এই সময়ে চুলের ছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গরমে নিয়মিত ছেঁটে রাখুন শিশুর চুল
এই গরমে নিয়মিত ছেঁটে রাখুন শিশুর চুল

ছোট্ট ছেলেটির চুল ছাঁটা হবে। তাকে চুল ছাঁটানোর জন্য বসানোই বেশ কঠিন। মানুষটা ছোট হলেও তার জন্যই দরকার পড়ে বেশি প্রস্তুতি। অনেকে স্কুলে যাবে, কারও আবার দাওয়াতের অনুষ্ঠান। কোনো ধরনের কাট দিলে সব দিক সামলে চলা সহজ হবে? গরমের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সময় বুঝেই শিশুদের চুলের ছাঁট দেওয়ার পরামর্শ দিচ্ছেন রূপ পরামর্শকেরা।
হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা মাহবুব শাদীন বলেন, ‘ছোট্ট শিশুদের চুল ছাঁটা নিয়ে মা-বাবারা বেশি ঝামেলায় পড়েন। শিশুকে রাজি করানোর ফ্যাঁকড়া তো আছেই, এরপর আবার কোনো ধরনের কাট দেবেন সেটা নিয়েও থাকেন দোটানায়। তবে শিশুর মুখের গড়ন বুঝে চুলের কাট দেওয়া উচিত। কোনো শিশুকে ছোট চুলে ভালো লাগে তো কারও চুল সামান্য বড় রাখলেই ভালো দেখায়। তবে আবহাওয়া বুঝে চুল ছাঁটানো উচিত।’

.
.

গরমে শিশুর চুলের ছাঁট
স্যালনে গিয়ে শিশুর চুল ছাঁটালেও স্টাইলটা আপনি দেখিয়ে দিতে পারেন। শিশুদের জন্য নানা ধরনের ছোট চুলের স্টাইল চলছে এখন। ছেলেদের সৌন্দর্য সেবাকেন্দ্র মেনজ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘গরমে ছোটদের ক্রু কাট, স্পাইক অথবা স্টেপ লেয়ারের চুলের ছাঁট দেওয়া যেতে পারে। এই স্টাইলগুলো বেশি চলছে এখন। শিশুর মুখের গড়ন ও চুলের অবস্থা বুঝে ছাঁটালে ভালো দেখাবে। শিশুর কপালটা যদি ছোট থাকে তবে তার চুলে ছোট ছাঁটই বেশি ভালো।’
গরমে শিশুদের চুলের তিনটি স্টাইল
এই সময়ে ছোট চুলের মধ্যে নিচের তিনটি স্টাইল বেশ জনপ্রিয়। চাইলে এখান থেকে আপনার শিশুর উপযুক্ত স্টাইলটা দেখে নিতে পারেন।
ক্রু কাট
এই স্টাইলে দুপাশে চুল ছোট করে ছাঁটা হয়। আর সামনের দিকে মাঝারি আকারে। তবে শিশুর কপালের আকার যদি বড় হয় চুলটা অল্পস্বল্প বড় করা যায়।
স্পাইক কাট
এই স্টাইলে সামনে ও পেছনের দুই দিকেই চুল ছোট করে ছেঁটে ফেলা হয়। তবে সামনের অংশ তুলনামূলক বড় থাকা দরকার। পোশাক বা অনুষ্ঠান বুঝে এমন কাটের সঙ্গে ইচ্ছেমতো চুল সেট করে নিলেই চলবে।
স্টেপ লেয়ার
এই স্টাইলের জন্য চুলটা একটু বড় থাকলে সহজ হয়। এরপর চুলের মধ্যে একাধিক লেয়ার করে কাটতে হয়। যেসব শিশুর মাথার চুল পাতলা, তারা এমন স্টাইল করলে ভালো দেখাবে।

শিশু যাতে আরাম পায় এমন স্টাইলে চুল কেটে দিন। মডেল: ফারিস ও ওয়াসিউ, কৃতজ্ঞতা: মেনস কেয়ার, ছবি: সুমন ইউসুফ
শিশু যাতে আরাম পায় এমন স্টাইলে চুল কেটে দিন। মডেল: ফারিস ও ওয়াসিউ, কৃতজ্ঞতা: মেনস কেয়ার, ছবি: সুমন ইউসুফ

চুলের যত্নে
রূপ পরামর্শকেরা জানান, গরমের এই সময়ে ছোটদের চুলে নিয়মিত শ্যাম্পু করা উচিত। কারণ গরমে তাদের মাথার ত্বক ঘেমে যায়। তাই প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে চার দিন শ্যাম্পু করে দিন। তাহলে চুলে ঘাম হবে না। অনেক সময় ঘাম বসে শিশুর ঠান্ডা লেগে যায়। গরমের দিনে ছোট চুলের স্টাইল বেশি ভালো। এ ছাড়া শিশুর মাথার ত্বকের রক্তসঞ্চালন ঠিক রাখতে কয়েক দিন পর পর একটুখানি জলপাই তেল হাতে নিয়ে শিশুর মাথা ম্যাসাজ করে দিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। অনেকে রোদের সুরক্ষায় শিশুর মাথায় ক্যাপ পরিয়ে বাইরে যান। গরমে শিশুদের ক্যাপ যতটা কম পরানো যায় ততই ভালো। কথা হলো অভিভাবক নাজরিমা সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘আমার ওয়াসিউর বয়স সাড়ে তিন বছর। তবে ওর চুলে হাত দিলেই কাঁদতে শুরু করে। তাই খুব কমই চুল ছাঁটানো হয়। যেই স্টাইলটি খুব কম সময়ে হয়ে যায়, তেমনটাই বেছে নিতে চেষ্টা করি। এ ছাড়া ওকে একটু বড় চুলেই বেশি ভালো দেখায়, ফলে বড় চুলের মধ্যেই স্টাইল করার চেষ্টা করি।’

.
.

শিশু চুল ছাঁটাতে চায় না!
চুল ছাঁটাতে স্যালনে গেলেই অনেক শিশু বাগড়া দিয়ে বসে। তাকে অনেক বুঝিয়ে যদিও চুল ছাঁটাতে বসালেন, কিন্তু চুলে হাত দিতেই যেন তেলে বেগুন পড়ল। তাই শিশুকে ধমক না দিয়ে ভালো করে বোঝান। অনেক শিশু খেলনা পেলে চুপ করে বসে থাকে। বাসা থেকে বেরোনোর আগে একটা খেলনা গাড়ি বা বল সঙ্গে নিয়ে যেতে পারেন। অনেক শিশু ভয়ে চিৎকার করে। তাই সম্ভব হলে শিশুর পাশে দাঁড়িয়ে থাকুন। তাহলে সে চুপ করে যাবে। অনেক অভিভাবক তাঁর শিশু ঘুমিয়ে গেলে চুল ছাঁটাতে নিয়ে যান। তবে এ সময় কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার।