স্বস্তিকার পরনে বাংলাদেশের ‘রওশন’
বাংলাদেশের অনেকের প্রিয় নায়িকার তালিকায় আছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম। অভিনয় প্রতিভা ছাড়াও শক্তিশালী, সাহসী ব্যক্তিত্ব আর ফ্যাশন দিয়েও হাজারো ভক্তের মন কেড়ে নিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ভারমিলিয়নের কাছ থেকে দুর্গাপূজায় একটি শাড়ি উপহার পেয়ে উচ্ছ্বসিত এই ভারতীয় বাঙালি অভিনেত্রী। এই শাড়ি পরেই কলকাতার রেড রোডে দুর্গাপূজার একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
ইনস্টাগ্রাম পোস্টে স্বস্তিকা লেখেন, ‘আমি যে শিল্পমাধ্যম নিয়ে কাজ করি, এর সবচেয়ে দুর্দান্ত ব্যাপার হলো আমি বিশ্বের নানা প্রান্তের মানুষের সংস্পর্শে যাই। আর তাঁদের কাছ থেকে ভালোবাসা কুড়াই। তাঁদের শিল্প আর সৃষ্টির ভেতর দিয়ে ভালোবাসা পাই। এই যেমন ভারমিলিয়ন থেকে এই শাড়িটি আমি এবার পূজায় উপহার পেয়েছি। (ভারমিলিয়নের দুই উদ্যোক্তা) ইফফাত আর ইমতিয়াজ ঢাকা থেকে কলকাতা এসেছে দুর্গাপূজা দেখতে। আমার সঙ্গে ওদের দেখা হলো, কথা হলো।’ স্বস্তিকা তাঁর পোস্ট শেষ করেন এভাবে, ‘আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের পুজোর অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশের জন্য। তোমরা সুন্দর মানুষ সুন্দর থেকো।’
এই পোস্টে ইফফাত আরা আর ইমতিয়াজ রাসেলের সঙ্গে তোলা ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন স্বস্তিকা। তিনি পুরোনো নকশা, সংস্কৃতির নানা উপাদানকে নতুন করে নতুনভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরার ভূয়সী প্রসংসা করেন। বিশেষ করে তাঁত ও রেশমশিল্পের পুনর্জাগরণের কথাও উল্লেখ করেন। দেশি এই কাপড়ের ব্র্যান্ডের তৃতীয় উদ্যোক্তা, ইফফাতের বড় বোন ফেরদৌস আরা।
শাড়িটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, এই শাড়ির নাম রওশন। বটল গ্রিনরঙা এই শাড়িটি সিল্কের। ১৩ হাত লম্বা শাড়িটির দাম ৩৯৫০ টাকা। শাড়িটির সঙ্গে স্বস্তিকা যে ব্লাউজটি পরেছেন, সেটি কলকাতার পোশাকের ব্র্যান্ড পরমা থেকে নেওয়া। আর কানের দুলটি নিয়েছেন জনপথ অনলাইন থেকে।
ইমতিয়াজ জানান, মালা শাড়ি মূলত সত্তর আর আশির দশকে বিয়েতে পরা হতো। জরির কাজের শাড়ি। মালা শাড়ির উদ্যোক্তা ও আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের মৃত্যুর পর ইফফাত আরা তাঁর শাড়ির সংগ্রহ ঘেঁটে বের করে আনেন বড় বোন ফেরদৌস আরার শাশুড়ির একটি মালা শাড়ি। সেই শাড়িটি নিয়ে শুরু হয় কাজ।
প্রায় এক বছর ধরে আটটি পর্যায়ে তৈরি হয় শাড়িটি। মালা শাড়ি যে সুতার কাপড়ে তৈরি হতো, তার চেয়ে ভালো সুতা পেয়ে যান তাঁরা। ভেজালমুক্ত জরিও সংগ্রহ করেন। ভারমিলিয়নের সিগনেচার ডিজাইন যুক্ত করে নকশা করেন। শাড়ি তৈরির পর প্রতিবার নিজেরা ব্যবহার করে সমস্যা খুঁজে বের করেন। বিশ্বস্ত ক্রেতাদের পাঠান। তাঁদের কাছ থেকে সুবিধা–অসুবিধার কথা শোনেন। সেভাবে সংশোধন করেন। এভাবে অষ্টমবারের বেলায় তাঁরা মনের মতো শাড়িটি পান। ইফফাত আরার মায়ের নাম অনুসারে শাড়িটির নাম রাখা হয় ‘রওশন’।
স্বস্তিকার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ বললেন, ‘আমরা মেঘালয় ঘুরে কলকাতা এলাম। কালীঘাটে, স্বস্তিকার বন্ধুর ক্যাফেতে তাঁর সঙ্গে দেখা হলো। আমরা তো খুবই উত্তেজিত। আমরা ভেবেছি সর্বোচ্চ আধা ঘণ্টা সময় দেবেন। কিন্তু উনি আমাদের দুপুরে খাওয়ালেন। তিন ঘণ্টার মতো নানা বিষয় নিয়ে আড্ডা হলো। দারুণ সময় কাটল। ঢাকায় আসার পরও উনি খোঁজ নিয়েছেন, ঠিকমতো পৌঁছেছি কি না। বাংলাদেশে এসে গ্রাম আর কক্সবাজার ঘুরতে চেয়েছেন। উনি অমায়িক একজন মানুষ।’
ইমতিয়াজ আরও জানান, ২০০৮ সালের দিকে স্বস্তিকা ঢাকায় এসেছিলেন। স্বস্তিকা শাড়ির ভক্ত। তিনি শাড়ির খোঁজখবর রাখেন। ভারমিলিয়নের এই শাড়িটি তিনি খুব পছন্দ করেছেন বলেও জানান এই উদ্যোক্তা।