এবার ঈদে কী পরবেন
ঈদের আগেই ফ্যাশন হাউসগুলোতে সবাই ভিড় জমাচ্ছেন পছন্দের পোশাকটি বেছে নিতে। তার আগে চলতি বছরের ফ্যাশনধারার খোঁজ জানাচ্ছেন আফরিদা ইফরাত
আজ যেটি হাল ফ্যাশন, কালই হয়তো সেটা পুরোনো। ফ্যাশনধারায় সব সময়ই পরীক্ষা-নিরীক্ষা চলে। আমাদের দেশে বড় কোনো উৎসব বা উপলক্ষ আসার পরই ফ্যাশন ট্রেন্ড নিয়ে মনোযোগ বাড়ে। ফ্যাশন হাউসগুলোও দিবস আর উৎসব ঘিরেই সাজায় তাদের পসরা। প্রতিবছর ঈদে ফ্যাশন হাউসগুলো কিছু ধারাও তৈরি করে। এবারও তা দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল, এবারের ঈদসংগ্রহে মহামারির দুই বছরের রেশ কাটিয়ে ফিরেছে উৎসবের রং। এবার গ্রীষ্ম মাথায় রেখে বেশির ভাগ হাউসেই রঙের উজ্জ্বল ব্যবহার বা ফুলেল মোটিফ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কুঁচি দেওয়া পোশাকের রাজত্ব চলছে এবার। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিকোয়েন্স বা গ্লিটারের ব্যবহার। পোশাকে গ্লিটারের ট্রেন্ড এবার আন্তর্জাতিকভাবেই চলছে। তরুণীদের পোশাকে কাপড়ের ক্ষেত্রে সুতির ব্যবহার হয়েছে কম। প্রাধান্য পেয়েছে ভিসকস বা ব্লেন্ডেড কাপড়। এ ছাড়া এবার পালাজ্জো বা শারারা পায়জামার চল ফিরেছে।
ফ্যাশন হাউস কে ক্র্যাফট এবার মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক দিয়ে পোশাকের নকশা করেছে। তাদের আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহী থ্রি–পিস, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লেটেডসহ বৈচিত্র্যময় নানা প্যাটার্নের সালোয়ার–কামিজ। ডাবল লেয়ারড সালোয়ার–কামিজ, লম্বা কুর্তি, টপ, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, প্যান্টসহ টপ, স্কার্টেও আছে ভিন্নতা।
চলতি ধারায় আছে কী
তরুণীদের পোশাকে এবার নানা রকম ধাতব উপকরণ, প্লামেরিয়া, মাড আর্ট, পদ্ম, ডট ম্যান্ডালা, কাতান, আলাম, মোগল আর্চ ও কাশ্মীরি মোটিফের অনুপ্রেরণা দেখা যাচ্ছে। এ ছাড়া জ্যামিতিক নকশা, ফুলেল নকশা, জামদানি নকশা, কাঁথার ফোঁড়, ট্রাইবাল নকশা, গ্রিক আর্চ ও ইসলামিক মোটিফে তৈরি হয়েছে তরুণীদের কামিজ, টপ, কুর্তা। পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরামকে গুরুত্ব দেওয়া হয়েছে সেসব পোশাকে।
কে ক্রাফটের জ্যেষ্ঠ ডিজাইনার শরীফুল হুদা বলেন, এ বছর ফ্লোরালটি বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এই নকশা কিছুটা ওয়েস্টার্ন কাটের পোশাকের সঙ্গে মানানসই। সেই সঙ্গে দেশীয় ঢঙের একটি অংশ দিয়ে সহজেই ফিউশন করে পরা যায়। তরুণীদের কাছে ইতিমধ্যে ওয়াটার কালার, পেস্ট, হালকা সবুজ রঙের জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এ ছাড়া হালকা আকাশি শেড, প্যাস্টেল শেড, গোলাপি শেডের ড্রেসও আছে চাহিদায়।
