বৈশাখের সাজ তুলে ধরলেন লাক্স সুপারস্টার ২০২৫’ বিদুষী বর্ণিতা
বৈশাখ মানেই লাল-সাদার চেনা গল্প, কিন্তু সেই গল্পকেই নতুন করে লিখতে চায় জেন–জি। ঐতিহ্যকেও তারা উপস্থাপন করতে চায় নিজস্ব স্টাইলে। মনে হচ্ছে, এ বছর তাদের বৈশাখী সাজে থাকবে না নিয়মের বাঁধন। বদলে থাকবে নিরীক্ষাধর্মী স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিত্বের স্পষ্ট ছাপ। শাড়ির পাশাপাশি প্রাধান্য পাবে নানা ধরনের পোশাক। পোশাক আর সাজে সেটাই তুলে ধরেছেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিদুষী বর্ণিতা।
যেভাবে বৈশাখে সাজতে পারেন
১.
গরমে আরাম পাওয়া যাবে—এমন সাজই বেছে নিচ্ছে জেন–জি প্রজন্ম। হাতাকাটা সাদা কামিজের ওপর লাল রঙের সুতির কোটি পরতে পারেন। এ বছর গয়না আর চুল বাঁধার অনুষঙ্গে জোর দেওয়া হচ্ছে বেশি। দুই বেণির স্টাইলে জড়ানো থাকুক নানা রঙের ফিতা। হাতে বিডসের মোটা বালা আর কানে ছোট্ট দুল। চোখের ওপরের পাতায় টানা সাদা রঙের চিকন আইলাইনারের কারণে পুরো সাজে এসেছে স্নিগ্ধ আমেজ।
২.
এই সাজে প্রথমেই নজর কাড়বে চোখের রং—উজ্জ্বল বেগুনি রঙের টানা আইলাইনার, যা পুরো সাজকে দিয়েছে আধুনিক ছোঁয়া। আইলাইনের সঙ্গে কমলা রঙের আইশ্যাডো থাকায় আরও বেশি প্রাণবন্ত দেখাচ্ছে চোখ। সাজে স্বাভাবিক আভা বজায় রাখা হয়েছে। গালে হালকা পিচ ব্লাশঅন চেহারায় এনেছে সতেজতা। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি লিপস্টিক পুরো সাজে এনেছে সামঞ্জস্য।
পরিপাটি সিঁথি করে দুটি বেণির খোঁপা বাঁধা হয়েছে। মানিয়ে পরা হয়েছে লম্বা ঝোলানো দুল, যা সাজে এনেছে উৎসবের আবহ।
৩.
চুলের সাজে রয়েছে বৈশাখের আনন্দ—রঙিন সুতায় বানানো কৃত্রিম বেণি। পুরো মাথায় ঘুরিয়ে এক পাশে এনেই আটকানো হয়েছে। এ ধরনের টার্সেল সাধারণত বেণির শেষ প্রান্তে বাঁধা হয়। তবে চাইলে এভাবেও স্টাইল করা যেতে পারে।
চুলের সাজই পুরো লুকের মূল আকর্ষণ, যা উৎসবের আবহকে উজ্জ্বল করে তুলেছে। এ বছর আলতা ব্যবহারের প্রতি একটা ঝোঁক দেখা যাচ্ছে। হাতের সাজে সেটা আনতে পারেন।
৪.
শাড়ির পাড়ের রং চলে এসেছে চোখের আইশ্যাডোতে। চুল কোঁকড়া করে খুলে রাখা হয়েছে। হাতের আঙুল ছুঁয়ে গেছে আলতার রঙে। আঁচল সামনে এনে পরা হয়েছে, একটু ভিন্নভাবে।
বর্ণিতার বৈশাখ
বৈশাখ আমার কাছে একেবারে নতুন কিছু শুরুর প্রতীক। জীবনের একটা দীর্ঘ পথ পেরিয়ে এসে এবারের বৈশাখ যেন আগের মতো নেই। গত বছর ছিলাম অনেকের মধ্যে একজন প্রতিযোগী, আর এখন আমি একজন প্রতিনিধি—এই পরিবর্তনই এবারের উৎসবকে আলাদা করে দিয়েছে। এখন অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে—আমার সাজ, আমার উপস্থিতি, আমার চলাফেরা থেকে কিছু শিখতে চাইতে পারে। তবে আমি মনে করি, সাজ শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; আমি চাই আমার বাইরের প্রকাশে যেন ভেতরের ব্যক্তিত্বেরও প্রতিফলন থাকে, এমনটাই জানালেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী বিদুষী বর্ণিতা।
ছোটবেলায় বৈশাখ ছিল খুব সাধারণ—ঘরেই পান্তা খাওয়া, কখনো মায়ের শাড়ি পরে, ঠোঁটে একটু লিপস্টিক মেখে বাইরে বের হওয়া। এবারের বৈশাখ তাঁর জন্য বিশেষ—নতুন বছরের সঙ্গে সঙ্গে জীবনেও শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। খুব বেশি জাঁকজমক পছন্দ করেন না। নিজেকে সরলভাবেই উপস্থাপন করতে ভালোবাসেন। তবে বৈশাখ যেহেতু রঙিন উৎসব, তাই সাজে থাকবে হালকা রঙের ছোঁয়া। মেকআপের ক্ষেত্রে ন্যাচারাল, গ্লো লুক পছন্দ করেন, যেখানে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাসও ফুটে উঠবে।
বর্ণিতা জানালেন, ‘কীভাবে নিজেকে সাজাতে হয়, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, লাক্স সুপারস্টারের যাত্রায় সেটা আমি শিখেছি, আগে এসব আমার ততটা জানা ছিল না। তাই আগের বৈশাখ আর এখনকার বৈশাখের মধ্যে আমার কাছে বড় পার্থক্য রয়েছে। এখন আমি আরও সচেতনভাবে, আরও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। এই অভিজ্ঞতা আর শেখাকে সঙ্গে নিয়েই এবারের বৈশাখ আমার কাছে নতুন শুরুর মতো।’