পাশ্চাত্য পোশাক পরার আগে

পাশ্চাত্য পোশাকে স্বচ্ছন্দবোধ করেন অনেকেই। সারা দিনের দৌড়াদৌড়িতে আরামও দেয়। তবে পাশ্চাত্য পোশাক বাছাইয়ের ক্ষেত্রে শারীরিক গঠন বুঝে নেওয়া প্রয়োজন। নিজস্ব গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখেই পোশাক নির্বাচন করুন।এতে করে আপনার শারীরিক গঠনের খুঁতগুলোও ঢাকা পড়ে যাবে। পাশ্চাত্য পোশাক নির্বাচনের ক্ষেত্রে খুঁটিনাটিগুলো জেনে নেওয়া যাক এক ঝলকে।
ত্রিভুজ আকৃতির গঠন: এ ধরনের শরীরের ওপরের অংশ তুলনামূলক শুকনো থাকে। কোমরে মেদ থাকে না। কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত চওড়া থাকে। কাঁধ ছোট থাকে।
পোশাক: আপনার শারীরিক গঠনের মধ্যে কোমরের অংশটুকু মেদহীন। সঠিক পোশাক নির্বাচনের মাধ্যমে কোমরের অংশটুকু ফুটিয়ে তুলতে পারেন। কাঁধ যেহেতু ছোট, তাই এমনভাবে পোশাক পরতে হবে যাতে করে কাঁধ চওড়া লাগে। উজ্জ্বল রঙের ও নকশাদার টপ পরতে পারেন। টপসের দৈর্ঘ্য হয় নিতম্ব পর্যন্ত হবে অথবা নিতম্ব ঢেকে দিয়ে নামবে। টপসের ওপর জ্যাকেট পরলে তার দৈর্ঘ্যও এমনটাই হওয়া চাই। গলার কাটে ভি-নেক, চারকোনা গলা, সুইটহার্ট নেকলাইন অথবা বোট কাটের গলার টপ পরতে পারেন। বড় মালা অথবা ভিন্নভাবে স্কার্ফ পরার মধ্য দিয়ে তৈরি করতে পারেন ফ্যাশন স্টেটমেন্ট। মোটা বেল্ট মানাবে। ড্রেস পরতে চাইলে আম্পায়ার ওয়েস্ট কাটের ড্রেস বেছে নিন। পোশাকের নিচের অংশটি বেছে নেওয়ার সময় চেষ্টা করবেন যেন থাই শুকনো দেখাতে পারেন। প্যান্ট বা স্কার্ট যা-ই পরুন না কেন হতে হবে গাঢ় রঙের। নাভির চেয়ে এক ইঞ্চি নিচে পরবেন। ফ্লেয়ারড কাট, বুট কাট, স্ট্রেট কাটের প্যান্টগুলো বানানো হয় আপনাদের জন্যই। স্কার্টের ক্ষেত্রে এ লাইন ফ্লেয়ার, ফিট অ্যান্ড ফ্লেয়ার, পেনসিল কাট, টিউলিপ কাটের স্কার্টগুলো পরতে পারেন। পরতে হবে কোমরের ওপর থেকে। হিল পরতে হলে ওয়েজেস হিল, হাই কোন হিল, স্টারডি পয়েন্টি হিল বেছে নিন।
অ্যাপল গঠন: আপনার হাত ও পায়ের গঠন শুকনো। ওপরের অংশ তুলনামূলকভাবে মোটা। আপনার কোমরে মেদ আছে। আপনার কাঁধ ও পিঠ চওড়া।
পোশাক: হালকা রঙের ওপর লম্বালম্বি স্ট্রাইপ দেওয়া টপ বেছে নিন। গলা হোক ভি-নেকের। টপের দৈর্ঘ্য নিতম্ব ঢাকবে। হাই ওয়েস্ট এ লাইন ড্রেস চমৎকার মানাবে। পোশাকের কাপড়টি হালকা ও ফ্লোয়িং হলে তো দারুণ। আপনার পা যেহেতু শরীরের অন্যান্য অংশের চেয়ে শুকনো, সেটাকে তুলে ধরতে পারেন।মোটা কাপড়ের তৈরি প্যান্ট বেছে নিন। কোমরের ওপর থেকে প্যান্ট পরতে হবে। বুট কাট, চাপা কাটের প্যান্ট বা জিনস, ক্যাপ্রিস, স্ট্রেট কাট প্যান্ট মানাবে আপনাকে। স্কার্ট পরতে চাইলে স্ট্রেট কাট, স্ট্রাকচার্ড পেনসিল কাট, প্লিটেড স্কার্ট, র্যাপ স্কার্ট ভালো দেখাবে। চাইলে হাঁটু পর্যন্ত লম্বারও পরতে পারেন। পায়ের সৌন্দর্য বাড়াবে ওয়েজেস হিল অথবা হাই কোন হিল।
