কামারের প্রামাণ্য জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামার আহমাদ সাইমনের সঙ্গী গাড়ি। ছবি: সুমন ইউসুফ
কামার আহমাদ সাইমনের সঙ্গী গাড়ি। ছবি: সুমন ইউসুফ

কামার আহমাদ সাইমন স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করলেও পরিচিতি পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র শুনতে কি পাও ফ্রান্সের গ্রাঁপ্রি ও মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ পুরস্কার পায়। পুরোনো আমলের রান্না করতে পছন্দ করেন, ভালোবাসেন ঘুরে বেড়াতে।
সকাল থেকে রাত—একটা ছোট ঘরেই কেটে যায়। কাজ নিয়ে চিন্তাভাবনা, পড়াশোনা, গান শোনা এই করে করেই কেটে যায় সময়। আজকাল পুরোটা সময় জুড়েই শঙ্খধ্বনি ছবির চিত্রনাট্য নিয়ে ভাবছেন। কথার শুরুতেই এসব জানালেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন। 
সব সময়ই ক্যাজুয়াল থাকতে ভালোবাসেন। তাই বাসায় থাকলে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর সুতির হাতাকাটা ফতুয়া পরে থাকেন।

পোশাক যাই হোক, গলায় ঝোলানো চাই কিছু না কিছু
পোশাক যাই হোক, গলায় ঝোলানো চাই কিছু না কিছু

নিজের জগৎ বলতে এই ঘরখানাই বেশি পছন্দ তাঁর। দুপাশে বইয়ের তাকে ঠাসা ঘরটায় আছে আরও অনেক কিছু। তবে যেটা ছাড়া নিজেকে এই ঘরে ধরে রাখতে পারেন না সেটা হলো ম্যাকবুক। এই কম্পিউটারে নিজের কাজগুলো করেন। নানা ধরনের শাস্ত্রীয় সংগীতের মধ্যে একটা মিউজিক হয়তো একটানা কয়েক দিন বা মাস ধরে শোনেন।
সকাল ছয়টায় ঘুম থেকে উঠে চলে আসেন তাঁর এই আস্তানায়। কাজ করতে করতেই কয়েক কাপ চা-কফি পান করে ফেলেন। এরপর স্ত্রী সারা আফরীনের সঙ্গে বসে নাশতা করেন। তারপর আবার কাজ। তবে এরও ব্যতিক্রমও আছে। যখন শুটিং থাকে পাল্টে যায় সব নিয়মকানুন।

এই ঘরেই কাটে দিনের বেশি সময়
এই ঘরেই কাটে দিনের বেশি সময়

নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েন। তখন কামারের ভিন্নরূপ। কালো গোলগলা ফতুয়ার সঙ্গে একটা কালো ট্রাউজার চুলটা রাবার ব্যান্ড দিয়ে পেছনে বেঁধে নেন। পায়ে কাপড়ের একটা জুতা। কামার আহমাদ বলেন, ‘আসলে কাজের সময় সেরা কাজটা পেতেই মরিয়া থাকি। এই দিকটায় কোনো ছাড় দিলে তো চলে না। এই সময়টায় কাঁধে একা ছোট্ট চামড়ার ব্যাগপ্যাক থাকে। যেখানে নিজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস রাখি। হাতের কাছে কাজের জিনিস রাখতেই এই ব্যবস্থা।’

রান্না করতে ভালোবাসেন
রান্না করতে ভালোবাসেন

বিভিন্ন সময় পুরোনো আমলের রান্না করতে ভালোবাসেন কামার। কথা বলতে বলতেই দুটো কাচের বয়াম এনে সামনে রাখলেন। আরেকটা পাত্রে দুধ দিয়ে বাননো পাটিসাপটা পিঠা। পাত্রে বেড়ে দিতে দিতে বললেন, ‘এগুলো কিন্তু আমার হাতে বানানো।’ দেশে-বিদেশে কোনো অনুষ্ঠানেই গেলেই ট্রাউজারের সঙ্গে খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবি পরেন। গলায় থাকে নানা ধরনের লেখাসহ একটা চাদর। পায়ে পরেন সু বা চামড়ার স্যান্ডেল।

কালো রঙের পোশাক পরেন সব সময়
কালো রঙের পোশাক পরেন সব সময়

এক-দুই মাসের মধ্যেই একবার করে বেরিয়ে পড়েন বান্দরবানের উদ্দেশে। পরিবার ও বন্ধুদের নিয়ে আট-দশ দিন কাটিয়ে ফিরে আসেন পূর্ণশক্তি নিয়ে। আর এই ভ্রমণে কামারের পছন্দ নিজের ডিফেন্ডার গাড়িটি। নিজেই যান গাড়ি চালিয়ে। এসব কথার ফাঁকেই আবার হারিয়ে গেলেন নিজের শৈশবে। মাঝেমধ্যে ফেসবুকে ঢুকে অন্যদের বোঝার চেস্টা করেন। নিজের ঘরেই আছে একটা ছোট্ট থিয়েটার। প্রতিদিন রাতে নিয়ম করে একটা চলচ্চিত্র দেখেন। মাঝেমধ্যে এই আসরে যোগ দেন বন্ধুরাও। সবাই মিলে রান্না আর চলচ্চিত্র দেখে সেটার আলোচনা-সমালোচনা করেই সেদিন মেতে থাকেন। দেয়ালে টাঙানো নানা ছবির পোস্টার, মুখোশ, বিভিন্ন অনুষ্ঠানের আইডি কার্ড, বাঘের পায়ের ছাপ কি নেই শখের দুনিয়ায়! আছে ফটোগ্রাফির ওপর কয়েকটি দুর্লভ বই। নানা কাজের ফাঁকে সন্তানকে সময় দিতে ভোলেন না। তার সঙ্গে গল্প করে, আদর করে বা নানা বিষয় নিয়ে আড্ডা দিয়ে সময় কাটান।