একের সঙ্গে অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামিজ একটাই। বদলে গেছে টাইটস, ব্যাগ, জুতা—এতেই এসেছে ভিন্নতা। মডেল: শাহতাজ। ​ছবি: কবির হোসেন
কামিজ একটাই। বদলে গেছে টাইটস, ব্যাগ, জুতা—এতেই এসেছে ভিন্নতা। মডেল: শাহতাজ। ​ছবি: কবির হোসেন

দাওয়াতের পোশাকটি নিয়ে বের হওয়া হয়নি। কিন্তু ক্লাস শেষ করেই তো দৌড়াতে হবে দাওয়াতে। সারা দিনের দৌড়ঝাঁপে এত ভারী পোশাক কে আর সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে? কিন্তু এখন কী করা যায়?
এ রকম সমস্যায় মাঝেমধ্যেই পড়তে হয়। তবে বিশেষজ্ঞরা এর সহজ সমাধানই দিলেন। ভারী জমকালো পোশাকের পুরো সেটটাই যে পরতে হবে এমন নয়। মিক্স অ্যান্ড ম্যাচ (মিলিয়ে-মিশিয়ে পরা) একটি ভালো উপায় হতে পারে এ ক্ষেত্রে। পোশাকের যেকোনো একটি অংশ পরিবর্তন করলেই বদলে যাবে পুরো লুক। মজার বিষয় হলো একই পোশাক দিয়ে আপনি তৈরি করতে পারবেন বেশ কিছু লুক। সেটা দাওয়াতেও পরা যাবে। আবার চাইলে প্রতিদিনকার কোনো পোশাকের সঙ্গেও মিলিয়ে-মিশিয়ে পরতে পারবেন।

একই প্যান্ট পরা হয়েছে শার্টের সঙ্গে, আবার পাঞ্জাবির সঙ্গেও। মডেল: আলভী
একই প্যান্ট পরা হয়েছে শার্টের সঙ্গে, আবার পাঞ্জাবির সঙ্গেও। মডেল: আলভী

আলমারি ভর্তি পোশাক। সব আবার একদম মিলিয়ে মিলিয়ে সেট করে রাখা—এই ধারণা এখন নেই বললেই চলে। বরং শুধু কুর্তা কিংবা প্যান্ট কেনার রেওয়াজটাই এখন বেশি। এরপর মিলিয়ে-মিশিয়ে পরে ফেলা হচ্ছে। পোশাক ডিজাইনার লিপি খন্দকার নিজেও ফ্যাশনের এই ধারা পছন্দ করেন। তিনি নিজে একটি কুর্তার সঙ্গে দু-তিন রকমের প্যান্ট পরে ফেলেন। আবার একই প্যান্টের সঙ্গেই হয়তো একেকবার একেক ধরনের কুর্তা পরে ফেলেন। তবে একটি পোশাকে ভিন্ন চেহারা আনতে সবচেয়ে বেশি সহায়তা করে গলার মালা। লিপি খন্দকার বলেন, ‘স্কার্ফ দিয়েও লুকে বদল আনা যায়। একই কুর্তার সঙ্গে একেকবার একেকটা স্কার্ফ পরা যায়। সংগ্রহে রাখতে পারেন কালো, চাপা সাদা (অফ হোয়াইট) কিংবা নীল রং। ক্যাজুয়াল পোশাক পরে আছেন, যেতে হবে কোনো অনুষ্ঠানে—এ ক্ষেত্রে গলায় পরে নিন একটা গয়না। পোশাকের লুকে পরিবর্তন চলে আসবে অনেকটাই। পাশাপাশি চুল বাঁধার ঢংটাও একটু বদলে নিতে পারেন। এতেই পার্টি লুক চলে আসে।’

প্যান্ট একই, বদলে গেছে জুতা, কামিজ ও মালা
প্যান্ট একই, বদলে গেছে জুতা, কামিজ ও মালা

