আবীরের আলো-ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবীর আব্দুল্লাহ। আলোকচিত্রী, আবার পড়ানও এ বিষয়ে। শখ ক্যামেরা সংগ্রহ করা। কবিতা পড়েন, গান শোনেন। ফতুয়া–জিনস আর ক্যামেরা—তাঁর যেন নিত্য সখা
প্রকৃতিকে বুঝতে হয়—এমনই মনে করেন আবীর আব্দুল্লাহ। ছবি: কবির হোসেন
প্রকৃতিকে বুঝতে হয়—এমনই মনে করেন আবীর আব্দুল্লাহ। ছবি: কবির হোসেন

ক্যামেরার লেন্স দিয়ে দেখা আর চোখে দেখা কি একই? না–বোধক জবাব আবীর আবদুল্লাহর। ছবির বাস্তবতা তো আলোকচিত্রীরই তৈরি করা, সেটা ছাপা হলে তৈরি হয় আরেক রকম বাস্তবতা। যিনি দেখছেন তিনি আবার তাঁর মতো করে তৈরি করে নেন অর্থ। আলোকচিত্রীর জীবন বা বাস্তবতা কেমন সেটা জানতেই আলোকচিত্রী আবীর আবদুল্লাহর বাসায় হাজির আমরা। সঙ্গে প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন থাকায় ঘুরেফিরে আলাপটা ক্যামেরা কেন্দ্র করেই এগুলো যেন।

ফতুয়া–জিনসেই স্বচ্ছন্দ
ফতুয়া–জিনসেই স্বচ্ছন্দ

কোলকাতা থেকে ফিরেছেন কয়েকদিন আগে। ১৬ থেকে ১৯ জুলাই সেখানে হয়ে গেল তাঁর আলোকচিত্র প্রদর্শনী, নেপাল: রেজিলিয়েন্স অ্যান্ড রিজনস শিরোনামে।
আবীর আবদুল্লাহ কাজ করছেন ইউরোপিয়ান প্রেসফটো এজেন্সির হয়ে, পাঠশালায় পড়ানও। আলোকচিত্রী বা শিক্ষক সব ভূমিকাই তো পালন করতে হয়, তবে শিক্ষকতার কাজটা যেন একটু বেশি আনন্দের–জানিয়ে দিলেন এক ফাঁকে।
সাদামাটা ফতুয়া আর জিন্স পরনে তাঁর, রোজকার পোশাকই এটা। আলোকচিত্রীর কাজে স্বচ্ছন্দ্যে চলাফেরা করা আর শারীরিক সক্ষমতা খুব গুরুত্বপূর্ণ, এটা মানেন তিনি। রোজ তাই নিয়ম করে হাঁটা হয়। ‘বয়স আরও কম থাকতে খুব ঝুঁকি নিয়ে কাজ করতাম। এখন মাঝে মাঝে মনে হয় আরও সাবধান থাকা উচিত ছিল।’ হেসে জানালেন।
বসার ঘরের দেয়ালে বড় একটা ছবি চোখে পড়বে। নদীভাঙনে সব হারাতে যাচ্ছেন এক নারী—তাঁর বিষাদ, অসহায়তা সব ছাপিয়েও নজর এড়াবে না প্রকৃতির ভয়ংকর সুন্দর রূপটা। ‘মুন্সিগঞ্জে পদ্মার পাড়ে তুলেছিলাম ছবিটা। এর ঠিক পরের দিনই এই নারীর পঁচিশ বছরের ভিটা চলে যায় নদীভাঙনে।’ বললেন আবীর। প্রকৃতির সৌন্দর্য বুঝে উঠতে না পারলে তো ভাল আলোকচিত্রী হওয়াই সম্ভব না। এমনই মনে করেন তিনি। এই প্রকৃতি আবার ভয়ংকরও।
এখন কাজ করছেন রবীন্দ্রনাথের বর্ষার কবিতাগুলো আলোকচিত্রে কীভাবে তুলে ধরা যায় তা নিয়ে। প্রকৃতিপ্রেমের কথা তো বলেছেনই, কবিতা যে ভালবাসেন সেটারও একটা পটভূমি আছে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই পরিবারের সবার বড় সন্তান। ‘দাদা’র প্রভাব তাঁর মধ্যে অনেকখানি সেটা জানালেন আবীর নিজেই। ‘আমার জীবনের প্রথম ক্যামেরাটা কিনেছিলাম দাদার বইয়ের টাকা দিয়েই। ১৯৯৩ সালে ২৫ হাজার টাকা দিয়ে কিনেছিলাম মিনল্টা এক্স জি-এম ক্যােমরাটি।’ তবে আলোকচিত্রী হয়ে ওঠার পেছনে বোন মেরি শারমীনের ভূমিকা অনেক সেটাও বললেন। বোনের পেনট্যাক্স ক্যামেরা দিয়েই ছবি তোলায় হাতেখড়ি আবীরের।
যা ঘটছে তা তুলে ধরা তাঁর সাংবাদিক দায়িত্বের অংশ, আবার আলোকচিত্রী সত্তাটা চায় ভিন্ন চোখে পরিস্থিতি দেখতে। আবীর বললেন, ‘নেপালে এবার ভেবেই

