নিজস্ব ছন্দে ফিরতে চলেছে ল্যাকমের আসর
আবার নিজস্ব ছন্দে, রঙে আর ঢঙে ফিরতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক। টানা দুই বছর করোনা মহামারির কারণে ডিজিটাল দুনিয়ায় উদ্যাপিত হয়েছিল ল্যাকমে ফ্যাশন উইক। তবে বেশ কিছু শো ছিল ‘ফিজিক্যাল’। ২০২১ সালে নিয়ম ভেঙে মুম্বাইয়ের বদলে ভারতের রাজধানী শহর দিল্লিতে বসেছিল আসর। তাই দীর্ঘ সময় পর মায়ানগরী মুম্বাইয়ের বুকে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এবার উদ্যাপিত হবে ‘ল্যাকমে ফ্যাশন উইক–২০২২’।
আজ, অর্থাৎ মঙ্গলবার থেকে জিও গার্ডেনসে বসতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক–২০২২-এর আসর। আজকের শো শুরু হতে হতে রাত ১২টা। তাই বলা হচ্ছে, পাঁচ দিনের এই ফ্যাশন উৎসব ১২ অক্টোবর শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। আজ রাতে খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্নার প্রদর্শনী দিয়ে ল্যাকমে আসরের শুভসূচনা হবে।
পাঁচ দিনের এই আয়োজনে ফ্যাশনপ্রেমীদের জন্য থাকবে উৎসব আর শীতকালীন পোশাকের নানান সম্ভার। প্রতিবারের মতো এবারও ফ্যাশন দুনিয়ার নামজাদা ডিজাইনারদের সঙ্গে পাল্লা দেবেন নবীন ডিজাইনাররা। ল্যাকমে ফ্যাশন উইকের এবারের আয়োজন জমে উঠবে শান্তনু-নিখিল, পারস-শালিনী, আব্রাহাম-ঠাকরে, সত্যাপল, সাক্ষা-কিন্নি, গৌরী-নয়নিকা, অমিত আগরওয়াল, আয়শা রাও, গৌরাঙ্গ শাহ, পায়েল সিংঘল, অনুশ্রী রেড্ডি, সোনম-পারস মোদি, অমিত ঠাকুর, পঙ্কজ-নিধি, গৌরব গুপ্তা, সংযুক্তা দত্ত, নচিকেত ভার্বে, শ্যামল-ভূমিকা, রীনা ঢাকা, পবন সচদেবার মতো ডিজাইনারদের অংশগ্রহণে।
তবে সবচেয়ে বড় চমক থাকবে ল্যাকমে ফ্যাশন উইকের শেষ রাতে। এবারের শেষ রজনী মাতাবেন প্রবীণ ডিজাইনার রাজেশ প্রতাপ সিং। এই রাতকে আলোকিত করবেন বলিউডের তরুণ তারকা ম্রুণাল ঠাকুর। রাজেশের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হাঁটবেন তিনি। সব মিলিয়ে ল্যাকমের এবারের আয়োজন হতে চলেছে বিগত কয়েক বছরের তুলনায় সবচেয়ে জমজমাট।