লালগালিচার আইকনিক লুক তৈরির পাঁচ টোটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের লালগালিচার লুক দেখতে দেখতে আপনারও নিশ্চয় তাঁদের মতো সাজতে ইচ্ছে করে? এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি হয়তো তারকাদের বাজেটের মতো সবকিছু পাবেন না। কিন্তু আপনার প্রিয় রেড কার্পেট লুক থেকে অনুপ্রাণিত হয়ে নিজের একটা লুক তৈরি করতে তো কোনো বাধা নেই। আপনি হয়তো মেট গালা বা কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখবেন না। তবে আপনার ওয়ার্ডরোবে এ রকম হাই ফ্যাশন থেকে অনুপ্রাণিত পোশাক আর অনুষঙ্গ আপনাকে ফ্যাশনিস্তা হিসেবে এগিয়ে রাখবে অনেকটা। লম্বা বা অন্য রকম দেখতে হাতা, সাহসী সব রঙের পোশাক আর নকশায় একটু নাটকীয়তা—এগুলো না হলে কি আর লালগালিচা জমে?

তারকাদের লুক থেকে অনুপ্রাণিত হয়ে আপনি ‘বাজেট ফ্রেন্ডলি’ একটা লুক তৈরি করতে পারেন
ছবি: সংগৃহীত

শুরুর আগে

তারকাদের ফ্যাশন–দুনিয়ায় পা রাখাটা কি আর অত সহজ। ইনস্টাগ্রামে পোশাকটি দেখে আপনার যতটা সহজ–সরল লাগছে, বিষয়টি মোটেও সে রকম নয়। তারকাদের আইকনিক লুকের পেছনে রূপসজ্জাকর, ডিজাইনার, মেকআপ আর কেশসজ্জাকর মিলে একটা বড় দল থাকে। তাই সবকিছুই যে চাইলে তাঁদের মতো করে ফেলতে পারবেন, সেটা ভাববেন না। তবে তারকাদের লুক থেকে অনুপ্রাণিত হয়ে আপনি ‘বাজেট ফ্রেন্ডলি’ একটা লুক তৈরি করতে পারেন। আর সেখানে রাখতে পারেন নিজের সৃষ্টিশীলতার ছোঁয়া।

১. ফ্যাশনে নাটকীয়তা

বলা হয়ে থাকে, চমক বা নাটকীয়তা ছাড়া লালগালিচার লুক হয় নাকি? আপনি খেয়াল করলে দেখবেন, সব আইকনিক লুকেই এমন কিছু উপাদান আছে, যেটা ওই লুকের আগে সেভাবে প্রচলিত ছিল না। পোশাকের পেছনের লম্বা ট্রেন, বো, ভেইল বা গ্লাভস, জুতা, নারী পুরুষ নির্বিশেষে স্টেটমেন্ট জুয়েলারি, উজ্জ্বল পপ রঙের পোশাক—এগুলো নজর কাড়ে। এ ছাড়া আপনি হয়তো পোশাকটা এমনভাবে পড়েছেন যে আপনার ওপর থেকে চোখ সরানো যাচ্ছে না!

দীপিকার এই পোশাকের কাটিং, রং, ডিজাইন, বো সবখানেই টুইস্ট!
ছবি: সংগৃহীত

২. সাহসী রং

আপনি যদি লাজুক হয়ে বলেন, না, এই টকটকে লাল, নিয়ন, হট পিঙ্ক বা ক্যারট অরেঞ্জ আপনার পক্ষে ক্যারি করা সম্ভব নয়, তাহলে তো চলবে না। এমন কোনো রং থাকবে না, যেটা আপনি পরতে চাইবেন না। সব রঙে আপনাকে স্বাচ্ছন্দ্য হতে হবে। কেননা, রং নিজেই স্বাতন্ত্র্য তৈরিতে সাহায্য করে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন রং আর নকশা। তবে হলিউডের জন্য লালগালিচার সবচেয়ে জনপ্রিয় রং হলো গোলাপি। আপনার ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে নতুন নতুন সব রংকে আপন করে নিন। সব রংই আপনার!

৩. বো

ফ্যাশনের অন্যতম এই ড্রামা ফ্যাক্টরকে আপনি যতই পছন্দ বা অপছন্দ করুন, অগ্রাহ্য করতে পারবেন না। সত্তর আর আশির দশকে লালগালিচার পোশাক তৈরিতে বো নিয়ে ডিজাইনারদের ট্যাগলাইনই ছিল, ‘যত বড়, তত ভালো’। বো নিয়ে পরীক্ষা–নিরীক্ষা কম হয়নি। তবে নিজেকে আপনি যদি ক্রিসমাসের উপহারের মতো দেখাতে না চান, তাহলে পোশাকে একটাই বো রাখুন। সেটা কোমর বা কাঁধের কাছাকাছি কোথাও রাখুন।

বো এর নানা ব্যবহার
ছবি: সংগৃহীত

৪. ভিনটেজ গ্ল্যামার

ফ্যাশনে ভিনটেজ গ্ল্যামার কখনোই পুরোনো হবে না। লালগালিচার ফ্যাশনে ঘুরেফিরে আসবে ভিনটেজ গ্ল্যামার। ‘ওল্ড হলিউড গ্ল্যামার’ কখনোই ‘আউট অব ট্রেন্ড’ হয় না। সাদাকালো গাউন, কলাম ড্রেস, প্যাঁচানো কেশসজ্জা, বড় জুয়েলারি, নজরকাড়া মেকআপ, একটা ফার কোট বা চিক উইন্টার কোট—ঘুরেফিরে এগুলো আসবেই। এ রকম আউটফিটে আপনি ককটেল পার্টি বা সিনেমার প্রিমিয়ার বা কোনো কিছুর প্রচারণা অনুষ্ঠানে যেতে পারেন। তবে বিয়ে বা এ রকম জাঁকজমকপূর্ণ আয়োজনে যদি নিজের দিকে কেড়ে নিতে চান সমস্ত ক্যামেরা আর আগত অতিথিদের মনোযোগ, তাহলে বাদ দিন।

লালগালিচায় কালোর আধিপত্য
ছবি: সংগৃহীত

৫. কালোর বিকল্প নেই

পার্টি ড্রেস হিসেবে কালোর বিকল্প নেই। এখন পর্যন্ত ফ্যাশনিস্তাদের সবচেয়ে পছন্দের রং কালো। রং নিয়ে আপনার ভালো লাগা, মন্দ লাগা সময়ের সঙ্গে বদলায়। কিন্তু কালো যেন ধ্রুবক। তার অবস্থান বদলায় না। বিশেষ করে ফরমাল আউটফিটে কালোর বিকল্প নেই। লালগালিচায়ও কালোর কদর দিন দিন বাড়ছে বৈ কমছে না! যেহেতু কালো অভিজাত আর নিরপেক্ষ রং, এটা নিয়ে নিরীক্ষার অনেক সুযোগ আছে। কালোর সঙ্গে অন্য যেকোনো একরঙা বা প্রিন্টের কাপড় দিয়ে বানানো কিছু আপনাকে ভালো লাগবে। একটা কালো ফিটেড টেইলরড জাম্পসুট আর একটা উঁচু হিল—আত্মবিশ্বাসী আর অভিজাত লুকের জন্য আর কী লাগে!