কানিজ আলমাস খান : সুন্দর রাখাই যাঁর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় জামদানিতে
প্রিয় জামদানিতে

পারসোনার ব্যবস্থাপনা পরিচালক রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।

সাদা-সোনালি সাজে কানিজ আলমাস খান। ছবি: কবির হোসেন
সাদা-সোনালি সাজে কানিজ আলমাস খান। ছবি: কবির হোসেন

ভালোবাসেন রান্না করতে। ব্যাগের প্রতি আছে বিশেষ দুর্বলতা। আজ থাকছে তাঁর স্টাইল।
ট্রেন্ড আসে ট্রেন্ড যায়। যা তাঁকে মানায়, এর মধ্য থেকে তা-ই তিনি বেছে নেন। কখনো কখনো একই কাটের পোশাক পরেন বছরের পর বছর। অন্যকে কীভাবে সুন্দর দেখাবে—এই ভাবনা থেকেই সৌন্দর্যচর্চাকে শিল্পে রূপ দিয়েছেন। যাঁর কথা বলছি, তিনি রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।
ঢাকার গুলশান লেকের পাশে তাঁর বাসা। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখেন সবুজ প্রকৃতি। কানিজ আলমাস বলেন, ‘সকালটা একেবারে নিজের। ছয়টার মধ্যে ঘুম থেকে উঠি। এরপর কফির মগ হাতে পত্রিকা পড়া, গান শোনা হয়। কিছুক্ষণ টিভিতেও চোখ রাখি। খবর ও টক শো দেখি নিয়মিত।’
এরপর শুরু হেয় যায় কর্মব্যস্ত দিন। পথে যে সময়টা যানজটে আটকে থাকেন, সেটিও কাজে লাগান। হাল ফ্যাশনের সঙ্গে মিলিয়ে চলার জন্য দেশ-বিদেশের লাইফস্টাইল ম্যাগাজিন পড়েন তখন। এবার কাজের তালিকা অনুযায়ী সারা দিন চলেন।
কাজের কারণেই কোন ধরনের জুতা পরবেন, তা আগেই ভেবে নেন। তাঁর কথা হলো, ‘আমার কাজটা যেহেতু দাঁড়িয়ে করতে হয়, ফলে পায়ের আরামকে প্রাধান্য দেই। সে কারণে দাম দিয়ে হলেও ভালো ব্র্যান্ডের জুতা কিনি।’
কাজের সুবিধার জন্য সব সময় বেছে নেন সালোয়ার-কামিজ। তবে প্রিয় পোশাক জামদানি শাড়ি। বিশেষ দাওয়াত বা অনুষ্ঠান থাকলে তসর, লেসের শাড়িও পরেন। হালকা ও ভারী—দুই ধরনের গয়নাই পরতে ভালোবাসেন।
সব সময় অন্যকে সাজালেও নিজেকে কীভাবে দেখতে ভালোবাসেন—উত্তরে হেসে নিলেন। বললেন, ‘সাধারণ থাকতে পছন্দ করি। কমপ্যাক্ট পাউডার, ব্লাশঅন, কাজল ও লিপস্টিক—এসব দিয়ে প্রতিদিন সাজি। খুব বেশি ভারী সাজে কখনো সাজা হয় না। ম্যাক, ল্যানকম, ল’রিয়েল, ক্লিনিক ও ববি ব্রাউন ব্র্যান্ডের প্রসাধন ব্যবহার করা হয় বেশি। তবে ত্বক ভালো রাখতে ত্বক পরিষ্কার রাখি। মাসে একবার ফেসিয়াল করি।’
কোথাও কেনাকাটা করতে গেলে সবার আগে চোখ যায় ব্যাগের দিকে। ব্যাগের সংগ্রহ দেখলে তা পরিষ্কার বোঝা যায়। অন্য জিনিস কম কিনলেও পছন্দের ব্যাগ কেনা চাই-ই। বিদেশে গেলে ঘর সাজানোর অ্যান্টিক জিনিস কেনেন তিনি। ঘর সাজাতে পছন্দ করেন। তাঁর রুচির সেই ছাপ বাড়ির পরতে পরতে আছে।

মন খারাপ থাকলে রবীন্দ্রসংগীত শোনেন। তবে হাঁটতে যাওয়ার সময় আইপ্যাডে আধুনিক গানসহ ভালো গানগুলো শোনা হয়। নিজেকে সুস্থ রাখতে নিয়মিত হাঁটতে যান। ওজন বেড়ে গেলে ডায়েটও করেন মাঝেমধ্যে। কিন্তু কানিজ আলমাস খান অন্যকে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসেন। এটি তাঁর শখও বলা যায়।
১০ আগস্ট যখন কানিজ আলমাস খানের বাসা থেকে বের হলাম, তখন বাইরে ভরা জোছনা। কানিজ আলমাসও তখন ভাবছিলেন, স্বামী হোসাইন নাসরাত আলী খান ও মেয়ে দিশাকে নিয়ে ছাদে যাবেন জোছনা উপভোগ করতে…।

রান্না করতে ভালোবাসেন
রান্না করতে ভালোবাসেন
িনজের সাজপোশাকের ব্যাপারে সচেতন
িনজের সাজপোশাকের ব্যাপারে সচেতন