
পেছন থেকে নয়, দর্শকসারির সামনে থেকেই মশাল হাত মঞ্চে উঠে এলেন মডেলরা। ‘টি’ আকৃতির মঞ্চে চলল ক্যাটওয়াক। মডেলদের সবার পরনেই ঈদের পোশাক।

নিত্য-নতুন ডিজাইনের পোশাকের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ঢাকার বেঙ্গল স্টুডিওতে আয়োজন করা হয়েছিল ‘স্বপ্ন লাইফ ২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তা’। মূল আয়োজন ছিল আসলে ফ্যাশন শো-ই। ১২ জুনের এ আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হয় আরটিভিতে। ঘণ্টাকালের ফ্যাশন শোর শুরুতেই বক্তব্য দেন স্বপ্ন ও আরটিভির কর্মকর্তারা। এর পরপরই মঞ্চে ওঠেন মডেলরা। শুরু হয় সালোয়ার-কামিজ দিয়ে। একে একে পাঞ্জাবি, শাড়ি। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে করা হয়েছে প্রতিটি ডিজাইন। করা হয়েছে নানা ধরনের ফিউশন।
স্বপ্ন লাইফ ২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তায় পোশাক পরে মঞ্চে হাঁটেন মডেল রুমা, রিসিলা, মিথিলা, হৃদি, আনুশা, রাতুল, ইমরান, শান্তাসহ অনেকে। সাজ ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন এসিআই লজিস্টিকসের নির্বাহী পরিচালক সাব্বির হাসান।
