এখন চাপা প্যান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: তোড়া, পোশাক: দর্জি, ছবি: সুমন ইউসুফ
মডেল: তোড়া, পোশাক: দর্জি, ছবি: সুমন ইউসুফ

ঢিলেঢালা ডিভাইডার এবং পালাজ্জোর পর এবারকার ফ্যাশনে যুক্ত হয়েছে চাপা ধরনের পেনসিল প্যান্ট।
আমাদের দেশে এখন কামিজ বা টপের সঙ্গে এ ধরনের প্যান্টের চল এসেছে।

কামিজের সঙ্গে চাপা প্যান্টের চল এখন। মডেল: তোড়া, পোশাক: দর্জি, ছবি: সুমন ইউসুফ
কামিজের সঙ্গে চাপা প্যান্টের চল এখন। মডেল: তোড়া, পোশাক: দর্জি, ছবি: সুমন ইউসুফ

কথা হলো ডিজাইনার সাশা চৌধুরীর সঙ্গে। তিনি জানালেন, এখন ঢিলেঢালা পায়জামার চল কিছুটা কমে আসতে দেখা যাচ্ছে। ফ্যাশনে এখন কামিজের সঙ্গে চাপা প্যান্ট পরার চল আসছে। এই প্যান্টগুলোর কাট থাকে একদম স্ট্রেট; চুড়িদারের মতো ওরেফ হয় না এতে। উচ্চতা গোড়ালির সামান্য ওপর পর্যন্তই সাধারণত দেখা যায়। আবার চাইলে গোড়ালি পর্যন্ত রাখলেও মন্দ লাগবে না।
চাপা হয় বলে প্যান্টের নিচে পাশে অল্প কাটা থাকে। এই কাটায় নানা রকম বোতাম ও অনুষঙ্গ ব্যবহার করে এটিকে জমকালো করা যেতে পারে। সাশা চৌধুরী বলেন, কোন ধরনের কামিজের সঙ্গে এ রকম চাপা প্যান্টগুলো পরা হবে এটিও গুরুত্বপূর্ণ বিষয়। কামিজের ঘের আর দৈর্ঘ্য কম থাকলেই এর সঙ্গে মানাবে। স্ট্রেট কাটের কামিজের সঙ্গে মানাবে এই প্যান্ট।
এবার ঈদ ফ্যাশনে কামিজের কারুকাজের চেয়ে রঙের সমন্বয় এবং কামিজ আর প্যান্টের কাটিংয়ের বৈচিত্র্যই প্রাধান্য পাবে বলে জানালেন সাশা চৌধুরী। পেনসিল কাটের প্যান্টগুলোতে তিনি ব্যবহার করেছেন হুকের মতো সোনালি রঙের বোতাম; কোনোটায় মাঝ বরাবর দেখা যাচ্ছে কপার রঙের কোনো অনুষঙ্গ। পছন্দমতো লেইসের ব্যবহারও করা যেতে পারে। কেউ চাইলে পেনসিল প্যান্টের নিচে দেড়-দুই ইঞ্চির মতো কাটা কাজও করিয়ে নিতে পারেন। লং কুর্তা, জ্যাকেট কামিজ ও শেরওয়ানি কাটের কামিজের সঙ্গে এই প্যান্টগুলো দারুণ মানাবে। চলতি ধারা অনুযায়ী কামিজের রঙের বিপরীত রং বা প্রিন্টের প্যান্ট পরে নিতে পারেন একরঙা কোনো কামিজের সঙ্গে।
কথা হলো ডিজাইনার রুপো শামসের সঙ্গে। তিনি জানালেন চাপা ধরনের প্যান্ট হালফ্যাশনে এখন অনেক মানানসই। প্যান্টের নকশায় কুন্দন, মুক্তা ইত্যাদি অনুষঙ্গ ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে হাঁটু পর্যন্ত উচ্চতার কামিজ, কেপ কোট ও জ্যাকেট মানাবে।
ডিজাইনার মাহিন খান জানালেন, ইদানীং অনেক বেশি ঢিলেঢালা টপ ও বটম পরার চল কমে আসছে। চাপা প্যান্ট বেশ চলছে এখন। কিন্তু এই প্যান্টগুলো আবার খুব বেশি আঁটসাঁট নয়। এই প্যান্টগুলো পরলে একদম স্ট্রেট থাকবে। নিচে কাট ওয়ার্ক, এমব্রয়ডারি ও লেইসের ব্যবহার করা যেতে পারে। পরার সুবিধার জন্য পাশের কাটা অংশে করা যেতে পারে নানা রকম বোতামের ব্যবহার। মাহিন খানের মতে, এখন ফ্যাশনে থ্রি-পিসের ধারণা মানুষের মধ্য থেকে কমে যাচ্ছে। জামা–পায়জামা মিলিয়ে পরার প্রবণতাও দেখা যাচ্ছে কম। হাঁটু পর্যন্ত উচ্চতার নানা বৈচিত্র্যময় প্যাটার্নের টপের সঙ্গে এই প্যান্টগুলো পরা যেতে পারে। টপের হাতাও হওয়া চাই বৈচিত্র্যময়। কুঁচি হাতা, ঘটি হাতা—নানা রকম হতে পারে টপ; তার ওপরে একটি জ্যাকেট বা হাতাকাটা কোটি পরে নিলেও এর সঙ্গে খুব স্মার্ট দেখাবে বলে জানালেন মাহিন খান।