আই ক্যাথরিন মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়ি তাঁর প্রিয় পোশাক
শাড়ি তাঁর প্রিয় পোশাক

ক্যাথরিন মাসুদ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান ও মুক্তির কথাতে তাঁর স্বামী চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের সঙ্গে তিনিও পরিচালনার দায়িত্বে ছিলেন। এ ছাড়া রানওয়ে চলচ্চিত্রের প্রযোজক। আই–পড, আইফোন, আইপ্যাড তার সঙ্গী, যেন ‘আই’ পরিবার।
ভিনদেশি বউ আর বলা যাবে না তাঁকে। বাংলাদেশি বউই এখন। ৩০ বছর ধরে বাংলাদেশকে মনের মধ্যে ধারণ করেছেন। ভালোবেসেছেন। এমন ভালোবাসা না থাকলে চিন্তা-চেতনা আর কাজে শুধু বাংলাদেশ থাকত না। যুক্তরাষ্ট্রের শিকাগোতে কেটেছে তাঁর শৈশব। এরপর নিজে নিজে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন। ১৯৮৬ সালে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতির ওপর একটি গবেষণা করতে আসেন বাংলাদেশে। আহমদ ছফার ‘পাগলা ঘর’ নামের বাড়িতে তারেক মাসুদের সঙ্গে পরিচয় হয় ক্যাথরিনের। কাজের মাধ্যমে ভালোবাসায় বাঁধা পড়েন এই দুজন। ‘তারপর কত কত যুদ্ধ। একসঙ্গে পথ চলেছি। আগে “আমরা” ছিলাম। এখন “আমি” হয়েছি। জীবন বদলানোর জন্য এতটুকুই তো যথেষ্ট।’ এটুকু বলেই স্মিত হেসে একটু দম নিলেন ক্যাথরিন মাসুদ। স্বামী চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে কতটা অনুভব করেন তা আর বলার বাকি রাখে না।
তারেক মাসুদ মারা যাওয়ার পর ক্যাথরিন কখনো বাংলাদেশ, কখনো যুক্তরাষ্ট্রে থাকেন। ঢাকায় এলে বন্ধু ব্যারিস্টার সারা হোসেনের বাড়িতেই থাকেন। এই বাড়িতে বসে ১৪ ডিসেম্বর কথা হয় তাঁর সঙ্গে। শাড়ি পরেই তৈরি ছিলেন তিনি। শাড়ি কি সব সময় পরেন? ঢাকায় থাকলে শাড়ি বেশি পরা হয়। প্রিয় পোশাক শাড়িই। তবে কাজের সময় সালোয়ার-কামিজ। প্যান্ট-কুর্তাও পরেন। যুক্তরাষ্ট্রে থাকলে সুতির পোশাকই পরেন। শাড়ি পরতে তিনি বেশ দক্ষ তা আধা বেলাতেই আমরা বুঝে গেলাম। পোশাকের সঙ্গে রুপার হালকা গয়না পরতে ভালোবাসেন। নিজে কেনাকাটা খুব কম করেন। বেশির ভাগ সময় উপহারই পান।

ক্যাথরিন মাসুদের ক্যামেরার প্রতি আছে বিশেষ ভালোবাসা। ছবি: কবির হোসেন
ক্যাথরিন মাসুদের ক্যামেরার প্রতি আছে বিশেষ ভালোবাসা। ছবি: কবির হোসেন

তারেক-ক্যাথরিনের চার বছর বয়সী ছেলে নিষাদ বিংহাম পুত্রা মাসুদ এর মধ্যে স্কুল থেকে ফেরেন। ঢাকার সানবিমস স্কুলে প্লে গ্রুপে পড়ে সে। ক্যাথরিন জানালেন, এখন তাঁর ভাবনায় সবচেয়ে গুরুত্ব পায় নিষাদ। ঢাকায় থাকলে সকালে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে কিছুক্ষণ ইয়োগা করেন। এরপর ল্যাপটপ নিয়ে বসেন। নিজেকে মজা করে ‘আই পরিবার’-এর সদস্য বলেন। আই–পড, আইপ্যাড, আইফোন, ম্যাকবুক ছাড়া চলতে পারেন না। ক্যামেরার প্রতি বিশেষ ভালোবাসা তো আছেই।
বাংলাদেশে থাকতে থাকতে বাংলা ভাষাটাও ভালো রপ্ত করেছেন। স্প্যানিশ, ফরাসি ভাষাতেও তাঁর দক্ষতা আছে। সারা দিনে বাইরের কাজ করেন। আর রাতে সম্পাদনার কাজ। এই কাজটা করতে খুব ভালো লাগে তাঁর। অবসরে সবজিবাগান করতে, ছবি আঁকতে ভালোবাসেন। শিকাগো আর্ট ইনস্টিটিউট থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিংসে কোর্স করেছেন। নিজে সবজি ও মাছ খেতে ভালোবাসেন।
গত বছর যুক্তরাষ্ট্রের আর্মহেস্ট কলেজে শিক্ষকতাও করেছেন। এই কাজটিও উপভোগ করেন। ‘আমি অল্প কিছুতে খুশি হই। তবে যখন মন খারাপ হয়, তখন পিয়ানো বাজাই। মনটা সতেজ হয়ে যায়।’ বলেন ক্যাথরিন।

কাজই জীবন
কাজই জীবন
ছেলে নিষাদের সঙ্গে
ছেলে নিষাদের সঙ্গে