ঈদ পোশাক নিয়ে দেশি দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন শোতে দেখানো হয় এবারের ঈদ পোশাকের সংগ্রহ। ছবি: সুমন ইউসুফ
ফ্যাশন শোতে দেখানো হয় এবারের ঈদ পোশাকের সংগ্রহ। ছবি: সুমন ইউসুফ

একটা সময় ছিল যখন ঈদের আগে বাজার ভরে যেত ভিনদেশি পোশাকে। তবে এখনকার চিত্রটা একেবারেই ভিন্ন। ঈদের পোশাককে ঘিরে দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও থাকে জমকালো আয়োজন। তার প্রস্তুতিটাই দেখা গেল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। ২১ মে গ্রামীণফোনের আয়োজনে দেশি দশের ১০টি প্রতিষ্ঠান ফ্যাশন শোর মাধ্যমে তাদের ঈদের পোশাকের আয়োজন তুলে ধরে দর্শকদের সামনে। শোর প্রতিটি কিউতেই দেখা গেল পোশাকের বৈচিত্র্য। দর্শকেরাও এক ঝলকে দেখে নিলেন কোন হাউস কোন থিম আনছে এবারের ঈদের বাজারে। দেশি দশের প্রতিষ্ঠান অঞ্জনসের শীর্ষ িনর্বাহী শাহীন আহমেদ জানালেন, এই ধরনের আয়োজনে ক্রেতারা সব ধরনের পোশাকের নকশা দেখতে পান, যা তাঁদের ঈদের কেনাকাটায় সহায়ক হয়। দেশালের ডিজাইনার ইসরাত জাহান জানালেন, ক্রেতাদের পাশাপাশি ডিজাইনাররাও অন্যদের কাজ দেখার সুযোগ পান।

ফ্যাশন শোতে দেখানো হয় এবারের ঈদ পোশাকের সংগ্রহ। ছবি: সুমন ইউসুফ
ফ্যাশন শোতে দেখানো হয় এবারের ঈদ পোশাকের সংগ্রহ। ছবি: সুমন ইউসুফ

ফ্যাশন শোর শুরুতেই নিপুণের পোশাক পরে মঞ্চে এলেন মডেলরা। কিউগুলো দেখে চলতি বছরের ঈদ ট্রেন্ডেরও একটা ধারণা পাওয়া গেল। যেমন এই বছরের ঈদের কাপড়ে প্রিন্টের ব্যবহার দেখা যাবে। গরমের কারণে সকাল ও রাতের বেলায় থাকবে ঈদের পোশাকের ভিন্ন আয়োজন। রঙের ক্ষেত্রে থাকবে সবুজ, নীল, ম্যাজেন্টার মতো গাঢ় রংগুলোর প্রাধান্য। কামিজের কাটছাঁটে আসবে নতুনত্ব। বরাবরের মতোই পোশাকে হাতের কাজও থাকবে, তবে সুতার রং ও নকশায় আনা হবে উৎসবের আবহ। শো শেষে দেশি দশের সব ডিজাইনার মঞ্চে এসে ঈদের দিন সবাইকে দেশি পোশাক পরার আহ্বান জানান। ফ্যাশন শোটি পরিচালনা করেন আজরা মাহমুদ।