কাটছাঁটে বৈচিত্র্য

গতানুগতিকতা থেকে বের হয়ে ব্লাউজে এখন নানাভাবে চাকচিক্য আনা হচ্ছে। সামনে ও পেছনে ‘ভি’ আকৃতির কাট, পেছনে পুরো খোলা ব্লাউজের চল এসেছে। ফুলহাতার পাশাপাশি হাতকাটা ও কনুই পর্যন্ত হাতার ব্লাউজও সমান জনপ্রিয়। জমকালো ভাব আনতে ব্লাউজের পেছনের অংশে বিভিন্ন আকৃতির টারসেল বা ঝুনঝুনিও দেওয়া হচ্ছে। পার্টিতে পরার ব্লাউজে ব্যবহার হচ্ছে পাথর-ব্রোচ ইত্যাদি। বৈশাখ বরণেও নানা ডিজাইনের ব্লাউজ দেখা যাবে সবার পরনে। যেহেতু বৈশাখের সারা বেলা মানেই গরম, সেহেতু ব্লাউজের কাপড়ে সুতি-বাটিক-গামছা-কুমিল্লার খাদি কিংবা তাঁতের প্রাধান্য থাকে। এর সঙ্গে চলবে স্বচ্ছ নেট বা মসলিনের হাতা। কাতান কাপড়ে তৈরি ব্লাউজের হাত ও কাঁধে স্বচ্ছ কাপড় দিয়ে হাফ লাইনিং দিতে পারেন। বৈচিত্র্য আনতে কয়েক রঙের কাতান কাপড় দিয়ে বানানো যায় ব্লাউজ। ইচ্ছা করলে হাতটা এক রঙের আর কাঁধটা আলাদা রং দিয়ে বানাতে পারেন। ব্লাউজের পেছনে ভরাট কাজ বা জমকালো বোতাম ব্যবহার করা যায়।
ব্লাউজের পেছনে কাটা বা বন্ধ—দুই রকম স্টাইলই ব্যবহার করা যেতে পারে। চোলি কাট কিংবা গাউনশেপের ব্লাউজও আকর্ষণীয়। নেট বা মসলিন শাড়ির সঙ্গে পরতে পারেন কোমর পর্যন্ত ব্লাউজ। ছড়ানো বোট নেকের ব্লাউজে গলার কাছে এমব্রয়ডারি বা লেসের ব্যবহারও দেখা যাচ্ছে। হাফ লাইনিং ব্লাউজে যেমন নেট ব্যবহার করা হচ্ছে, তেমনি এক রঙের নেটের সঙ্গে ভিন্ন রঙের লাইনিং দিয়েও নতুনত্ব আনা হচ্ছে। আর ব্লাউজগুলো তৈরি করার সময় ভেতরে প্যাড ব্যবহার করতে পারেন, তাতে করে অন্তর্বাস পরতে হবে না। ফলে ব্যাকলেস বা পেছনে বড় কাটা দেওয়া ব্লাউজ পরতে পারবেন অনায়াসে।
লেখক: ফ্যাশন ডিজাইনার