অপুর দিনমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপু বিশ্বাস। চলচ্চিত্রে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। বছর খানেক আগে দারুণভাবে পরিবর্তন এনেছেন নিজের লুকে। পছন্দ করেন নামী ব্র্যান্ডের পোশাক, সুগন্ধী। ভালোবাসেন ভোরের বাতাসে গাড়ি চালাতে।

নানা ব্র্যান্ডের জিনস, বুট জুতা ও সানগ্লাস সংগ্রহ করেন অপু বিশ্বাস। ছবি: কবির হোসেন
নানা ব্র্যান্ডের জিনস, বুট জুতা ও সানগ্লাস সংগ্রহ করেন অপু বিশ্বাস। ছবি: কবির হোসেন

দুপুরবেলা। গুলশান নিকেতন পার্ক। একবারে সুনসান। পার্কের মূল ফটক দিয়ে বুট, জিনস, টি-শার্ট ও মাথায় টুপি—পশ্চিমা ঢঙের পোশাকে ঢুকলেন এক মেয়ে। কয়েকবার দেখেও যেন চেনা যাচ্ছে না। হঠাৎই ঠাওর হলো, আ রে এ তো অপু বিশ্বাস! তাঁর জন্যই আমাদের অপেক্ষা এখানে। তাঁকে দেখে আমাদের হতভম্ব অবস্থাকে আঁচ করতে পেরে দূর থেকেই খানিকক্ষণ হেসে নিলেন। কাছে এসে হেসে হেসে অপু বললেন, ‘শুটিংয়ের বাইরে এটাই আমার পোশাক। দেশের বাইরে গেলে এ ধরনের পোশাকই পরতে পছন্দ আমার।
দেশেও পরা হয় মাঝেমধ্যে।’
ওদিকে সুনসান পার্কে ততক্ষণে ফিসফাস শুরু হয়ে গেছে। চলচ্চিত্রের এই নায়িকাকে এক ঝলক দেখার জন্য চারপাশে মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। ১৮ জানুয়ারি দুপুরে নিকেতন পার্কে অপু বিশ্বাসের ছবি তুলতে ও তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম আমরা।
পশ্চিমা পোশাকের প্রতি তাঁর বিশেষ দুর্বলতার কারণে পৃথিবীর নামীদামি নানা ব্র্যান্ডের জিনস, টি-শার্ট, বুট জুতা, টুপি, সানগ্লাস, ঘড়ি সংগ্রহ করা চাই-ই চাই।
বিশেষ করে ডিওর, গুচি, জারা বেসিক, রাডো, বুলগ্যারি, প্রমড, সরোভস্কি কত কত ব্র্যান্ড। আর এগুলো সংগ্রহের বাড়তি সুবিধা পান যখন তিনি শুটিংয়ে দেশের বাইরে থাকেন। অপু বলেন, ‘দেশের বাইরে গেলে দিনের আলোয় শুটিং সারতে হয়। সন্ধ্যার পর দোকানে গিয়ে পছন্দের জিনিসগুলো কিনতে পারি।’
অপু বিশ্বাস নিজের লুকে দারুণ পরিবর্তন এনেছেন শরীরচর্চা করে। আগের অপু আর এখনকার অপুকে দেখলে সবাই তা বলবেন। শরীরচর্চা তাই নিয়মিতই চালিয়ে যাচ্ছেন অপু। ব্যায়ামের সময় নাইকি ও অ্যাডিডাস ব্র্যান্ডের ট্রাউজার, টি-শার্ট ও কেডস পরতে পছন্দ করেন।
পোশাক-আশাকের মতো নামী ব্র্যান্ডের সুগন্ধীর প্রতিও আগ্রহ তাঁর। গিভেন্সি, ডিওর, টমফোর্ড, আরমানিসহ ১৫ ব্র্যান্ডের সুগন্ধী তাঁর সংগ্রহে। কোন ঋতুতে কোন সুগন্ধী ব্যবহার করতে হবে, সেদিকটা বিবেচনা করেই তা সংগ্রহ করেন তিনি।
অপু পশ্চিমা পোশাকই নয় শাড়ি, সালোয়ার-কামিজও তাঁর পছন্দ। পরিস্থিতি বুঝে এ দুটি জিনিসও পরেন। পূজা বা পয়লা বৈশাখের মতো বিশেষ দিনের অনুষ্ঠানগুলোতে নিজেকে সাজাতে সাধারণত শাড়ি বেছে নেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘এসব অনুষ্ঠানে লাল পাড়ের সাদা শাড়ি পরি। কোনো সময় আবার সালোয়ার-কামিজও পরা হয়।’
ঋতু হিসেবে এই শীতকালই পছন্দ অপুর। ‘শীতকালে খাবারের উপাদানগুলো টাটকা থাকে। এ ছাড়া নিজের পোশাকেও বাড়তি ফ্যাশন করা যায়।’ তাই শীতকালে জিনসের সঙ্গে টি-শার্টের ওপর সাধারণত কোট বা জ্যাকেট চাপিয়ে নেন তিনি। পরেন নানা রকম টুপি।
শুটিং থাকলে সকাল ছয়টা, না থাকলে আটটায় ঘুম থেকে ওঠেন অপু বিশ্বাস। এরপর ফ্রেশ হয়ে লেবুর রস দিয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করেন। দিনের শুরু এভাবেই। তারকাদের বেলায় শরীরের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। শরীর মুটিয়ে যেন না যায়, এ জন্য নিয়মিত ব্যায়ামাগারে ছুটতে হয়। সময় থাকলে শুটিংয়ে রওনা হওয়ার আগে ঘণ্টা খানেক হাঁটাহাঁটি করে করে নেন। অপু বিশ্বাস বলেন, ‘শুটিং না থাকলে দিনের বেশির ভাগ সময় জিমেই কাটাই।’

অপুর দিনমান
অপুর দিনমান

খাবার-দাবারের বেলায় চীনা কিংবা ভারতীয় খাবারের ধারের কাছেও ঘেঁষেন না এই তারকা। স্রেফ দেশি খাবার তাঁর পছন্দ। অপু বলেন, ‘মায়ের হাতে রান্না করা বিরিয়ানি ও খিচুড়ি আমার প্রিয়।’
শুটিংয়ের জন্য প্রায় প্রতিদিনই মুখে ভারী মেকআপ নিতে হয় তারকাদের। সেই ক্ষেত্রে ত্বকের বাড়তি যত্নেরও প্রয়োজন হয়। অপু বলেন, ‘বাসায় ফিরে ভালো করে ঘষে ঘষে মেকআপ তুলে ফেলি। এরপর চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুয়ায়ী ক্রিম লাগাই।’ শুটিংয়ে চুলের ওপরও কম ধকল যায় না। এ জন্য চুলের যত্ন নিতে মাঝেমধ্যে গরম তেল মালিশ ও পাতা মেহেদির সঙ্গে ডিম মিশিয়ে তা নিজের চুলে লাগান।
অবসরে শুটিংয়ের কারণে অগোছালো থাকা কাজগুলো গুছিয়ে নেন। আর দেখেন দেশ-বিদেশের চলচ্চিত্র। ‘আবার কখনো কখনো অবসরে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ি। বিশেষ করে যখন মন খারাপ থাকে।’ ভোরের বাতাসে ফাঁকা ফাঁকা রাস্তায় গান ছেড়ে দিয়ে গাড়ি চালালে মনটা ভালো হয়ে যায় অপু বিশ্বাসের।