উৎসব শাড়ির জমিনে-বুননে


বীরজারা, কনক, কারিনা বা চেন্নাই এক্সপ্রেস—একটা সময় উৎসবের শাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হতো এমনই ভিনদেশি সব নাম৷ জমকালো নকশার এসব শাড়ি দখল করে রাখত ঈদবাজার৷ সময়টা এখন বদলেছে৷ উৎসবের শাড়ি মসলিন, জামদানি, তসর বা সিল্ক না হলে যেন চলেই না৷ দেশি কাপড়, দেশি নকশা এখন ঈদ ফ্যাশনের প্রধান বৈশিষ্ট্য।

বাজার ঘুরে দেখা গেল, শুধু রং আর নকশাতে নয়, শাড়ির উপাদানে থাকছে নতুনত্ব৷ এ বছর শাড়ির জমিনজুড়ে নানা রকম কাজ—এ ধরনটা কিছুটা কম, বরং পাড় আর আঁচলজুড়ে থাকছে ভরাট কাজ৷ কোনো নির্দিষ্ট ধারা নয়, বরং বরাবরের মতোই দেশি ফ্যাশন হাউসগুলো প্রাধান্য দিচ্ছে তাদের নিজস্ব ঘরানার নকশাতে। আড়ংয়ের নিজস্ব নকশার কাতান শাড়িগুলো এবার নজর কাড়বে বেশ৷ অঞ্জন’স-এ থাকছে খাটি সিল্ক, হাফ সিল্কের শাড়ি। জমিনে থাকছে উজ্জ্বল রঙের এমব্রয়ডারির কাজ৷ মায়াসীরে এক রঙা শাড়ির পাড় ও আঁচলে ভরাট সুতার কাজ৷ ড্রেসিডেলের শাড়িগুলোতে উঠে আসছে পেইন্টিং। দোয়েল সিল্কে পাবেন নানা ধরনের কাটওয়াকের কাজের শাড়ি৷
অন্যমেলায় শাড়ির জমিনে করা হয়েছে ফুলেল নকশা। এসব তো আছেই, পাশাপাশি এবার সুতির সঙ্গে কৃত্রিম সুতার (সিনথেটিক) মিশ্রণে নতুন এক ধরনের শাড়ি দেখা যাবে ঈদবাজারে—এমনটাই জানালেন অঞ্জন’স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন আহমেদ৷ সিল্কের মতো দেখতে, তবে সিল্ক নয়—এমন শাড়ির দামটাও থাকবে হাতের নাগালে৷


ঈদ উৎসবে নির্দিষ্ট রঙে বাঁধা পোশাক পরার চল তেমনটা হয় না৷ তারপরও ঈদের শাড়িতে কোন কোন রং বেশি আনা হবে, তা নিয়েও এখন রীতিমতো গবেষণা করা হয়। ডিজাইনাররা এমনই জানালেন৷ বিশ্বরঙের বিপ্লব সাহা বললেন, ঈদের দিন একটু জমকালো শাড়ির দিকেই আগ্রহ থাকে ক্রেতাদের৷ তাই শাড়ির জমিনে ও নকশায় উজ্জ্বল রং আনতে হয়। পাশাপাশি আরাম আর আবহাওয়ার দিকটিও থাকে বিবেচনায়। বৃষ্টি আর গরম, এমন দিনে নীল, কমলা, পিচ, ম্যাজেন্টা বা হালকা সবুজ রং বেশি দেখা যাবে শাড়ির জমিনে৷

এদিকে সুতি, সিল্ক, মসলিন বা কোটা—সব ধরনের শাড়িতে কম-বেশি ফুলেল মোটিফ দেখা গেল। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা ইমদাদ জানালেন, বৈশাখের মতো এখন ঈদের শাড়ির মোটিফও বেছে নেওয়া হয় প্রকৃতি বা আমাদের চারপাশ থেকে৷ বর্ষায় গাছে গাছে দেখা যায় নতুন পাতা আর ফুলের সমারোহ৷ তাই শাড়ির জমিনে বুনে দেওয়া হচ্ছে ফুল আর পাতা৷
মসলিন বা সিল্ক শাড়িতে অনায়াসেই পার হয়ে যাবে ঈদের সকাল৷ রাতে একটু জমকালো শাড়ি তো পরতেই হয়৷ এ জন্য আড়ংয়ে থাকছে বিশেষ আয়োজন৷ আড়ংয়ে রাতে পরার উপযোগী এসব শাড়িতে থাকছে সুতার কাজ৷ কোনো কোনো শাড়িতে চুমকির ব্যবহারে আনা হয়েছে উৎসবের আমেজ৷ রাতের আরামের বিষয়টি মাথায় রেখে সিল্ক বা মসলিনের শাড়িতে ন্যাচারাল ডাইয়ে থাকছে শিবুরি নকশা।
উজ্জ্বল রং, ফুল-লতা-পাতায় ভরা শাড়িগুলো এবারের ঈদ ফ্যাশনে যোগ করছে সতেজ এক আবহ, আর দেশি আমেজ।