উল্টানো ত্রিভুজ: শরীরের নিচের অংশের চেয়ে ওপরের অংশ তুলনামূলক চওড়া। কোমর এবং নিতম্ব তুলনামূলক শুকনো ও কাঁধ চওড়া।
পোশাক: আপনার শরীরের ওপরের অংশ চওড়া, পোশাক নির্বাচনও এটা মাথায় রেখেই করতে হবে। ওপরের টপ গাঢ় রঙের হবে। ভি অথবা ইউ কাটের গলা টপের লম্বা হবে নিতম্ব পর্যন্ত। বিভিন্ন নকশার চওড়া বেল্ট পরুন। আঁটসাঁট মাপের স্ট্রেট কাটের জ্যাকেট মানাবে আপনাকে। সাধারণ স্ট্রেট লাইন কাটের পাশ্চাত্য ড্রেস মানাবে ফোলয়ার, বুট কাট ও ক্যাপরি প্যান্টও মানাবে বেশ। আপনার প্যান্টের ওপরের অংশে হাতে করা নকশা বা প্রিন্ট থাকলে খারাপ লাগবে না দেখতে। এ লাইন অথবা গোল কাটের স্কার্ট, প্লিটেড স্কার্ট, অনেক লেয়ার দেওয়া লম্বা ও খাটো স্কার্ট পরতে পারেন। উজ্জ্বল রঙের পাম্প মানাবে। জুতায় বিভিন্ন ধরনের নকশা ও পাথর পরে হেঁটে বেড়ানোর পুরো স্বাধীনতা পাবেন।
আওয়ার গ্লাস: আপনার শরীরের ওপরের অংশ ও নিচের অংশ মোটা। শুধু কোমরের জায়গাটুকুই মেদহীন।
পোশাক: শরীরের ওপরের ও নিচের অংশ যাতে দেখতে বেঢপ না লাগে, পোশাক নির্বাচন সেভাবেই করুন। জ্যাকেটের দৈর্ঘ্য হবে কোমর পর্যন্ত অথবা নিতম্বের ওপর পর্যন্ত। টপ বা জ্যাকেট যেন খুব আঁটসাঁট না হয় আবার খুব ঢিলেও যাতে না হয়। সব ধরনের বেল্ট পরতে পারবেন। উইগেল ড্রেস, র্যাপ ড্রেস অথবা ফিট অ্যান্ড ফ্লেয়ার ড্রেস পরতে পারবেন। প্যান্ট, ট্রাউজার যা-ই পরুন না কেন গাঢ় রঙের হতে হবে। প্যান্টে লম্বা স্ট্রাইপের নকশা থাকলে ভালো। ব্যাগি প্যান্ট পরতে পারেন। প্যান্টে স্ট্রেট কাট, কোমরের নিচ থেকে পরবেন। স্ট্রেচ করা ডেনিমের তৈরি ফ্লেয়ার কাটের জিনস প্যান্ট বেছে নিন। জুতার সামনের অংশটা গোল হলে ভালো। হিলে অভিজাত ভাব থাকতে হবে। ব্যালেরিনাও মানাবে আপনাকে।
চারকোনা গঠন: আপনার কাঁধ ও নিতম্ব একই মাপের। কোমরের আলাদা কোনো গঠন নেই।
পোশাক: কোমর যেহেতু চওড়া, সেটা আড়াল করাই ভালো হবে বলে মানে করেন বিশেষজ্ঞরা। উজ্জ্বল রঙের বড় ছাপার পোশাক বেছে নিন। ভি গলার টপ নিতম্বের মাঝামাঝি পর্যন্ত লম্বা হবে। টপের নকশায় ফুটিয়ে তুলতে পারেন বিভিন্ন ধরনের ফ্লেয়ার ও নকশা। বড় বোতাম, পকেট প্রভৃতি থাকতে পারে। মোটা বেল্ট মানাবে। আম্পায়ার স্টেট ড্রেস, র্যাপ ড্রেস, ফোলানো হাতের ড্রেস মানানসই। আপনার পোশাকে সুঁই সুতার নানা কাজ থাকতে পারবে। মোটা কাপড়ের তৈরি প্যান্ট ব্যবহার করুন। স্ট্রেট কাট, হাঁটুর নিচ থেকে ফ্লেয়ার দেওয়া প্যান্ট আপনার জন্য। ব্লক হিল আর কোন হিলের জুতা পারতে পারেন।
সূত্র: ব্রাইটসাইড ডটমি