বিশ্বের সেরা চার ফ্যাশন সপ্তাহের একটি প্যারিস ফ্যাশন উইক। এই মুহূর্তে রিয়ানার ঝলকানিতে যেন জ্বলে উঠেছে এই ফ্যাশন উইক। ফ্যাশন দুনিয়ায় অন্য সবকিছুকে ঝাপসা করে রিয়ানাকে নিয়েই চলছে আলোচনা।
ফ্রান্সের প্যারিসে পা রেখেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ৩৪ বছর বয়সী মার্কিন এই পপ তারকা। ডিওরের মাতৃত্বকালীন পোশাকে রানওয়েতে হেঁটেছেন তিনি। পরেছিলেন কালো অন্তর্বাসের সেট। এর ওপরে চাপিয়েছিলেন কালো রঙের হালকা লেদারের কোট। আর পায়ে ছিল হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট জুতা। গলায় বেশ কয়েকটি চেইন, নেকলেস আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। নিজের মাতৃত্ব, পোশাক আর ব্যক্তিত্বকে তিনি প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে যেভাবে তুলে ধরেছেন, তা অতুলনীয় বলে রায় দিয়েছে বিশ্বের সেরা ফ্যাশন ম্যাগাজিনগুলো।
পিপল সাময়িকীতে লেখা হয়েছে, ‘বেবি বাম্প নিয়ে রিয়ানা যেভাবে দেখা দিলেন, হাঁটলেন, তা এককথায় অপূর্ব। রিয়ানা সব সময় আত্মবিশ্বাসী। তবে এবার যেন নিজের সবটুকু মেলে ঝলসে উঠেছেন। সময়ের সঙ্গে তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী আর মোহময়ী দেখাচ্ছে। গর্ভাবস্থাকে কীভাবে ফ্যাশন আর স্টাইলের সঙ্গে তুলে ধরতে হয়, বিশ্বকে যেন তা-ই দেখাচ্ছেন তিনি।’
রিয়ানা যে এত জনপ্রিয়, এর কারণ কেবল তাঁর অনন্য গলাই নয়, সমান ভাগীদার তাঁর ফ্যাশন সেন্স আর ব্যক্তিত্বও। সেটি আরও স্পষ্ট হয়ে উঠল, তিনি যে অন্তঃসত্ত্বা, তা প্রকাশিত হওয়ার পর। প্যারিসের আগে নিউইয়র্ক ফ্যাশন উইকেও হাইলাইটস হয়ে ছিলেন এই গায়িকা ও ব্যবসায়ী। সেখানেও হাজির হয়েছিলেন নিজের বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি নিয়ে। সেদিন তিনি পরেছিলেন চকমকে সবুজ রঙের (লাইম গ্রিন) টপ আর গোলাপি প্যান্ট।
রিয়ানা অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম পাপারিজ্জিদের ক্যামেরায় ধরা দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায়। প্রবল ঠান্ডায় গোলাপি রঙের ওভারকোটের বোতাম খুলে বেবি বাম্প দেখিয়েছিলেন রিয়ানা। সঙ্গে ছিল নীল ডেনিম আর বিরাট লম্বা হার। অন্তঃসত্ত্বা অবস্থায় যতবার প্রকাশ্যে দেখা দিয়েছেন, সঙ্গী ছিলেন প্রেমিক মার্কিন র্যাপার এসাপ রকি।
এই প্রথম মা হতে চলেছেন ৩৪ বছর বয়সী গায়িকা ও ধনকুবের রিয়ানা। বিশ্বের সবচেয়ে সম্পদশালী নারীদের একজন তিনি। ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ডলার বা ১৪ হাজার ৬১১ কোটি টাকা।