এবার সুতি, হ্যান্ডলুম কটন, চিনিগুড়া কটন, লিনেন, টিস্যু, জর্জেট, সিল্ক, ধুপিয়ান সিল্ক, হাফ সিল্ক, সামু সিল্ক, ক্রিস্টাল সিল্ক, পেপার সিল্ক, মসলিন, কোটা মসলিন, টু-টোন, অরগাঞ্জা ইত্যাদি কাপড় বেশি দেখা যাচ্ছে। নকশা করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্টের মাধ্যমে।
রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, লাল, কমলা, ক্রিমসন রেড, পেস্ট, কালো, টারকুইস, নেভি, পিচ, হালকা গোলাপি, অ্যাশ, জলপাই, অ্যাকুয়া গ্রিন, বেগুনি, ল্যাভেন্ডার, ব্রাউন, অফ হোয়াইট, ইন্ডিগো, ম্যাজেন্টা, মাস্টারড ইয়েলোসহ নানা রং।
লা রিভের স্বত্বাধিকারী মন্নুজান নার্গিস বলেন, ‘বৈশ্বিক দুর্যোগের পর এই বছরে উৎসবমুখর একটি ভাব আনতে চেয়েছি আমরা। আমাদের সংগ্রহের প্রধান রং এবার কমলা। আর পরিপূরক রং হিসেবে আছে ল্যাভেন্ডার ও গোলাপি। পোশাকের কাটে এবার ট্রেইট ভাবটা বেশি।’
এর বাইরেও বিভিন্ন উজ্জ্বল রং, যেমন লেমন, ধূসর, হলুদ, উজ্জ্বল নীল ব্যবহৃত হয়েছে। এ ছাড়া দামি পোশাকের ক্ষেত্রে মসলিন, টেনসিল ব্যবহার করা হয়েছে। গত বছরের মতো এবার অ্যাসিমেট্রিক হেমলাইন পোশাকে নেই। সাধারণ কামিজ, ফ্রক স্টাইল ও লম্বা কামিজ এবার প্রচুর এসেছে। হাতার ক্ষেত্রে গত বছর কুঁচির কাজ করা হয়েছিল। এ বছর স্ট্রেইট ও প্লেইন হাতা এসেছে। এ বছর সিম্পলই সবচেয়ে বড় ট্রেন্ড। আন্তর্জাতিকভাবে এ বছরের প্রধান রং ল্যাভেন্ডার। তাই সেই রঙের শেড দিয়ে সাজানো হয়েছে অনেক ফ্যাশন হাউসের আলাদা সংগ্রহ।
সারা লাইফস্টাইলের পরিচালক শরীফুন রেবা জানান, ‘ট্রেন্ডের পাশাপাশি আমাদের পোশাকটি সব সময় মানুষের ক্রয়সীমার ভেতরে রাখতে চেষ্টা করি। সারা এবার সুতি কাপড় নিয়ে বেশি কাজ করেছে। সুতি কাপড় সহজেই ঘাম শুষে নিতে পারে এবং আরামদায়ক হয়। গরমে ঈদ, তাই এই সিদ্ধান্ত।’
সুতিকে প্রাধান্য দিলেও অন্য কাপড়ের পোশাকও আছে সারার সংগ্রহে এবং মজার বিষয় হচ্ছে, এরই মধ্যে ঈদের কেনাকাটায় তরুণেরা বেশি পছন্দ করছেন ভিসকস বা গ্লসি ফেব্রিকের পোশাক। জ্যাকেট ও শ্রাগের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফ্লেয়ারড বা কুঁচি দেওয়া পোশাক ইতিমধ্যে বেশি বিক্রি হচ্ছে বলে জানা যায় একাধিক হাউসের বিক্রয়কর্মীদের কাছে।
চাই অন্য রকম কিছু
