বিশ্বের সেরা ধনী, ১৯ লাখ কোটি টাকার মালিক কে এই বার্নার্ড আর্নল্ট?
ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নেই। কিছু সময়ের জন্য তিনি এই ‘পদ’ হারিয়েছেন লাক্সারি ফ্যাশন পণ্যের ব্যবসায়ী, লুই ভুঁতোর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্টের কাছে। ‘কিছু সময়ের জন্য’ কেননা, টেসলা মটরসের শেয়ারের দাম বাড়লেই আবার ইলন ফিরে পাবেন বিশ্বের সেরা ধনীর মর্যাদা।
ফোর্বসের হিসাব অনুযায়ী বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার। মানে ১৯ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা!
বিশ্ব ফ্যাশনে কতটা জনপ্রিয় এই লুই ভুঁতোর বিলাসদ্রব্য? ফরাসি এই ব্র্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড। ব্রিটেনের রাজপরিবারের দুই ফ্যাশন–দুরস্ত বউমা কেট মিডলটন ও মেগান মার্কেল। জনসমক্ষে তাঁদের প্রায়ই ব্যবহার করতে দেখা যায় বার্নার্ডের সংস্থার তৈরি বিলাসদ্রব্য। বাদ যাননি ডায়ানাও। তাঁর হাতেও বহুবার দেখা গিয়েছে এই ব্র্যান্ডের ব্যাগ।
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। আর ফ্যাশন আইকন হিসেবে এ বছর তিনি প্যারিস ফ্যাশন উইকের লালগালিচায় হাজির হন লুই ভুঁতোর ধূসর রঙের পোশাকে। সঙ্গে কোনো অলংকার ছিল না (অবশ্য অলংকারের চেয়ে পোশাকটাই জমকালো আর দামি)! কেবল হাতে ছিল এই ফ্যাশন ব্র্যান্ডের ব্যাগ। সেটিও অলংকারের চেয়ে কোনো অংশে কম নয়।
কেবল লুই ভুঁতোই নয়, বিশ্ব ফ্যাশন, জুয়েলারি আর অ্যালকোহলের যত বড় বড় বিলাসবহুল ব্র্যান্ডের নাম আপনি জানেন, তার প্রায় সব কটিরই মালিক তিনি। কেবল এলভিএমএইচের মালিকানায়ই রয়েছে বিশ্বের বেশকিছু বড় প্রতিষ্ঠান। সেই এলভিএমএইচের একটি বড় অংশের শেয়ারের মালিক ৭৩ বছর বয়সী ফরাসি এই ব্যবসায়ী।
এ ছাড়া গুচি, বুলগারি, ক্রিশ্চিয়ান ডিওর, ফেন্দি, গিভেঞ্চি, টিফানি অ্যান্ড কো., হেনেসি, মোয়েট, স্টেলা ম্যাককার্টনি, সেফোরাসহ অসংখ্য হাই লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম মালিক তিনি।
ব্যক্তিজীবনে দুবার বিয়ে করেছেন বার্নার্ড আর্নল্ট। পাঁচ সন্তানের বাবা তিনি। আর্নল্টের পাঁচ সন্তানই বাবার ব্যবসায়ের সঙ্গে যুক্ত।