মেটালিক আরামদায়ক গাউনে গ্রিক দেবীরূপে আলিয়া
সিঙ্গাপুরে হয়ে গেল দ্য টাইম হানড্রেড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড। সারা বিশ্ব থেকে যাঁরা নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ কিছু করেছেন, তাঁদের সম্মাননা জানাতেই এই আয়োজন। এ তালিকায় বিনোদনজগতের প্রতিনিধি হিসেবে একজন ভারতীয় তারকার নামই শুধু এসেছে। তিনি আলিয়া ভাট।
এ আয়োজনে অভিনেত্রী ও প্রযোজক আলিয়া ভাট যেভাবে লালগালিচায় হেঁটেছেন, তা তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এদিন মা হতে চলা আলিয়ার পরনে ছিল মেটালিক গাউন। আর বিশেষ এই লালগালিচা মুহূর্তের জন্য আলিয়া ভিনদেশি কোনো নামী ব্র্যান্ডের পোশাক পরেননি। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে তুলে ধরেছেন দেশীয় তরুণ নারী ডিজাইনারের মেধাকে। এই আয়োজনের জন্য বিশেষভাবে গাউনটি তৈরি করেছে গৌরী অ্যান্ড নিকিতা লেবেল। ভারতের দিল্লিভিত্তিক এই পোশাকের ব্র্যান্ডটি অল্প সময়েই আলোড়ন ফেলে প্রতিষ্ঠা পেয়েছে ফ্যাশনবিশ্বে।
লম্বা দৈর্ঘ্যের গাউনটি মেটালিক লুকের হলে কী হবে, দেখে মনে হয় শরীরে ওপর পড়ে রয়েছে। এটিই এই পোশাকের বিশেষত্ব। জমকালো হওয়া সত্ত্বেও আরামদায়ক। লালগালিচায় গর্ভাবস্থার সময়েও যে ফ্যাশনেবল লুকে হাজির হওয়া যায়, তা-ই দেখালেন আলিয়া। গাঢ় জলপাই-ব্রোঞ্জরঙা এই মেটালিক গাউনের পেছনে ছড়ানো রয়েছে রাজকীয় এক ছড়ানো কেপ। আর পোশাকের ডিজাইনটা এমন যে বেবি বাম্পটাই নজরে পড়ছে বেশি।
বরাবরের মতোই আলিয়া এমনভাবে মেকআপ করেছেন, যেটুকু না করলেই নয়। হাতের আঙুলে কয়েকটি লিঙ্গনিরপেক্ষ আংটি। কানে একটি ঝলমলে দুল। হাতে ছিল কঙ্কণ আর চিকন চুড়ি। চোখের সাজও আবছা, স্মোকি। মাসকারা, আইল্যাশ মিলিয়েও সাজটা যেন খুঁজে বের করে নিতে হয়। হালকা ন্যুড গ্লসি ঠোঁট, গালে হালকাভাবে কনটুরিং করা। ঢেউখেলানো চুলগুলোকে কাঁধের ওপর ছেড়ে দিয়েছেন অবাধ স্বাধীনতা—ব্যস, এই তো। আলিয়ার এই রূপ ভোলা কঠিন। অনেকেই আলিয়াকে এই রূপে তুলনা করছেন গ্রিসের কোনো কাল্পনিক দেবীর সঙ্গে। মন্তব্য করেছেন ‘যেন গ্রীক দেবী’।