বলিউডের প্রচলিত ছক ভেঙে রাজকন্যা অদিতির ছিমছাম বিয়ে

অদিতি রাও হায়দারিকে বলিউডের প্রথাগত নায়িকাদের সঙ্গে ঠিক মেলানো যাবে না। বলিউডের যে তারকাদের শরীরে বইছে রাজপরিবারের রক্ত, অদিতি তাঁদেরই একজন। ফ্যাশন, চিত্রনাট্য বাছাই বা ব্যক্তিত্ব—সবদিক থেকে তিনি স্বতন্ত্র। ব্যক্তিজীবনকে বরাবরই পাদপ্রদীপের আলো থেকে সরিয়ে রাখাটা সমীচীন মনে করেছেন। কেবল যেটুকু না হলেই নয়, সেটুকুই প্রকাশ্যে এনেছেন। তবুও অদিতির প্রেম, বিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ, আলোচনা থেমে থাকেনি। এই যেমন এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল ইস্যু অদিতি আর সিদ্ধার্থ সূর্যনারায়ণের বিয়ে। দক্ষিণ ভারতীয় এই অভিনেতা সিদ্ধার্থ নামেই পরিচিত। অদিতি ও সিদ্ধার্থের বিয়ে নানা দিক থেকেই অনন্য, অদ্বিতীয়। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই দুজনের সম্পর্ক ও বিয়ের সাজপোশাকের নানা খুঁটিনাটি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
৩৭ বছর বয়সী অদিতি রাও হায়দারির মা-বাবা দুজনই রাজপরিবারের সদস্য। অদিতির নানা তেলেঙ্গানার ওয়ানাপার্থির রাজা জেপি রাও। আর এই নায়িকার দাদা আসামের প্রথম গভর্নর স্যার মোহাম্মদ সালেহ আকবর হায়দারি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২০
অদিতির বাবা আহসান হায়দারি ছিলেন মুসলিম প্রকৌশলী। মা বিদ্যা রাও ছিলেন গায়িকা। তাঁর বাবা হিন্দু রাজা হলেও তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। ‘রাজকুমারী’ অদিতি তাঁর নানার ধর্মের অনুসারী। ছবিতে অদিতির মা ও নানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২০
অন্যদিকে ৪৫ বছর বয়সী সিদ্ধার্থের জন্ম তামিলনাড়ুর এক সাধারণ হিন্দু পরিবারে। কলেজের দিনগুলো থেকেই সিদ্ধার্থ সহশিক্ষা কার্যক্রমে সরব ছিলেন। মুম্বাই থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা শেষে সিদ্ধার্থ তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় সিনেমার নামকরা পরিচালক মনি রত্নমের সহকারী হিসেবে কাজ শুরু করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২০
২০০৩ সালে সিদ্ধার্থ ‘বয়েজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। সিনেমাটি সুপারহিট হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেতা, প্রযোজক ও প্লেব্যাক সিঙ্গার হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২০
এটি অদিতি আর সিদ্ধার্থ দুজনেরই দ্বিতীয় বিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২০
২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে
ছবি: সংগৃহীত
৭ / ২০
এদিকে অদিতি মাত্র ১৭ বছর বয়সে আইনজীবী ও অভিনেতা সত্যদ্বীপ মিশ্রর প্রেমে পড়েন। ২০০৭ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি সত্যদ্বীপ মিশ্রকে (যিনি বর্তমানে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার জীবনসঙ্গী) বিয়ে করেছিলেন। ২০১৩ সালে অদিতি জানান যে তাঁরা আলাদা হয়ে গেছেন। বিয়ের বিষয়টি দুজনে গণমাধ্যম থেকে বহু বছর লুকিয়ে রেখেছিলেন
ছবি: সংগৃহীত
৮ / ২০
২০২১ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘মহা সমুদ্র’তে অভিনয় করতে গিয়ে আলাপ অদিতি-সিদ্ধার্থের। অন্তর্মুখী স্বভাবের এই দুই তারকার সেই পেশাগত সম্পর্ক বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। অতঃপর মন ভালো করা সুখী রোমান্টিক সিনেমার মতোই—প্রেম, বাগ্‌দান, বিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২০
