

বাড়িতে ঢোকার মুখে গুডুর সঙ্গেই প্রথম দেখা হলো। পোষা কুকুর গুডু দশ-এগারো বছর ধরে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সঙ্গে। ব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পান, তা গুডুর জন্য বরাদ্দ। আমাদের পিছে পিছে গুডু চলে এল ঘরে। যেন অতিথিকে অভ্যর্থনা। মিষ্টি হাসি দিয়ে সেলিনা হোসেন বললেন, গুডু অসুস্থ। ওর জন্য সময়টা বেশ কাটে। অনেকের কাছেই এই গুডুর কথা অজানা। ২২ নভেম্বর ঢাকার শ্যামলীর বাড়িতে সেলিনা হোসেনের কাছ থেকে এমন অনেক কথাই জানা হলো।

বসার ঘরে সেলিনা হোসেনের মেয়ে ফারিয়া লারার বিশাল একটা ছবি। পাইলট ফারিয়া লারা ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ বিমান উড্ডয়নের সময় মারা যান। গল্পে-কথায় ঘুরে-ফিরে আসে লারা। মেয়ের স্মৃতি আঁকড়ে আছেন। তাই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ তিনি। সেলিনা হোসেনের বাকি দুই ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। তবে নাতি নাতনি প্রাচ্য, প্রতীচ্য ও রায়ানকে খুব মিস করেন তিনি। যদিও স্কাইপেতে নিয়মিত কথা হয় তাঁর। মাঝেমধ্যে তিনিও ঘুরতে যান ওদের কাছে, ওরাও আসেন।
ঘোরাঘুরি সব সময়ই পছন্দ সেলিনা হোসেনের। অ্যাডভেঞ্চার-প্রিয়ও বলা যায়। ‘বাবার ছিল বদলির চাকরি। নানা জায়গায় থেকেছি। তবে বড় একটা সময় কেটেছে বগুড়াতে। খুব দুরন্ত ছিলাম আমি। বাংলাদেশের সব আনাচকানাচে ঘুরেছি। ভিন্ন ধরনের জায়গায় ঘুরতে ভালো লাগে।’ বলেন তিনি।
দেশের বাইরে গেলেও কেনাকাটা না করে খোঁজ করেন অন্য রকম জায়গার। ব্যস, চলে যান সেখানে। এ জন্য ভ্রমণকাহিনি পড়তেও ভালো লাগে তাঁর।
সাধারণত সকাল সাতটার দিকে ঘুম থেকে ওঠেন। এরপর কিছুক্ষণ হাঁটেন। বাগানের গাছগুলোর যত্ন নেওয়ার সময় পান

তখনই। ইনসুলিন নিয়ে সব পত্রিকা নিয়ে বসেন। খুঁটিয়ে খুঁটিয়ে পুরো পত্রিকা পড়েন। নাশতা খেয়ে লেখালেখি শুরু। কাজ থাকলে বের হন। লেখালেখি যে ঘরে করেন, সেটি দেখতে গিয়ে দেখা পেলাম পুরোনো একটি বেহালার। লাজুক হেসে জানালেন, ছাত্রজীবনে বেহালা গিটার বাজাতাম। ৪০ বছরের পুরোনো এটি। আমার পরে লারাও বাজাত।
পড়ার ঘরে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত লেখার মধ্যেই ডুবে থাকেন। ‘দিনে অন্তত চার-পাঁচ ঘণ্টা লেখালেখি করি। এটি না করলে ভালো লাগে না। সবাই এখন কম্পিউটারে লিখেন। সেটি শিখলেও কাগজে-কলমে লিখতে বেশি আরাম পাই। আবেগ আসে মনে।’ বলেন সেলিনা হোসেন। দুপুরে খেয়ে খানিকক্ষণের ঘুম। বিকেলে কাজ থাকলে বাইরে যান। না হলে চা হাতে ফের লেখালেখি।

একটা সময়ে কফির ভক্ত ছিলেন। এখন চিকিৎসকের পরামর্শে দুধ চিনি ছাড়া চা পান করেন। কফি একদম মানা। দিনে তিন-চার কাপ চা খাওয়া হয়। নয়টায় রাতের খাবার খান। ১১টায় শোয়ার জন্য তৈরি। এর ফাঁকে টিভিতে জনপদের খবর দেখেন। কোথায় কী হচ্ছে জানতেই এ ধরনের খবর তাঁর দেখা হয়।
খাওয়ার প্রতি কখনোই কোনো বিশেষ আগ্রহ ছিল না। খেতে হয় বলেই খেতেন। যেকোনো ফল তাঁর খুব প্রিয় ছিল। এখন তো অসুখের জন্য তাও খেতে পারেন না।
সাজ পোশাকের ব্যাপারেও খুব সাদামাটা। শাড়ি প্রিয় পোশাক তাঁর। জামদানি শাড়ি নিজে কেনেন। তবে বেশির ভাগ শাড়িই উপহার
পাওয়া। জমকালো নকশার শাড়ি পছন্দ করেন না। এখন হালকা ধাঁচের গয়না পরেন।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা অসম্ভব পছন্দ করেন। বই আর লেখা এসব নিয়ে দিন কাটে। আজকাল অবশ্য নিঃসঙ্গতা পেয়ে বসে মাঝেমধ্যে। বাড়িতে কথা বলার মানুষ শুধু তাঁর স্বামী আনোয়ার হোসেন খান। সেলিনা হোসেন চান জীবনের বাকি দিনগুলো আনন্দ নিয়ে বাঁচতে। মন খুলে হাসতে।