সাজ পোশাক
সতেজ সারা দিন
গরমে আরাম পাওয়া যাবে এ ধরনের উপকরণই এখন বেছে নিচ্ছেন পুরুষেরা। হালকা রং, নকশায় প্রকাশ পাচ্ছে সতেজতাও।
অতিমারির পর থেকেই পৃথিবীজুড়ে আরাম ও স্বস্তিদায়ক পোশাক বেশি জনপ্রিয়। এ ধরনের পোশাক বলতে ক্যাজুয়াল ও স্ট্রিট স্টাইলকেই বোঝায়। বৈশ্বিক ট্রেন্ডে এ দুই ফ্যাশন ধারায় তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে পোলো শার্ট। গরমে ছেলেদের জন্য এটি বেশ জুতসই। পোলো শার্টের কাপড় একই সঙ্গে মসৃণ ও পাতলা। একটা সময় পোলো বলতে শুধুই একরঙা পোশাক বোঝাত। কিন্তু এখন স্ট্রাইপ ও প্রিন্ট—দুই-ই দারুণ জনপ্রিয়। তবে পোলো কেনার সময় মাথায় রাখতে হবে এর কলারের রিব ফ্যাব্রিক যেন ভালো মানের হয়। স্টাইল যদি করতে চান, তাহলে পোলোর বোতামের দিকে খেয়াল রাখুন। ডিজাইনে এটি বড় ভূমিকা পালন করে। শুধু পোলা নয়, যেকোনো ধরনের ক্যাজুয়াল পোশাকেই বোতাম খুবই গুরুত্বপূর্ণ। বোতামগুলো একটু মোটা এবং কাপড়ের বিপরীত রঙের হলে বেশি মানাবে। আর পোলোর ফ্যাশন এখন পৌঁছে গেছে করপোরেট হাউস পর্যন্ত। কারণ, মার্জিত রং ও ডিজাইনের একটি পোলোর সঙ্গে চিনোস ও লোফার অনেকটা সেমিফরমাল লুক তৈরি করে।
একসময় গরমের পোশাক মানেই ছিল সাদা। কিন্তু এখন সামার প্যালেটে উজ্জ্বল রংও স্থান পাচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও বেছে নিচ্ছে কমলা, ল্যাভেন্ডার, মিনারেল পিংক বা ওয়াটার ইয়েলো। আবার ছাই, খাকি, বিস্কুট, কফি, চাপা সাদা রংগুলোও জনপ্রিয়। সাদা শার্ট সব সময়ই ট্রেন্ডি। লুকে পরিবর্তন আনতে চাইলে শার্টের ক্ষেত্রে স্ট্রাইপকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ক্যাজুয়াল শার্টে প্রিন্টের জায়গা সর্বদাই আছে। তবে গরমের বিষয়টি মাথায় রাখতে হবে। এ ক্ষেত্রে রঙিন প্রিন্টের সুতির শার্ট জুতসই।
খুব ভারী কাপড় এড়িয়ে চলাই ভালো এ সময়। প্যান্ট হিসেবে নিট ডেনিম বা গ্যাবার্ডিন কাপড়ের চিনোসই সবচেয়ে আরামদায়ক। চিনোসের রংও এখন স্টাইল স্টেটমেন্টের অংশ। আগে কিছু সাধারণ রঙের চিনোসই ছিল সঙ্গী। কিন্তু এখনকার ফ্যাশন উজ্জ্বল রঙিন। মানে, উজ্জ্বল রংগুলো বেশি প্রাধান্য পায় বর্তমান ধারায়। তাই চিনোসে নীল, লাল, হলুদ, সবুজ বা এসব রঙের নানা ধরনের শেড শোভা পাচ্ছে চলতি ফ্যাশনে। পাশাপাশি লিনেনের তৈরি প্যান্টগুলোতে প্রাধান্য পাচ্ছে উজ্জ্বল রং আর ঢিলেঢালা কাট।
