মেট গালায় ডিজাইনারের আদরের বিড়ালকে সম্মান জানালেন তারকারা

কার্ল লাগেরফেল্ডের পোষা বিড়াল শুপেটও কিন্তু বিখ্যাত। বিখ্যাত ডিজাইনারের পোষা বিড়াল বলে কথা। শুপেটকেও সম্মান জানানো হয়েছে ফ্যাশনের মাধ্যমে। হাতে গোনা হলেও কয়েক তারকা শুপেটের কথা স্মরণ করে সাজে রেখেছিলেন বিড়ালের ধাঁচ।

বিড়ালের স্যুট পরে এসেছিলেন অভিনেতা জেয়ার্ড লেটোছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল হয়ে গেল ‘মেট গালা ২০২৩’। তারকারা সেজেছিলেন নির্দিষ্ট একজন ব্যক্তিকে সম্মান জানাতে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউট কিংবদন্তি ডিজাইনার কার্ল লাগেরফেল্ডকে শ্রদ্ধা জানাচ্ছে এ বছর ফ্যাশনে তাঁর অবদানের জন্য। মেট গালা ২০২৩-এর থিম ‘কার্ল লাগেরফেল্ড—সৌন্দর্যের একটি ধারা’।

দোজা ক্যাটের বিড়াল সাজ
ছবি:এএফপি

তারকাদের পোশাকে এই ডিজাইনারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। তাঁর নকশা করা পুরোনো পোশাকের নতুন ধারাও তুলে ধরেছেন অনেকে। তবে শেষ মুহূর্তে এটাও অনুমান করা হচ্ছিল ডিজাইনারের পোষা বিড়াল শুপেটকেও সম্মান জানানো হবে ফ্যাশনের মাধ্যমে। বিখ্যাত ডিজাইনারের পোষা বিড়াল বলে কথা। হাতে গোনা হলেও কয়েক তারকা শুপেটের কথা স্মরণ করে সাজে রেখেছিলেন বিড়ালের ধাঁচ।

উপস্থাপক জেমস করডেন এবং অনলাইনভিত্তিক তারকা ও মডেল এমা চেমবারলিন দুজনেই ‘শুপেট নীল’ রঙের শেডের পোশাক বেছে নিয়েছিলেন। এই শেড স্বয়ং কার্ল লাগেরফেল্ড নিজে তৈরি করেছিলেন প্রিয় বিড়াল শুপেটের চোখের রঙের প্রতিফলক হিসেবে।

এমা চেমবারলিন ‘শুপেট নীল’ রঙের পোশাকে
ছবি: এএফপি
উপস্থাপক জেমস করডেনের নীল স্যুট
ছবি: এএফপি

সংগীতশিল্পী দোজা ক্যাট নিজের নামের প্রতি সততা বজায় রেখে বিড়াল সাজেই সেজে এসেছিলেন। চেহারা ও নখে যতটা সম্ভব বিড়ালের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন। অস্কার ডে লা রেন্টার গাউন পরেছিলেন দোজা ক্যাট। রূপালি পোশাকটির নিচের অংশ কিছুটা প্রবহমান ছিল, যুক্ত করা ছিল সাদা পশম। মাথার ওপর বসানো হুডটিতে বিড়ালের কানের নকশা প্রকাশ পেয়েছে। অভিনেতা জেরার্ড লেটো পুরোপুরি শুপেট হয়েই যেন এসেছেন। শুপেটের আদলে বানানো বিড়াল স্যুট (ফারস্যুট) পরেছিলেন।

ক্লোয়ি ফাইনম্যানের হাতে ধরা গোলাপি বিড়ালের ব্যাগ
ছবি: এএফপি

অভিনেত্রী ও লেখক ক্লোয়ি ফাইনম্যানের হাতের ছোট বিড়ালটিও শুপেটকে চিন্তায় রেখে বানানো হয়েছে। বেচারি এই অভিনেত্রী মেট গালায় আসার সময় যানজটে বসে ছিলেন অনেকক্ষণ। এ কারণে একপর্যায়ে তাঁর পরনের পোশাকটির পেছনের একটি জায়গার কাপড় ফেঁসেও যায়। গায়িকা ও অভিনেত্রী জেনেল মৌনের হাতে সাজের অনুষঙ্গ হিসেবে ছিল চামড়ার তৈরি সাদা রঙের বিড়াল আকারের একটি বড় ব্যাগ।

জেনেল মৌনের হাতের ব্যাগটি ছিল বিড়াল আকৃতির
ছবি: এএফপি

মেট গালার পোশাকটির সঙ্গে নিজের বিড়াল এডওয়ার্ড ও শুপেটের যে সম্পর্ক আছে, তার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে মেট গালার ছবি পোস্ট করে একদম শেষে লিখে দিয়েছেন, ‘ওহ্, আর এটা সাদা—আমার শুপ-এডের জন্য।’ এই দুটি বিড়ালের রঙের সঙ্গে মিলিয়ে নিজের পোশাকটির রং-ও রেখেছেন একদম সাদা।

আলিয়া ভাটের মুক্তা বসানো সাদা পোশাক
ছবি: এএফপি
কার্ল লাগেরফেল্ডের পোষা বিড়াল শুপেট
ছবি: শুপেটের ইন্সটাগ্রাম থেকে নেওয়া

যে বিড়ালকে স্মরণ করে তারকারা পোশাক বেছে নিয়েছেন, সে কিন্তু বাড়িতেই বসে ছিল। সে যে মেট গালায় আসছে না, সেটা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও দেওয়া হয়েছে ইংরেজি ও ফরাসি ভাষায়।

‘আমার ভক্ত, পশুপ্রেমিক ও বাবার ভক্তদের এক মিলিয়ন ধন্যবাদ। আপনারা যে আন্তরিক উৎসাহ ও নিঃশর্ত সমর্থন দেখিয়েছেন, তাতে আমি জানাচ্ছি ধন্যবাদ! অনেকেই বাবার প্রতি শ্রদ্ধা জানাতে আমাকে মেট গালা ২০২৩-এর লালগালিচায় হাঁটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমরা বাড়িতে শান্তিপূর্ণ ও আরামদায়কভাবে থাকতে পছন্দ করেছি। বাবার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আমরা প্রতিদিন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি আরও একটি দিন তাঁকে উৎসর্গ করা হয়েছে দেখে।

ভালোবাসার সঙ্গে, চিরকাল শুপেট’