শেষবারের মতো বাঁধন কানের লালগালিচায় দেখা দিলেন লাল মসলিন ফ্লাওয়ি গাউনে। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে প্রতিটা দিনই নতুন নতুন আর ভিন্ন রকম সব পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। কখনো প্রাচ্য, কখনো পাশ্চাত্য আর কখনোবা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে অপূর্ব সব রূপে হাজিরা দিচ্ছেন অনলাইনের দুনিয়ায়। দূর থেকে বাংলাদেশের মানুষ সেগুলো দেখে আপ্লুত হচ্ছে। সার্বিকভাবে বাঁধন পোশাকের মাধ্যমে দেশের মেধাবী আর গুণী নারী ডিজাইনারদের নিয়ে গেছেন কানের রেড কার্পেটে। জুরহেমের প্যান্টস্যুটটা ছাড়া বাকি পোশাক তৈরি হয়েছে নারী ডিজাইনারের হাতে।
লালগালিচায় লাল গাউনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘সতেরো শতকে একবার এক চীনা পরিব্রাজক এসেছিলেন বাংলাদেশে। তিনি এখানকার মসলিন কাপড়ের রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন, ‘এই কাপড় যেন ভোরের হালকা রোদের বাষ্প দিয়ে তৈরি।’ তাই আমি আজকের এই বিশেষ দিনে মসলিন ছাড়া অন্য কোনোকিছুর কথা ভাবিনি। আঁ সার্তে রিগার সমাপনী দিনে আমি সুলতানা নাসরিন সুমির ‘আযারাজ বাই সুমি’র দলের বানানো এই মসলিন ফ্লোয়ি গাউনটি পরেছি। সুমি আপা লাল মসলিনে জাদু করে ফেলেছে। আমার মনে হচ্ছে, আমি বিশ্বজয়ের জন্য তৈরি।’
এদিকে ডিজাইনার সুমি লিখেছেন, ‘বাঁধন সমস্ত বাঁধাধরা নিয়মের বেড়া পেরিয়ে আমাদের শিখিয়েছেন, কীভাবে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলতে হয়। আর তাঁকে উদ্যাপনের জন্য আজকের চেয়ে ভালো দিন আর হয় না। বাঁধন যে আমাদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরেছে, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আত্মোৎসর্গ আর কঠোর পরিশ্রমই এই সফলতার মূলকথা। তাই সমস্ত গ্লাস সিলিং ভেঙে এগিয়ে যাওয়া বাঁধন আজ কানের রেড কার্পেটে। তাঁকে তাকিয়ে দেখছে সমগ্র জাতি।’
লাল মসলিন ফ্লাওয়ি গাউনের কথা জানতে ফোন করলাম এই ডিজাইনারকে। বললেন, ‘আমি শুরুতেই বাঁধনের কাছে জানতে চাইলাম ওর প্রিয় রং। বলল, লাল। আমি লালের বিভিন্ন শেডের ভেতর স্কারলেট রেড বেছে নিলাম। বিশেষ এই মুহূর্তের জন্য নিলাম মসলিন। আর ভেতরটা করেছি পিওর সিল্ক দিয়ে। জামাটা আমরা তিন দিন তিন রাত ধরে বানিয়েছি। আসলে ছয় দিনের কাজ। তাই আমরা রাতেও কাজ করেছি। বেল্টে হাতের কাজ করা। বাঁধনের এই পোশাকটি খুবই পছন্দ হয়েছিল। পোশাকটি একইসঙ্গে গর্জিয়াস আর আরামদায়ক। স্বচ্ছন্দে পরা যায়।’
বি.দ্র.: বাংলাদেশে মসলিন নামে যে কাপড় প্রচলিত, সেটা আসলে র সিল্ক।