ঈদে ভিন্নধর্মী কিন্তু বৈচিত্র্যময় আয়োজনের ক্ষেত্রে ক্লাব হাউস বরাবরই জনপ্রিয়। ক্লাব হাউসের ডিজাইনার ইফতেখারুল ইসলাম বলেন, ‘প্রতি সিজনে আমরা ক্যাপসুল কালেকশন করি, যার চারটি বেসিক লাইন আছে। দাম, বিশেষত্ব, নকশা ও ট্র্যাডিশনাল লাইনের ভিত্তিতে আমরা কালেকশন তৈরি করি। প্রতিটি লাইন অনুসারে আমরা বরাল, আত্রাই, মোগলা নামে ক্যাপসুল সংগ্রহ করি। এবারও সেই ধারা আছে।’
ক্লাব হাউসের চারটি লাইনে ফ্লোরাল সংগ্রহ ইতিমধ্যে তরুণদের মনোযোগ আকর্ষণ করেছে। মূলত ক্লাব হাউসের সামার ঈদ কালেকশন হওয়ায় এই পোশাকগুলো অনেক আগেই তারা বাজারে নিয়ে আসে। তবে ফ্যাশন হাউসটির ‘এক্সক্লুসিভ কালেকশন’ বাজারে এসেছে ১০ রোজার পর। যেখানে কাতান কাপড়ের সালোয়ার–কামিজ যুক্ত হয়েছে। ঢাকার মিরপুরের বেনারসিপল্লিতে বোনা কাতান দিয়েই এসব সালোয়ার–কামিজ করা হয়েছে। কাতানকে কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করে মখমলের মতো অন্য উপকরণ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া তরুণদের জন্য হোয়াইট, গোল্ডেন ও সিলভার কালেকশনের আয়োজন আছে ক্লাব হাউসে। ঈদের মতো পবিত্র উৎসবে শুভ্রতার বহিঃপ্রকাশে সাদা, সোনালি ও রুপালি রঙের ব্যবহার করা হয়েছে। যেখানে সাদা কাপড়ের ওপর সোনালি বা রুপালি এমবেলিশমেন্ট করে পোশাক বানানো হয়েছে। পশ্চিমা পোশাকের ক্ষেত্রে সমুদ্রের জগৎকে থিমে রেখে একটি অ্যাকুয়া কালেকশন ক্লাব হাউসের। মেরিন লাইফের এই পোশাকগুলো গ্রীষ্মের জন্য সবচেয়ে উপযোগী। কালেকশনটিতে শার্ট ও টপ রাখা হয়েছে, মোটিফ হিসেবে সামুদ্রিক প্রাণী ও সমুদ্রের বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে।
ফ্যাশন হাউসগুলো যাত্রার শুরু থেকেই বিভিন্ন দশককে কেন্দ্র করে রেট্রো কালেকশন সাজায়। এ বছর তারা আশির দশককে প্রাধান্য দিয়ে রেট্রো কালেকশন সাজিয়েছে। আশির দশকের জনপ্রিয় পোশাক ও মোটিফই এখানে প্রাধান্য পেয়েছে। ট্রপিক্যাল ফ্লোরাল ও পাখি মূলত তরুণদের জন্য বিশেষায়িত পোশাক। এবার তরুণীরা একটু লুজ ফিট পোশাকের দিকেই বেশি ঝুঁকবেন বলে মনে করেন ডিজাইনাররা। কারণ, হাল ফ্যাশনে এবার কমফোর্টের চাহিদা।
দেশী দশের অন্য সব হাউসের মতো রঙ বাংলাদেশও থিম ধরে এবার ঈদের পোশাক এনেছে। এ বছর পাখির রং থিম হিসেবে বেছে নিয়েছে ফ্যাশন হাউসটি। পোশাকের রঙের ক্ষেত্রে বাংলাদেশের জীববৈচিত্র্য ঠাঁই পেয়েছে এবং নকশার ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ গুরুত্ব পেয়েছে।
হাল ফ্যাশন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ক্রেতারা স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। তরুণদের ক্ষেত্রে তা আরও প্রযোজ্য। ফ্যাশন হাউসগুলো তাই ক্রেতাদের নিবিড় পর্যবেক্ষণেই সাজিয়েছে নিজ নিজ কালেকশন।