল্যের লুই ভুইতোঁর ব্যাগে, জয়ের পর সেই ট্রফির কিনা জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!’
ভিডিওতে চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে এভাবে স্টেডিয়াম ছাড়তে দেখে সেখানে উপস্থিত সাংবাদিকেরাও বিস্মিত হয়ে প্রশ্ন তোলেন। অনেকে আবার বিশ্বকাপ ট্রফি এমন সাধারণ একটি প্লাস্টিকের ব্যাগে বহন করা দেখে মজা পান।
তবে ভাইরাল হওয়া ভিডিওটির রহস্যের ব্যাখ্যা নিতান্তই সহজ। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কুকুরেয়ার পলিথিনে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি নয়, ছিল লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি।
এরপর অনেকেই কমেন্ট করেন, ছয় কেজির বেশি ওজনের ট্রফি তো এমন পাতলা পলিথিনে বহন করতে পারার কথাও নয়।
সূত্র: দ্য সানডে গার্ডিয়ান