ক্লিক ক্লিক!
ক্লিক ক্লিক!

গিয়েছিলাম একটু অন্যরকম ছবি তুলব। তৃতীয় দিনেই পেয়ে যাই দারুণ একটা ছবি।’
কাজে বেরিয়েই সেদিন এক বিয়ের গাড়ির দেখা পেয়ে গেলেন আবীর ও তাঁর সঙ্গী। মোটরসাইকেলে করে গাড়ির পিছু নিয়ে পৌঁছেও গেলেন বিয়েবাড়িতে। ‘অনুমতি না নিয়েই ছবি তুলতে শুরু করে দিয়েছি, পরে বুঝতে পেরে খারাপ লেগেছিল। বরের বাবা একসময় আমাকে ডেকে খুব অনুরোধ করে বললেন, এই ছবি যেন নেপালের কোন পত্রিকায় ছাপা না হয়। দুঃখ প্রকাশ করে তাঁকে আস্বস্ত করেছিলাম। ঠিক সেই সময়ে আমার উপস্থিত থাকাটা ভাগ্য বলেই মানি। এই ছবি অন্য কেউ পাননি।’ বলেন তিনি।
আলোকচিত্রী হবেন, এই স্বপ্নটা কোনদিন দেখেননি। কিন্তু দশটা–পাঁচটা চাকরি যে তাঁর হবেনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই বুঝে ফেলেছিলেন। পরে পাঠশালার প্রথম ব্যাচে ক্লাস করতে গিয়েই পেশাদার আলোকচিত্রী হয়ে ওঠা। পাঠশালার অধ্যক্ষ শহীদুল আলমের সঙ্গে পরিচয় হওয়াটা আবীরের জীবনের ‘টার্নিং পয়েন্ট’ এমনই মনে করেন তিনি। ভারতের রঘু রাই, ব্রাজিলের সেবাস্তিও সালগাদো এঁদের কাজ তাঁর ভাল লাগে।
পেশার মতো শখটাও তাঁর ক্যামেরা ঘিরে। অ্যান্টিক ক্যামেরা সংগ্রহ করেন। অলিম্পাস ওএম-ওয়ান, ফোগল্যান্ডার ক্যামেরাগুলো আছে তাঁর সংগ্রহে। গত বছর ‘ভেভে ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডে’ পুরষ্কার হিসেবে জিতে নিয়েছেন লাইকা এম ক্যামেরাটি। সবসময়ের সঙ্গী তাঁর ক্যানন ফাইভ ডি মার্ক টু। নিকন ডি–৭০০ ক্যামেরাও ব্যবহার করেন।

সংগ্রহে আছে নানা ক্যামেরা
সংগ্রহে আছে নানা ক্যামেরা

ঘুম থেকে উঠে প্রথম কাজ তাঁর ই–মেইল দেখা, সংবাদপত্র পড়া, নাশতা করা এরপরেই। কাজের পাশাপাশি চলে গান শোনা। ভূপেন হাজারিকা আর ফরিদা পারভীন আছেন পছন্দের শিল্পীদের তালিকায়।
স্ত্রী ফয়জুন্নেসা বেগম, দুই ছেলে ফারদীন ও ফারহানকে নিয়ে আবীরের সংসার। কাজের পরে এদের সঙ্গেই কাটে তাঁর সময়।