২০২৩ সালের মার্চে এই দম্পতি বাগ্‌দানের ঘোষণা দেন। অদিতি ইনস্টাগ্রামের ছবিতে সামনে আনেন বাগ্‌দানের আংটি। সেখানে রয়েছে দুটো হিরে। একটা গোল, আরেকটি নাশপতি আকৃতির (পিয়ার কাট ডায়মন্ড)। এর ভেতর দিয়ে তাঁরা তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সামনে আনেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২০
‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ মুক্তির পর এক সাক্ষাৎকারে অদিতিকে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, তেলেঙ্গানা রাজ্যের ওয়ানাপার্থি জেলার ৪০০ বছরের পুরোনো শ্রীরঙ্গপুরম মন্দিরে বিয়ে করবেন। কেননা তাঁর পরিবারের ঐতিহ্যের সঙ্গে মন্দিরটি তাৎপর্যপূর্ণভাবে জড়িয়ে আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২০
পূর্বপরিকল্পনা অনুসারে সেখানেই বিয়ে করেছেন এই দুজন। তবে তথাকথিত বলিউডের বিয়ের কোনো নিয়মই মানেননি। নেই জমকালো আয়োজন, নেই হাজারো পাপারাজ্জির ক্যামেরার ক্লিক ক্লিক, নেই মেহেদি, সংগীতের আয়োজন, এমনকি নেই তৃতীয় কোনো বলিউড তারকাও! কেবল উপস্থিত দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ২০
একেবারেই ছিমছামভাবে দক্ষিণ ভারতীয় রীতিতে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে অদিতি সেজেছেন ঘরোয়া সাজে। হালকা সোনালি অরগ্যাঞ্জা টিস্যু কাপড়ের ওপর জরির কাজ করা রাজকীয় মহেশ্বরী লেহেঙ্গা পরেছিলেন অদিতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২০
সোনালি ব্লাউজ, বেনারসি টিস্যু ওড়নাতেও ছিল জরির কাজ। আর বিয়ের এই লেহেঙ্গার নকশা করেছেন বলিউডের নামজাদা বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২০
অদিতির বিয়ের মেকআপ ছিল একেবারেই মিনিমাল। কুন্দনের হালকা সোনার গয়নায় বউ সেজেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ। দুহাতে চওড়া বালা, নাকে নথের সঙ্গে দক্ষিণ ভারতীয় রীতি মেনে ছেড়ে দেওয়া চুলের বিনুনিতে বেলি ফুলের মালা গুঁজতে ভোলেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২০
অদিতি হাত ভরে মেহেদি নেননি। কেবল হাতে আর পায়ে আলতা দিয়ে ছোট্ট করে এঁকেছেন অর্ধচন্দ্র। হাতের নখের নিচ দিয়ে কেবল ছোট্ট করে ফোঁটা। ব্যাস, এটুকুই। ও, পায়ের আলতা আর চওড়া ঘুঙুর নজর এড়ায় না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২০
বরের সাজ দেখে যে কেউ বলতে বাধ্য হবেন, এর চেয়ে সাদামাটা সাজের বরের দেখা মেলা ভার। সিদ্ধার্থের পরনেও ছিল ঐতিহ্যবাহী দক্ষিণি পোশাক। সাদা পাঞ্জাবি আর সোনালি পাড়ের সাদা ধুতি, দক্ষিণ ভারতে যেটি ভেস্তি নামে পরিচিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২০
এর বাইরে সিদ্ধার্থের হাতের ঘড়িটি নজর কাড়ে। আঙুলে ছিল বাগ্‌দানের সোনার আংটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২০
সিদ্ধার্থ ও অদিতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২০
বিয়ের ফটোশুটের ‘বিহাইন্ড দ্য সিন’। অদিতি ও সিদ্ধার্থের বিয়ের এই ছবিগুলো তুলেছেন নামকরা ভারতীয় আলোকচিত্রী জোসেফ রাধিক ও তাঁর দল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২০
এই আলোকচিত্রীরা এর আগে বিরাট কোহলি-আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, নয়নতারা-ভিগনেশ শিবানদের ছবি তুলেছেন। অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আরও একটি ‘বিহাইন্ড দ্য সিন’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ফেমিনা, পিঙ্কভিলা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ভোগ ইন্ডিয়া অবলম্বনে