ঈদের সাজে মাহি সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় বুঝে ঈদের দিনে সাজবেন মাহি। সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
সময় বুঝে ঈদের দিনে সাজবেন মাহি। সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

ঈদের দিন একটা লাল রঙের শাড়ি পরতে না পারলে কেন জানি ঈদ ঈদ মনে হয় না অভিনেত্রী মাহিয়া মাহির। আর এ জন্য চাঁদরাতে মাহি একাই বেরিয়ে পেড়ন আড়ং না হলে রঙের শোরুমে। সেখান থেকেই কিনে নেন একটা লালরঙা জামদানি, সিল্ক কিংবা মসলিনের শাড়ি। ‘আসলে লাল যে আমার প্রিয় রং ঠিক তা নয়, তবে ঈদের দিন লাল শাড়িতে একটা উৎসবের আমেজ ফুটে ওঠে। লাল শাড়ি না পরলে কি যেন বাদ পড়ল এমনই মনে হয়।’ বললেন মাহিয়া মাহি।

সকালে হালকা মেকআপ
সকালে হালকা মেকআপ

নিজের জন্য ঈদের কেনাকাটা বলতে এতটুকুই। তবে ১৫ রোজার পর থেকে ঈদের আগের রাত পর্যন্ত প্রতিদিনই কেনাকাটায় ব্যস্ত থাকেন মাহি। ‘ছোটবেলায় যেমনটা হতো বাবা-মা আমার জন্য কেনাকাটা করতে ব্যস্ত হতেন। এখন ঠিক হয় তার উল্টোটা। বাবা-মায়ের জন্য কেনাকাটায় এখন ঈদের আনন্দটা পূর্ণ হয় আমার।’ বেশির ভাগ সময়ই মাহির ঈদ কাটে নানাবাড়ি রাজশাহী আর দাদাবাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর এরই মাঝে চলে আত্মীয়স্বজনের জন্য উপহার কেনার পালা। তবে নিজের জন্য বাবা, মা আর খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে প্রতিবার পোশাক উপহার পেয়ে থাকেন।
বরাবরের মতো তাই এবারও বাবার কিনে দেওয়া সালোয়ার-কামিজ পরেই ঈদের সকালটা শুরু হবে মাহির। এই সময়ে যেহেতু বাসায় থাকবেন, সাজগোজের বাহুল্য ছাড়া শুধু নতুন পোশাকটাই পরে নেবেন। লাল শাড়ি পরবেন দুপুর বেলায়। তখন চুলগুলো থাকবে খোলা। কপালে পরবেন একটা লাল গোল টিপ। জানালেন, ঈদের দিন একটু হালকা সাজই পছন্দ তাঁর। এ জন্য ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার আর ঘন মাসকারায় পূর্ণ হবে ঈদের দুপুর বেলার সাজ।

সালোয়ার-কামিজ, গাউন, শাড়ি—সব ধরনের পোশাকেই স্বচ্ছন্দ মাহি। ঈদের দিনে ইচ্ছা আছে তিন রকম পোশাকই নানা বেলায় পরার।
সালোয়ার-কামিজ, গাউন, শাড়ি—সব ধরনের পোশাকেই স্বচ্ছন্দ মাহি। ঈদের দিনে ইচ্ছা আছে তিন রকম পোশাকই নানা বেলায় পরার।

বিকেলে ভাইবোনদের নিয়ে যাবেন লং ড্রাইভে। স্বাচ্ছন্দ্য বোধ করেন, আরামদায়ক এমন পোশাক পরবেন এ সময়। রাতে থাকে দাওয়াত খাবার পালা। তখন পরবেন বন্ধুর দেওয়া পোশাকটি। সব বেলায়ই পায়ে থাকবে স্লিপার। অলংকার পরতে একেবারেই পছন্দ করেন না। ‘কেন জানি মনে হয় গয়নায় ঠিক মানায় না আমাকে। তবে কোনো জমকালো পার্টি থাকলে তখন পোশাকের সঙ্গে মিলিয়ে ভারী কানের দুল পরি।’ যদি কোনো কারণে ঈদটা ঢাকায় করতে হয় তখন রাতের দাওয়াতে যাওয়ার জন্য একটা পার্টি গাউন পরবেন মাহি। ‘আমার একজন ব্যক্তিগত ডিজাইনার আছেন, যিনি আমার সব পোশাকের নকশা করেন। তাঁর নকশায় তৈরি মারমেইড কাটের গাউন পরার একটা ইচ্ছা আছে।’ এই সময়টা সামনের চুলগুলোকে টুইস্ট করে পেছনে একটা উঁচু খোঁপা করবেন। স্মোকি আই আর উজ্জ্বল লাল লিপস্টিকে তখন বড় পর্দার মাহির রূপেই দেখা যাবে তাঁকে।
সারা বছর ডায়েট মেনে চললেও ঈদের দিনটা কোমল পানীয় আর তেহারি খেয়ে কাটান মাহি। আর নিজের রূপচর্চা সম্পর্কে মজার তথ্য দিলেন। জানালেন, ছোটবেলা থেকেই ঈদের দিন যাতে তাঁকে উজ্জ্বল দেখায়, সে জন্য কয়েক দিন আগে থেকেই মুখে টমেটো মাখতেন। যেটা এখনো ঈদের আগে নিয়মিত করে থাকেন মাহি।