
দিনে শহরতলি ও গ্রাম এলাকা আর রাতে নগরবাসীর কেনাবেচায় জমজমাট এখন সিলেট নগর। সন্ধ্যা থেকে মধ্যরাত, কোথাও ভোররাত পর্যন্ত সরব ঈদবাজার।
নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, লামাবাজার এলাকায় রাতের বেলা বিকিকিনি জমজমাট। এসব এলাকার বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতে নানা শ্রেণির মানুষের ভিড় বেশি।
লামাবাজারের পোশাকের দোকান ষড়ঋতু-এর স্বত্বাধিকারী নাজমা পারভীন বলেন, ‘রাতের বেলা ভিড় একটু বেশি হচ্ছে। তবে দিনের বেলাও ক্রেতাদের উপস্থিতি মন্দ নয়। ক্রেতাদের চাহিদা ও নতুনত্বের কথা বিবেচনায় রেখে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শাড়ি ও থ্রি–পিসের পসরা সাজিয়েছি।’ ভিড় দেখা গেছে নগরের লামাবাজারে মণিপুরি পোশাক বিপণন এলাকায়ও।
ঈদবাজারে ক্রেতাদের টানতে বিপণিবিতানগুলোতে উপহারের ছড়াছড়ি দেখা গেছে। নির্দিষ্ট অঙ্কের টাকার কেনাকাটা করলেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ কুপন। আর ঈদের পর কুপন বিজয়ীদের দেওয়া হবে হরেক রকমের পুরস্কার। এ প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘ঈদবাজারে কুপনের ব্যাপারটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। এতে ক্রেতারাও লাভবান হচ্ছেন। ব্যবসায়ও বেশ ইতিবাচক প্রভাব ফেলছে।’
ঈদ সামনে রেখে নগরের শতাধিক বিউটি পারলার সেজেছে নতুন সাজে। সেখানেও ভিড় বেশ। সম্প্রতি নগরের কুমারপাড়ায় উদ্বোধন হয়েছে পারসোনার সিলেট শাখা।