এ বছরের বৈশ্বিক রং কী, জানেন?

প্যানটোন দ্বারা নির্বাচিত এ বছরের রং ‘ভেরি পেরি’ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে আনন্দ আর উষ্ণতা

প্যানটোন নির্বাচিত ভেরি পেরি রংছবি : দ্য ম্যানিলা টাইমস

প্রতিবছরই বৈশ্বিক রং নির্ধারণ করে প্যানটোন। ২০২২ সালের রংও নির্বাচন করে ফেলেছে তারা। এ বছরের জন্য প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে ‘ভেরি পেরি’। একদম নতুন বানানো এই রংটি এই যুগের ধারা, মানসিকতা এবং আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, সেটারই প্রতীক। ২৩ বছর ধরে প্যানটোন ফ্যাশন, বাড়ির আসবাব, শিল্পনকশা, পণ্য প্যাকেজিং, গ্রাফিক ডিজাইনসহ একাধিক শিল্প পণ্যের বিকাশ ও ক্রয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

সাজেও দেখা যাবে এ রঙের ব্যবহার
ছবি : দ্য ম্যানিলা টাইমস

মুদ্রণ ও টেক্সটাইল ডিজাইন শিল্পের জন্য বছরজুড়ে একটি রংকে বাছাই করে এই প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রং মেলানোর পদ্ধতি প্যানটোন কালার সিস্টেম। প্যানটোন ম্যাচিং সিস্টেম (পিএমএস) হলো রঙের মান নির্ধারণ পদ্ধতি। এটি রং শনাক্ত করতে এবং মেলাতে সাহায্য করে। রং শনাক্ত করতে প্যানটোন নিজস্ব নম্বর পদ্ধতি ব্যবহার করে। এর মাধ্যমে মুদ্রণ কারখানা ও অন্যান্য সরঞ্জাম নির্মাতারা একে অপরের সঙ্গে যোগাযোগ না করেই রং মেলাতে পারে।

প্যানটোন কালার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লাট্রিস ইয়েসম্যান যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি নতুন রং নিয়ে আসা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, বিশ্বে আমরা এখন একটি নতুন দৃষ্টিভঙ্গি দেখতে পারছি।’ তিনি আরও বলেন, নীল রংগুলোর মধ্যে আক্ষরিক অর্থেই এটি সবচেয়ে আনন্দপ্রদ ও উষ্ণ। ভেরি পেরির মধ্যে গতিশীল নীল রঙের সঙ্গে প্রাণবন্ত বেগুনি লাল রঙের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। লালের শক্তি ও উত্তেজনার সঙ্গে নীলের বিশ্বস্ততা এবং স্থিরতাকে মিশিয়েছে এই রং।

ইতিমধ্যে এই রঙের পোশাক পরতে শুরু করেছেন তারকারা। এই রংটির বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্যাশন ম্যাগাজিন ভোগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্যানটোন ২০২১–এর জন্য বেছে নিয়েছিল আলটিমেট গ্রে ও ইলুমিনেটিং নামের হলুদের একটি শেড, যা ২০২০ সালের পর সুড়ঙ্গের শেষে আলোর দ্যুতিকে বোঝানোর জন্য ছিল। কিন্তু দুনিয়া বর্তমানে অমিক্রনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। আরেকটি অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করেছে বিশ্ব। এই রংটি একটি নতুন রং। দুই বছরের সংগ্রামের পর আমরা সবাই নতুন কিছু অনুভব করছি।

ফ্যাশন ব্র্যান্ড গুচ্চির ২০২২ সালের বসন্ত সংগ্রহের পোশাক
ছবি: ভোগ

বছরজুড়ে বাড়ির ভেতরেও এই রঙের খেলা দেখা যাবে। এই রঙের কাচের জিনিসপত্র বাছাই করতে পারেন। কয়েকটি ল্যাভেন্ডার দিয়েও ঘরের এক কোনা সাজাতে পারেন। বসার ঘরে বা বেডরুমের কোনো একটি দেয়ালে সহজেই এই রং ব্যবহার করা যায়। বেগুনি রঙের কুশন কিংবা থ্রোস রাখতে পারেন বসার ঘরের চেয়ারে।

অন্দরসাজে ভেরি পেরি রঙের ব্যবহার আনতে পারেন এ ধরনের অনুষঙ্গের মাধ্যমেই
ছবি : দ্য ম্যানিলা টাইমস

প্রতিটি রঙেরই নিজস্ব একটা শক্তি রয়েছে। এই রাজকীয় রংটি উজ্জ্বল আলোতে বেগুনি দেখায়, ম্লান বন্ধ জায়গায় গভীর নীল দেখায়। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা আশা করছেন, ভেরি পেরি ২০২২ সালে আমাদের আশা জাগাবে এবং এগিয়ে যেতে সাহস দেবে। ভেরি পেরি একটি আনন্দদায়ক ও গতিশীল রংও বটে, যা সাহস, সৃজনশীলতা এবং কল্পনাপ্রবণ অভিব্যক্তিকে উৎসাহিত করবে।