এই বৈশাখে কোনটা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল-সাদার পাশাপাশি যেকোনো উজ্জ্বল রংও চলবে এবার। মডেল: শিব্বির ও মাসুদ, পোশাক: ব্যাং
লাল-সাদার পাশাপাশি যেকোনো উজ্জ্বল রংও চলবে এবার। মডেল: শিব্বির ও মাসুদ, পোশাক: ব্যাং

পয়লা বৈশাখে এবার কোনটা পরবেন। ফ্যাশন হাউসগুলো কী এনেছে ছেলেদের জন্য। পাঞ্জাবি আর ফতুয়া তো আছেই, চাইলে নতুন কিছুও পরতে পারেন। শার্ট বা টি-শার্টেও আছে বৈশাখের ছোঁয়া।
বৈশাখে এবারও নানা ধরনের লোকজ মোটিফ নিয়ে কাজ করেছে বিভিন্ন ফ্যাশন হাউস। নকশা যেটাই হোক, কাপড়ে আরামকেই বেশি প্রাধান্য দিয়েছেন ডিজাইনাররা। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান বলেন, ‘বৈশাখের পোশাকে লাল-সাদা তো আছেই, এবার যোগ হয়েছে হলুদ, কমলা, লেমন, নীলসহ আরও নানা রং। পোশাকে ব্যবহৃত কাপড়ের মধ্যে সুতিই বেশি। এক কাপড়ে দুই রং ব্যবহার করে ডাইং শেড দেওয়া হয়েছে পাঞ্জাবি, ফতুয়া বা কাতুয়ায়।’

পোশাক: চেঞ্জ
পোশাক: চেঞ্জ

বৈশাখের সারা দিন ছেলেরা একই পোশাকে না থেকে সময় বুঝে পাল্টে নিতে পারেন। সকালে এক, তো বিকেলে আরেক রঙে রাঙাতে পারেন নতুন বছরের পয়লা দিন। ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী আসিফ ইকবাল মনে করেন, বর্ষবরণের দিন ভোরে সুরের মূর্ছনা ও মঙ্গল শোভাযাত্রার সময়ে ছেলেদের পাঞ্জাবিতেই ভালো দেখাবে। সঙ্গে থাকতে পারে ধুতি বা পাজামা। এই সময়ে ফতুয়া পরলেও ভালো দেখাবে। তরুণেরা তো সারাটা দুপুর টো টো করেই কাটাবে। তাই দুপুরের রোদে টি-শার্ট বেছে নিতে পারেন। জিনসের সঙ্গে টি-শার্ট দারুণ মানিয়ে যাবে। চাইলে হাফ হাতা শার্টও পরতে পারেন। আর রাতের কোনো দাওয়াতে গেলে একটু অভিজাত লুকেই ভালো দেখাবে। সেখানে সিল্ক, হাফসিল্ক বা আরামদায়ক কাপড়ের পোশাক পরতে পারেন। পাঞ্জাবির সঙ্গে আজকাল প্রিন্স কোট পরার চল বেড়েছে। একরঙা পাঞ্জাবির ওপরে একটা প্রিন্স কোট চাপিয়ে নিলেই রাতের সাজ পরিপূর্ণ।
রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরেও দেখা গেল বৈশাখে নতুন নকশার টি-শার্ট। নানা ধরনের লোকজ খেলার মোটিফ, শ্লোক, টেপা পুতুল, আলপনা, টাট্টুঘোড়া, প্যাঁচা—কী নেই টি-শার্টের নকশায়। কথা হলো ফ্যাশন হাউস চেঞ্জ-এর স্বত্বাধিকারী রাজিব রায়ের সঙ্গে, ‘রং না, বরং নকশা দিয়েই সহজে ফুটিয়ে তোলা যায় টি-শার্টে বৈশাখের আমেজ। নানা ধরনের নকশার মধ্যে আছে পাখি, দোতারা, টমটম গাড়ি, আলপনা ইত্যাদি। গোল গলা ও কলার যুক্ত—দুই ধরনের টি-শার্টের মধ্যেই আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। আর নকশা করা হয়েছে এমনভাবে, যাতে পুরো গরমের সময়টা কাটাতে পারেন এই টি-শার্টেই।’

জমকালো পাঞ্জাবি আর প্রিন্স কোট পরতে পারেন। আরামের জন্য হাতাকাটা ফতুয়ার জুড়ি নেই। পোশাক: ওটু ও দেশাল (ডানে), মডেল: বাপ্পা শান্তনু
জমকালো পাঞ্জাবি আর প্রিন্স কোট পরতে পারেন। আরামের জন্য হাতাকাটা ফতুয়ার জুড়ি নেই। পোশাক: ওটু ও দেশাল (ডানে), মডেল: বাপ্পা শান্তনু
পোশাক: রঙ
পোশাক: রঙ

কোনটা কেমন দাম
পাঞ্জাবি কিনতে পারবেন ৫০০ থেকে ২০০০ টাকায়, ধুতির দাম পড়বে ৬০০ থেকে ১২০০ টাকা, ভারী নকশার পাঞ্জাবি পাবেন ১৫০০ থেকে ৫০০০ টাকায়, প্রিন্স কোটের দাম ৬০০ থেকে ২০০০ টাকায়, শার্টের দাম পড়বে ৪০০ থেকে ১৫০০ টাকা, টি-শার্ট কেনা যাবে ২৮০ থেকে ৪০০ টাকার মধ্যে, ফতুয়ার দাম ৫০০ টাকার মধ্যে, আর কাতুয়া নিতে চাইলে ১৪০০ টাকা পর্যন্ত গুনতে হবে।

যেখানে পাবেন
রাজধানীর আজিজ সুপার মার্কেটে পাবেন টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবির নানা ধরনের সংগ্রহ। এ ছাড়া ফ্যাশন হাউস ওটু, রঙ, বিবিয়ানা, দেশাল, অঞ্জন’স, কে ক্র্যাফট, ব্যাঙ, লা রিভ, ক্যাটস আই, কুমুদিনী, মায়াসির, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, লুবনান, কাপড়-ই বাংলা, ইয়েলো, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, অন্যমেলায় আছে নানা ধরনের সংগ্রহ। এ ছাড়া বিভিন্ন শপিং সেন্টার যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, রাপা প্লাজা, এ আর এ শপিং সেন্টার, হকার্স মার্কেট, গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেট, গুলশানের হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে পাবেন ছেলেদের বৈশাখী পোশাক।