কাটা কুঁচি কলির নকশা

কামিজের চলতি ধারা কেমন? যাঁরা নিয়মিত এই পোশাক পরে অভ্যস্ত তাঁদের মনে হতে পারে এ আবার কী প্রশ্ন? চোখ বন্ধ করেই তো বলে দেওয়া যায়, এখন লম্বা আর ঘের দেওয়া কামিজের জয়জয়কার। তবে নতুনত্ব হলো, কামিজে যুক্ত হয়েছে তিন ‘ক’—কাটা, কলি, কুঁচি। এসব বৈশিষ্ট্য নিয়ে এখন তৈরি হচ্ছে কামিজ। ফ্যাশনবিদেরা বলছেন, লম্বা ও ঘের দেওয়া কামিজে বৈচিত্র্য আনতেই ছাট-কাটে যোগ করা হচ্ছে এসব বৈশিষ্ট্য। এখানে আন্তর্জাতিক ফ্যাশন ধারার একটা প্রভাব পড়ছে। দেখা যাক কামিজের কাটে কী কী নতুন বৈশিষ্ট্য যোগ হচ্ছে হালসময়ে।

কোল্ড শোল্ডার
এর মজাটাই হচ্ছে হাতায়। ত্রিভুজ, গোলাকার, পানপাতা—হাতার মাঝ বরাবর দেওয়া হচ্ছে এমন কাট; যা আন্তর্জাতিক ফ্যাশনে কোল্ড শোল্ডার নামে পরিচিত। ড্রেসিডেলের ডিজাইনার মায়া রহমান জানালেন, যেকোনো কাপড়ের পোশাকেই মানিয়ে যায় কোল্ড শোল্ডার। পোশাকের রং, উপাদান আর নকশার ওপর নির্ভর করবে কোন ধরনের কোল্ড শোল্ডার আপনি বেছে নেবেন কামিজের হাতায়।

কলি দেওয়া কামিজ
আবার ফিরে আসছে কলি দেওয়া কামিজে। সামনে-পেছনে নানাভাবে থাকছে এই কলির ব্যবহার। কামিজের গলা থেকে হাতা এবং মাঝ বরাবর লম্বা হয়ে নামছে এই কলি। পেছনের দিকেও একই ভাবে জুড়ে দেওয়া হয়েছে কলি। কামিজের পেছনের দৈর্ঘ্যটা ছুঁয়েছে গোড়ালি আর সামনের দৈর্ঘ্যটা নেমেছে হাঁটু পর্যন্ত। কলিতে গাঢ় এবং কামিজে হালকা রঙের সমন্বয় আনবে আভিজাত্যের ছোঁয়া।

ঝরনা কুঁচি
গোল গোল হয়ে কামিজের কোমর থেকে নিচ পর্যন্ত নেমে এসেছে এই কুঁচি। দেশালের ডিজাইনার ইসরাত জাহান জানালেন, এখন তো ঘের দেওয়া কামিজের চল। তাই ঘেরে একটু বৈচিত্র্য আনতে এ ধরনের কুঁচির ব্যবহার থাকছে কামিজে। অনেকটা ঝরনার স্রোতের মতো নেমে আসছে দেখে এই কুঁচিকে বলা হচ্ছে ঝরনা কুঁচি। যাঁরা একটু ভারী গড়নের দেখে ঘের দেওয়া পোশাকগুলো এড়িয়ে চলেন, তাঁরা অনায়াসেই এই ঝরনা কুঁচির কামিজ পরতে পারেন। যেহেতু কামিজে ঘেরটা একটু বেশিই থাকবে, তাই হাতায় ঘেরের ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো। এর পরিবর্তে ঘটি বা থ্রি কোয়ার্টার হাতা ভালো দেখাবে।

মিডি কামিজ
আদলটা মিডির মতো, তাই এই কাটকে বলা হচ্ছে মিডি কামিজ। বোট নেকের কলার, সামনের পুরোটাই ফাড়া আর কোমর থেকে গোড়ালির ওপর পর্যন্ত একটু বেশি ঘের, এটাই এই কামিজের বিশেষত্ব।
ফ্রক কামিজ
অনেকটা মিডি কামিজের মতোই এই কামিজের ছাঁট। তবে পার্থক্যটা হলো এর ফাড়া নেমেছে কোমর। আর কোমরের নিচ থেকে কামিজজুড়েই থাকছে ঘন ঘন কুঁচির ব্যবহার।