দেশীয় কিংবা বিদেশি যে ধাঁচেরই পোশাক হোক না কেন কয়েকটি রঙের পোশাক সংগ্রহে থাকা ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কালো, সাদা, বেজ ও নীল রঙের পোশাক রাখার ওপরই বেশি জোর দিলেন তাঁরা। এই চার রঙের প্যান্ট, কুর্তা, কামিজ কিংবা সালোয়ার থাকলে মিলিয়ে-মিশিয়ে পরা সুবিধা। ব্লাউজের বেলায় ওই চারটি রঙের সঙ্গে লাল, সোনালি ও রুপালি রঙা ব্লাউজ থাকলে যেকোনো শাড়ির সঙ্গে মিলিয়ে পরে ফেলতে পারবেন। কোরিওগ্রাফার আজরা মাহমুদ বলেন, ‘ফিউশন করে এখন অনেকেই পোশাক পরছেন। এ ক্ষেত্রে জিনস প্যান্ট আবশ্যক। হতে পারে হালকা বা গাঢ় নীল রঙের। পরে ফেলা যাবে যেকোনো রঙের কুর্তার সঙ্গে। এখন বিভিন্ন কাটের কুর্তা হচ্ছে। কুর্তার সঙ্গে চাইলে স্কার্টও পরতে পারেন’। এ ছাড়া লম্বা কাটের শার্ট রাখতে পারেন। জিনসের সঙ্গে ছেড়েও পরতে পারেন। আবার প্যান্টের মধ্যে টাক-ইন করেও পরতে পারেন। ভিন্নভাবে স্কার্ফ পরে নিন। বদলে যাবে সম্পূর্ণ লুক।

পোশাক: নোয়ার  সাজ: পারসোন​া
পোশাক: নোয়ার সাজ: পারসোন​া

মিক্সড অ্যান্ড ম্যাচ করে পোশাক পরার যে রীতি সেটি ছেলেরা এমনিতেই করে থাকে। একই পাঞ্জাবি সালোয়ার দিয়ে পরলে আনুষ্ঠানিক ভাব চলে আসে। আবার জিনস দিয়ে পরলে সেটাতেই অনানুষ্ঠানিক লুক চলে আসবে। ছেলেদের জিনসের ক্ষেত্রে অনেক ভিন্নতা রাখা উচিত। যেমন: কালো, হালকা ও গাঢ় নীল রং, গ্যাবার্ডিন, খাকি রঙের প্যান্ট। সংগ্রহে রাখতে পারেন পোলো টি-শার্ট। দাওয়াত, আড্ডা, ঘুরে বেড়ানো সবকিছুতেই মানিয়ে যায় পোলো টি-শার্ট।

পোশাক: নোয়ার  সাজ: পারসোন​া
পোশাক: নোয়ার সাজ: পারসোন​া

পুরো লুক বদলে ফেলতে সবচেয়ে বেশি সহায়তা করবে গয়না, চুল বাঁধা, জুতা ও ব্যাগ। এ ছাড়া যে পোশাকটি পরে আছেন সেটার ওপর একটা জ্যাকেট পরে ফেললেও স্টাইলটি বদলে যাবে। টাইটস বা সালোয়ারের বদলে চুরিদার বা চাপা সালোয়ার পরলেও পার্টি লুক চলে আসবে।
নোয়ারের পরিচালক শাহ্ রাইদ চৌধুরী বলেন, ‘প্রিন্ট করা পোশাক সবচেয়ে বেশি চলছে এখন। এখন সাদামাটার দিকেই বেশি ঝোঁক। এখন সবকিছুতেই স্লিম কাট চলছে। ধূসর রঙের সঙ্গে নীল ও কালো রঙের পোশাক ভালো মানাবে। একইভাবে লাল বেশি মানানসই বেজ ও সাদার সঙ্গে, নীলের সঙ্গে বেজ, কালোর সঙ্গে বেজ, ধূসর রংটি ভালো যাবে। সাদা মানিয়ে যাবে সব রঙের সঙ্গেই।’