উজ্জ্বল উপস্থিতি

সাদা–লালে গীতি আরা সাফিয়া
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর পুরো সাজেই ছিল লাল–সাদার প্রাধান্য। শাড়ির পাড়ের সঙ্গে হাতের ব্যাগটিও ছিল লাল রঙের।

সাধারণে অসাধারণ
সাদার ওপর হালকা নীলের ডোরাকাটা শার্ট, নীল রঙের প্যান্ট—এমন পোশাকেই এসেছিলেন অভিনেতা আলমগীর। তবে সব ছাড়িয়ে যায় তাঁর ব্যক্তিত্ব। সেটাই তাঁকে অসাধারণ করে তুলেছিল।

তিন কন্যার তিন রং
সুচন্দা–ববিতা–চম্পা, চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী এই তিন বোনই পরে এসেছিলেন শাড়ি। সুচন্দার ছিল কালো–সোনালি কাতান, সঙ্গে সোনালি গয়না। ববিতা পরেছিলেন ফুল আঁকা নীল জমিনের শাড়ি। পাড়ের গোলাপি রঙের সঙ্গে মিল ছিল পাতলা চাদর আর হাতব্যাগের। ধূসর শাড়িতে গোলাপি ফুল বসানো শাড়ি ছিল চম্পার পরনে। মিলিয়ে পরেছিলেন গয়না। তিন রঙে নজর কেড়েছিলেন এই তিন কন্যা।

নীলে মেলানো
স্ত্রী নাজিয়া হাসান ও ছেলে জায়ান ফারুক আয়াশকে সঙ্গে নিয়েই এবার মেরিলে এসেছিলেন অভিনেতা অপূর্ব। তিনজনের পোশাকই ছিল গাঢ় নীল রঙের। মখমলের নীল ও সোনালি সালোয়ার-কামিজটি নাজিয়ার নিজের বুটিক হাউস অ্যাড্রিয়েন থেকেই নেওয়া। কানে ও গলায় ছিল কুন্দনের দুল ও মালা। হাতে ছিল মাইকেল কোর্সের ঘড়ি। অপূর্ব পরেছিলেন ডিনার স্যুট। সঙ্গে ব্যাজ ও বো টাই। চুলের সাজ একেবারেই নিজস্ব। অপূর্বকে সাজতে সাহায্য করেছেন স্ত্রী নাজিয়া হাসান।

স্নিগ্ধ রঙে মৌসুমী-ওমর সানী
মৌসুমী-ওমর সানী দুজনের পোশাকের রংই ছিল বেশ স্নিগ্ধ। মিষ্টি হাসি ছড়িয়ে মৌসুমী বলেন, গরমের জন্য এই রং বেছে নেওয়া। মৌসুমীর পরনের সাদার সঙ্গে লাল শাড়িটি দুবাই থেকে আনা। আর ওমর সানীর পরনে হালকা মিষ্টি গোলাপি রঙের শার্ট। ছেলে ফারদিন নীল ব্লেজারে সেমি–ফরমাল।