ঈদের চমক পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর উৎসবের পূর্ণতা শাড়িতে। পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই পোশাকেও। এবারের ট্রেন্ড আঁচল ও পাড়ে ভরাট কাজ, জমিন হালকা। ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় শাড়ি খ বিভাগে দ্বিতীয় হওয়া কালেকশন বুটিকসের শাড়ি l মডেল: মিতি। ছবি: সৌরভ দাশ
নারীর উৎসবের পূর্ণতা শাড়িতে। পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই পোশাকেও। এবারের ট্রেন্ড আঁচল ও পাড়ে ভরাট কাজ, জমিন হালকা। ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় শাড়ি খ বিভাগে দ্বিতীয় হওয়া কালেকশন বুটিকসের শাড়ি l মডেল: মিতি। ছবি: সৌরভ দাশ

পরিবর্তন যেন অনিবার্য। প্রতি ঈদেই চমক দিচ্ছেন ডিজাইনাররা। উৎসবে নারীর প্রধান পোশাক শাড়ির কথাই ধরুন। এবার ভারী কাজ নেই। জরি-চুমকি বসানো শাড়ি চোখেই পড়ছে না। কাপড়ে সুতি তো আছেই তার সঙ্গে মসলিন, জামদানি, তসর বা সিল্কও যোগ হয়েছে সমান তালে। দেশি কাপড়ে দেশি বুনন। শাড়ির জমিনজুড়ে কাজ একেবারেই কম, বরং পাড় আর আঁচলজুড়ে থাকছে ভরাট কাজ৷ তবে কোনো নির্দিষ্ট ধারা নয়, ডিজাইনাররা নিজস্ব স্টাইলে করেছেন নকশা। শাড়িতে রয়েছে হাতের এমব্রয়ডারি, নকশিকাঁথা, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই, পেইন্টিং ও ফুলেল মোটিফ।

ফতুয়া মেয়েদের বিভাগে তৃতীয় ময়ূরাক্ষী। মডেল: তিশা
ফতুয়া মেয়েদের বিভাগে তৃতীয় ময়ূরাক্ষী। মডেল: তিশা

আবার মেয়েদের কামিজেও নানা বৈচিত্র্য চোখে পড়ছে। দু-এক বছর ধরে ছিল পায়ের গোড়ালি অবধি ঘের। সালোয়ার দেখাই যেত না। এবার তা কিছুটা ভিন্ন—পেছনে লম্বা সামনে খাটো। এক পাশে ছোট করে কাটা তো আরেক পাশে ঝুল নেমে গেছে। গলা ও কলার চাপা। অনেকটা পশ্চিমা ধাঁচের এই ছাঁট। আবার সালোয়ারে গত বছর ছিল পালাজ্জোর দাপট।

ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় নজর কাড়ে বাহারি ফতুয়া। প্রতিযোগিতায় ফতুয়া মেয়েদের বিভাগে প্রথম হয় ফ্যাশন হাউস ফোঁড়ের পোশাক। মডেল: হাবিবা
ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় নজর কাড়ে বাহারি ফতুয়া। প্রতিযোগিতায় ফতুয়া মেয়েদের বিভাগে প্রথম হয় ফ্যাশন হাউস ফোঁড়ের পোশাক। মডেল: হাবিবা

এবার পালোজ্জার পাশাপাশি রয়েছে চুড়িদার ও কম ঘেরের সালোয়ার। এ ছাড়া গত বছর পছন্দের শীর্ষে থাকা গাউনেও পরিবর্তন—মেঝেছোঁয়া না হয়ে গোড়ালির ওপরে থাকা বেশ কিছু গাউন এসেছে। এককথায় নতুনত্বের জোয়ার অব্যাহত। অবশ্য এসব ছাঁটের পাশাপাশি লম্বা কামিজও চলছে।

ফতুয়া মেয়েদের বিভাগে দ্বিতীয় আরএস ​জোনাকি ফ্যাশন মডেল: রিয়া
ফতুয়া মেয়েদের বিভাগে দ্বিতীয় আরএস ​জোনাকি ফ্যাশন মডেল: রিয়া

পাঞ্জাবিতে এবার চলছে ‘সেমি লং’। তবে তাতেও আবহাওয়ার প্রভাব। ভারী কাজ নেই। কিছু ক্ষেত্রে কলারে সামান্য কাজ। কাপড়ও সুতি, সিল্ক, ভয়েল ও অ্যান্ডি। গরম হলেও এবারও রয়েছে কটি। নানা ডিজাইনের কটি চলছে বেশ।
ডিজাইনারদের পরামর্শ, প্রথমত দেখতে হবে পোশাক শরীরের সঙ্গে মানানসই কি না। দ্বিতীয়ত কাপড়, অর্থাৎ যা-ই কিনুন আরামদায়ক হতে হবে। এরপর নকশা। এই তিনটি বিষয় মাথায় রেখে পোশাক বাছাই করলে তা হবে ষোলো আনা নিখুঁত। কারণ, ঈদে ভাপসা গরম ভোগাতে পারে। তাই দিনের পোশাক হওয়া চাই সুতির। আর জমকালো পোশাক হোক রাতের পার্টিতে।
বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতান ঘুরে দেখা গেল, আবহাওয়ার কথা মাথায় রেখে পোশাকের নকশা করেছেন ডিজাইনাররা। প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টি। হালকা কাজের সালোয়ার-কামিজ ও শাড়িই নজর কাড়ছে ক্রেতাদের। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে হালকা হলুদ, চাপা সাদা, নীল, ম্যাজেন্টা, বেগুনি প্রভৃতি। কামিজের দুই পাশেই নকশা দেখা গেছে। গলা, জামা ও হাতের পাড়ে জারদৌসি, অ্যাপ্লিকের পাশাপাশি এমব্রয়ডারির কাজ রয়েছে। আবার জমকালো পোশাকে কারচুপি, মুক্তা, পুঁতি ও শামুক, পাথর আর অ্যাপ্লিকের কাজগুলো ফিরে এসেছে। সালোয়ারের পাশাপাশি রয়েছে স্লিমফিট প্যান্ট, লেগিংস, জেগিংস ও পেনসিল প্যান্ট। ছেলেদের পাঞ্জাবিতেও হালকা রঙের ব্যবহার দেখা গেছে—হলুদ, হালকা নীল, সাদা, ছাই ও হালকা বেগুনি।
ফ্যাশন হাউস শৈল্পিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াস বলেন, এবারও পোশাকের প্যাটার্নে পরিবর্তন এসেছে। নকশার চেয়ে মূল ফোকাস দেওয়া হয়েছে প্যাটার্নে। তবে এ ক্ষেত্রে পশ্চিমা ধাঁচের কিছুটা আঁচ পাওয়া যাবে। কারণ, ক্রেতাদের বিদেশি পোশাক থেকে ফেরাতে হালফ্যাশন মাথায় থাকতে হবে। আর যেহেতু ঈদ তাই জমকালো ভাব আনার চেষ্টা করা হয়েছে।