চিনোস কিংবা নিট ডেনিম ছাড়াও এ সময়ের চলতি ধারায় রয়েছে ঢিলেঢালা ট্রাউজার এবং শর্ট প্যান্ট। এগুলোতেও রয়েছে রঙের ছোঁয়া। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্লাব হাউসের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নিশিতা পাটোয়ারী বলেন, সত্তর এবং নব্বই দশকের ধারাগুলো আবার জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন ট্রাউজার এবং শর্ট প্যান্ট। ছেলেদেরও এখন পছন্দের তালিকায় রয়েছে রঙিন পোশাক। তাই শার্ট, টি-শার্ট এবং পোলো শার্টের প্রিন্টেও দেখা যায় রঙের বাহার। আবার একরঙা হলেও সেগুলোতে প্রাধান্য পায় উজ্জ্বল রং। সুতি এবং লিনেন এই দুই কাপড়ের পোশাকের চাহিদাই এখন সবচেয়ে বেশি। আবার কিছু পোশাকে রয়েছে পুরোনোর ছোঁয়া। ট্রেন্ডে যা রেট্রো স্টাইল হিসেবে পরিচিত। যেমন একদম ওয়াশ ছাড়া ডেনিম বা কর্ড প্যান্ট। লিনেন কাপড়ের প্রিন্ট শার্ট, হাওয়াই এবং হাভানা শার্ট।
গরমে লোফারই সবচেয়ে আরামদায়ক জুতা। ভালো মানের চামড়ায় তৈরি লোফার ওজনে হালকা এবং পরতে আরামদায়ক। ক্যাজুয়াল শার্ট, চিনোস বা ডেনিমের সঙ্গে লোফার পরার আরেকটি সুবিধাও রয়েছে। এটি ইন করে পরলে সেমিফরমাল লুক এনে দেয়, আর ইন ছাড়া পরলে সম্পূর্ণ ক্যাজুয়াল। নানা রকম পুরোনো ডিজাইনের জুতাও চলছে বেশ। যেমন নব্বইয়ের স্নিকারগুলো ফিরে এসেছে। যেগুলোতে রয়েছে উজ্জ্বল রঙের কারুকাজ। আবার গরমে আরাম দিতে নানা ধরনের স্লিপারের কোনো বিকল্প নেই। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাস্কেটবল স্লিপার। এ ছাড়া স্ট্রাইপ, প্রিন্ট, নানা রঙের লোগোর ডিজাইনের রেট্রো স্লিপারও রয়েছে ট্রেন্ডে।
আবহাওয়া যেমনই হোক, তাই বলে তো আর নিজের ফ্যাশনের সঙ্গে সমঝোতা চলে না। প্রতিদিনের স্টাইল স্টেটমেন্ট নিয়ে এ সময়ের তরুণেরা সবাই সচেতন। নানাভাবে নিজেকে তুলে ধরার বিভিন্ন কৌশল বর্তমানে কম-বেশি সবারই জানা। এমনই একটি কৌশল হচ্ছে, সাধারণ পোশাকের সঙ্গে তৃতীয় কোনো পোশাক যোগ করে নিজস্ব লুক তৈরি। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি সহজ। মেয়েদের যেমন সাধারণ পোশাকের সঙ্গে একটি সামার জ্যাকেট, ভেস্ট, স্কার্ফ, পঞ্চ অথবা স্টেটমেন্ট অ্যাকসেসরিজ যোগ করলেই চলে। ছেলেদের ক্ষেত্রে তৃতীয় পোশাকটি বেশ সীমাবদ্ধ। ঘড়ি, জুতা, রোদচশমা, স্কার্ফের মতো অনুষঙ্গ ছাড়া আর কিছু নেই বললেই চলে। কিছু ক্ষেত্রে দাড়ির স্টাইল বা ক্লিন শেভও হতে পারে স্টাইল স্টেটমেন্টের অংশ। তবে অস্বস্তিকর গরমে ক্লিন শেভ দিতে পারে কিছুটা স্বস্তি। পাশাপাশি রোদচশমার ধরনও নির্ভর করে বেয়ার্ড বা ক্লিন শেভ লুকের ওপর। সানগ্লাসের ট্রেন্ডেও রয়েছে নব্বইয়ের ছোঁয়া। স্টেটমেন্ট, সিনক্রো বা এভিয়েটর সানগ্লাস তরুণদের কাছে এখন জনপ্রিয়। সানগ্লাসে এখন লাল, হলুদ, গোলাপি, সবুজ, নানা রঙের শেডও দেখা যাচ্ছে। স্টাইলের সঙ্গে নিজের সতেজতা দীর্ঘ সময় ধরে রাখতে বডি স্প্রে বা পারফিউম হতে পারে ভালো এবং আকর্ষণীয় অনুষঙ্গ।