
সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কাছে ঈদ বরাবর একই রকম। প্রতিবছরই বাবা-মায়ের সঙ্গে ঢাকায় ঈদ উদ্যাপন করেন। দেশের বাইরে কোনো গানের অনুষ্ঠান থাকলে অবশ্য ভিন্ন কথা। গেল বছরই এমন ঘটনা ঘটেছে। ইমরান বলেন, ‘গত রোজার ঈদে ঢাকায় থাকলেও কোরবানির ঈদে ছিলাম ওমানে। সেখানে ঈদের দিন আমার গানের অনুষ্ঠান ছিল।’
ঢাকায় থাকলে বেইলি রোডের সার্কিট মসজিদে ঈদের নামাজ পড়েন তিনি। এ সময় পায়জামা-পাঞ্জাবির সঙ্গে পায়ে থাকে স্লিপার। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকেন এই পোশাকেই। গানের মানুষ হওয়ায় ঈদের দিন বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান থাকলে সেখানে যাবেন, না হলে বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হবেন। আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যান ঈদের পরের দিন।
ঈদের সকাল শুরু হয় মায়ের হাতের রান্না করা সেমাই খেয়ে। নামাজ পড়ে এসে পরিবারের সবার সঙ্গে ভারী খাবার খান। কিছুদিন আগে মেজো বোনের বিয়ে হয়েছে। এবার ঈদের দিন বোনের শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা আছে ইমরানের। বিকেলে বন্ধুদের সঙ্গে বাইরে বের হলে বেছে নেবেন জিনসের সঙ্গে পাঞ্জাবি অথবা শার্ট। তবে সেটা হবে লাল, নীল বা অন্য কোনো উজ্জ্বল রঙের। চুলের স্টাইলটা থাকবে অন্য সময়ের মতোই। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পছন্দ করেন ব্রেসলেট ও রোদচশমা। ঈদের দিনও সেটা সঙ্গে থাকবে। আকাশ মেঘলা হলে রোদচশমা বাদ রাখবেন।
ইমরান বলেন, ‘ঈদ মানেই কেনাকাটা। সারা বছর যতই শপিং করি না কেন, ঈদে নতুন পোশাক কিনবই। তবে নিজে কিছু পছন্দ করতে পারি না বলে বন্ধুদের সঙ্গে যাই। আর পরিবারের সদস্যদের জন্য নিজে গিয়ে কিছু কেনা হয় না। টাকা দিই, তারা ইচ্ছেমতো কিনে নেয়।’ এবার এখনো ঈদের কেনাকাটা শুরু করেননি। কয়েক দিন পরে বের হবেন।
শফিক আল মামুন