আমাদের কাপড়ে প্রাকৃতিক রং ব্যবহারের যে পুনর্জাগরণ হয়েছে, রুবি গজনবীর হাত ধরেই তা হয়েছে। এই মাধ্যমে তাঁর অবদান কেউ অস্বীকার করতে পারবে না। এটা একধরনের বিপ্লবই বলা যায়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কাছ থেকে তহবিল পেয়ে তিনি প্রাকৃতিক রং নিয়ে কাজ শুরু করেন। সেটা ১৯৮২ সালের কথা। সেই সময়ে ভেজিটেবল ডাই প্রজেক্ট (প্রাকৃতিক রং প্রকল্প) নামের একটি এনজিও শুরু করেছিলেন রুবি গজনবী। সেখানে পোশাকে প্রাকৃতিক রং ব্যবহারের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম। তখন থেকেই আপার সঙ্গে পরিচয়। এরপর কারুশিল্প পরিষদে তাঁর কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই।
২০১৯ সালে জামদানি উৎসবের আয়োজন করে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন। ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শিরোনামে এ উৎসবে পুরোনো জামদানির অনুকরণে তৈরি করা হয় নতুন সব জামদানি। ঢাকার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ প্রদর্শনী চলে এক মাসেরও বেশি সময়। উৎসবের প্রস্তুতিতে দুই বছর অবিরাম কাজ করে যান রুবি গজনবী। দেশ ও দেশের বাইরের সংগ্রাহকদের কাছ থেকে পুরোনো জামদানি সংগ্রহ, কর্মশালা ও সেমিনারের আয়োজন, শ্রেষ্ঠ কারুশিল্পীদের পুরস্কার প্রদান করার মতো বড় থেকে ছোট—সব ধরনের কাজের সঙ্গেই তিনি সরাসরি যুক্ত ছিলেন। অতিরিক্ত পরিশ্রমে এ আয়োজনের পরপরই অসুস্থ হয়ে পড়েন রুবি গজনবী।
সারা জীবন প্রাকৃতিক রং নিয়েই কাজ করে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতির স্নাতক ও স্নাতকোত্তর। কাজের আনন্দ বা জব স্যাটিসফেকশন বলে যে কথাটা আছে, তাঁর বেলায় তা পুরোপুরি সত্য। চাইলে লন্ডনেই থাকতে পারতেন, কিন্তু কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন নিজের দেশ। ভারতের সমাজকর্মী কমলাদেবী চট্টোপাধ্যায়ের উৎসাহে তিনি প্রাকৃতিক রং নিয়ে কাজ শুরু করেন। রুবি গজনবীর হাত ধরেই বাংলাদেশে শুরু হয় প্রাকৃতিক রঙের চর্চা। সুপারি, হরীতকী, ইন্ডিগো (নীল) রং নিয়ে কাজ করা শুরু করেন। নীলের চাষ করানোও শুরু করেন। বাংলাদেশে প্রাকৃতিক রঙের কাজ করা পোশাকের চাহিদা প্রথম দিকে উচ্চবিত্ত শ্রেণির মধ্যেই ছিল বেশি। মধ্যবিত্তরাও এখন এ কাজের অনুরাগী। যেকোনো ফ্যাশন-সচেতন মানুষের সংগ্রহেই প্রাকৃতিক রঙের পোশাক আছে।
এ কথা নির্দ্বিধায় বলা যায়, প্রাকৃতিক রঙের এখন যে পরিচিতি, তা এককভাবে রুবি গজনবীর চেষ্টার ফসল। তবে একটি বিষয়েই আটকে থাকতে চাইতেন না তিনি। প্রতিনিয়ত নতুন কোনো মাধ্যম নিয়ে কাজ করতে চাইতেন। পোশাকে নতুন ধরনের নকশা সৃষ্টিতে ছিলেন নিবেদিতপ্রাণ। কারুশিল্প পরিষদে শখের হাঁড়ি, মণিপুরী শাড়ি, শীতল পাটি ইত্যাদি নিয়েও কাজ করেছেন।
দ্বিতীয় রুবি আপা আর কেউ হবেন না। কাজপাগল মানুষ ছিলেন রুবি গজনবী। কাজকে তিনি সন্তানের মতোই দেখতেন। বাংলাদেশের কারুশিল্পের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। পেশা নয়, এটা ছিল তাঁর কাছে নেশার মতো। বাংলাদেশ কারুশিল্প পরিষদেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ওয়ার্ল্ড ক্র্যাফটস কাউন্সিলের সম্মানিত সদস্য ছিলেন রুবি গজনবী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় রঞ্জক কর্মসূচির চেয়ারপারসন হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি ও বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য। তাঁর লেখা দুটি বইয়ের নাম নকশা ও রঙিন।
আমার প্রতিটি কাজেই পাশে থেকে উৎসাহ দিয়ে গেছেন দিনের পর দিন। রুবি গজনবীর প্রতিটি উপদেশ ছিল গ্রহণযোগ্য। সব সময় ভালো মানের কাজ করার, ভিন্ন কিছু করার কথা বলতেন। এখন তো প্রযুক্তির সাহায্যেই অনেক কিছু করা যায়। শাড়িতে নকশা বোনার আগে সেটির অলংকরণ তৈরির পদ্ধতির সঙ্গে তিনি আমাকে পরিচয় করিয়ে দেন। জামদানি উৎসবে যে জামদানিটি আমরা যে চারটি প্রতিষ্ঠান (আড়ং, টাঙাইল শাড়ি কুটির, কুমুদিনী ও অরণ্য ক্রাফটস) বানিয়েছিলাম, সেটা তাঁর সহায়তা ছাড়া সম্ভব হতো না। টাঙ্গাইল শাড়ি কুটিরেও প্রাকৃতিক রং করা পোশাক আছে। তিনি প্রাকৃতিক রঙের সৌন্দর্যকে সব পোশাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। নিজে যে কাজটি শিখতেন, নিজের কাছে সেটা কুক্ষিগত করে রাখতেন না, অন্যদেরও শেখাতে চাইতেন। কারুশিল্প পরিষদের কাজের কারণেই তাঁর সঙ্গে লাওস, মালয়েশিয়া, ভারত, তাজিকিস্তান, চীনে যাওয়া হয়েছে কয়েকবার। শেষ গিয়েছিলাম ইরানে, ২০১৬ সালে।
কাজ করতে করতে কখনো যেন একঘেয়ে বোধ না করি, এ কারণে টেলিফোন করতেন নিয়মিত। কাজকে খুব গুরুত্ব দিতেন। কোনো গাফিলতি নিজেও করতেন না, অন্যদেরও করতে দিতেন না। যে কাজ শুরু করতেন, শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতেন না।
সব সময় আমাদের দেশের সংস্কৃতির মূল বা মৌলিক তা নিয়ে কাজ করতে চেয়েছেন রুবি গজনবী।তাঁর কাজের ধারাকে আরও বেগবান করার দায়িত্ব এখন দেশি ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা—মানে সবার।