আনন্দে মাতি সারা বেলা

‘ছোটবেলায় পয়লা বৈশাখ যেমনটা ছিল—ফুলার রোডের বাসায় ভোরবেলায় ঘুম ভাঙলেই শুনতে পেতাম গান। চারদিক জুড়ে আসত বাঁশি, ডুগডুগি, একতারা আর মানুষের হইচই-আনন্দের সুর। নতুন পোশাক পরে বাবা-মায়ের সঙ্গে বাইরে নেমেই মেতে উঠতাম বর্ষবরণের আনন্দে। নাচের ব্যস্ততার কারণে পয়লা বৈশাখ উদ্যাপনের ধরনটা বদলে গেছে এখন। তবে নাচের মধ্য দিয়ে বর্ষবরণের এই বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে একাত্ম হওয়ার যে আনন্দ, সেটাও এক অন্য রকম অনুভূতি।’ বললেন নৃত্যশিল্পী সামিনা হোসেন। প্রেমা নামেই অবশ্য অনেকের কাছে পরিচিত তিনি।
এবারের বর্ষবরণের আনন্দ আরও বেশি। পরিবারে এসেছে নতুন সদস্য প্রত্যয়ী প্রথমা রাই। দেড় বছর বয়স তার। মেয়েকে ঘিরেই থাকবে যত আয়োজন—জানালেন সামিনা। কাজের ব্যস্ততার মাঝেই কোনো এক ফাঁকে হয়তো মা-মেয়ে মিলে বেড়াতে বের হবেন।

সকালে অনুষ্ঠান, তাই নাচের পোশাকই পরবেন। অনুষ্ঠান শেষে বাসায় ফিরে পরিবারের সঙ্গে কাটবে বৈশাখের দুপুর। তখন সাদা বা ঘিয়ে রঙের চিকন পাড় তাঁতের শাড়ি বেছে নেবেন। চোখে থাকবে কাজল আর ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া। কপালে থাকবে একটা বড় লাল টিপ। আর পুঁতি বা কাঠের গয়নার সঙ্গে খোঁপায় জড়ানো থাকবে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাসটাই বৈশাখী উৎসবের আমেজ এনে দেয় তাঁর মনে। আর এ জন্য বসার ঘরের টেবিলে ও মাটির পাত্রে বেলি ফুল রেখে তার মধ্যে জ্বালিয়ে দেবেন মোমবাতি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে চলবে হাসি-আড্ডা আর পেট পুরে খাওয়াদাওয়া।
পয়লা বৈশাখে বাড়িতে রান্না করেন মা রোকেয়া মিনাক্ষী রহমান। সামিনার স্বামী সাকিব উর রহমান খান এবং ছোটবোন সাজিয়া হোসেনও যোগ দেন বৈশাখি আয়োজনে। ইলিশ, পান্তার পাশাপাশি পাবদা, রুই, আইড় মাছের আয়োজন থাকে। এ ছাড়া বিভিন্ন ধরনের ভর্তা আর মায়ের হাতে টাকি মাছের ঝুরার আয়োজন এদিন এই বাড়ির খাবারের বিশেষত্ব। মাটির বাসনকোসনে খাবার পরিবেশনাও ফুটে ওঠে বাঙালিয়ানা। রোকেয়া মিনাক্ষী রহমান ছিলেন ছায়ানটের দ্বিতীয় ব্যাচের রবীন্দ্রসংগীতের শিক্ষার্থী। মায়ের কাছ থেকেই জীবনযাপনে বাঙালিয়ানার পাঠ নেওয়া সামিনার। তিনি জানালেন, হাতে তৈরি কারুশিল্প তাঁর পছন্দের। দেশের বাইরে গেলেও সেখানকার কারুশিল্প সংগ্রহের চেষ্টা করেন। নানা রকম মুখোশ, কাঠের পুতুল, কাপড়ের ঝালর আর টেরাকোটা দিয়ে সাজানো তাঁর বসার ঘরের দেয়ালগুলো। সংগ্রহ করতে ভালোবাসেন ছবি আর টেরাকোটাও।
