কালেকশনের নাম ‘দ্য ইডেন গার্ডেন’
দুই বছর পর আবার নিজস্ব মেজাজে ফিরল ‘ল্যাকমে ফ্যাশন উইক’। করোনার কারণে গত দুই বছর ডিজিটাল আঙিনায় হয়েছিল এই ফ্যাশন উৎসব। এবার সম্পূর্ণ ‘ফিজিক্যাল’ আয়োজন করেছে তারা। তাই ল্যাকমের আসরের আনাচকানাচে আবার দেখা গেল ফ্যাশনপ্রেমীদের হুটোপুটি, ডিজাইনারদের তুমুল ব্যস্ততা, চেনা র্যাম্পে মডেলদের আনাগোনা, পাওয়া গেল নতুন কাপড়ের গন্ধ।
মঙ্গলবার শুরু হয়েছে বহু অপেক্ষার ফ্যাশন শো ‘ল্যাকমে ফ্যাশন উইক–২০২২’।
ভারতের রাজধানী দিল্লিতে মহাসমারোহে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক–২০২২। প্রতিবছর ভারতের ‘ফ্যাশন নগরী’ মুম্বাইতে বসে এই আসর। এই প্রথম এটি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও নবীনের আবাহন দিয়ে শুরু হলো উৎসব।
আইএনআইএফডি উপস্থাপিত ‘জেন নেক্সট’ শীর্ষক এই আয়োজনে ফ্যাশন দুনিয়ার দুই উদীয়মান ডিজাইনার সোহম আচার্য আর শ্রীয়া খান্না মেলে ধরেন তাঁদের নতুন সৃষ্টি।
সোহমের রঙিন প্রদর্শনে ধরা পড়েছে প্রকৃতির নানা রং, রূপ। তার এই কালেকশনের নাম ‘দ্য ইডেন গার্ডেন’। আর নবাগতা ডিজাইনার শ্রীয়া খান্না নিয়ে এসেছিলেন ২৫ থেকে ৪০ বছর বয়সীদের জন্য ফ্যাশনের নতুন ধারা। এই আয়োজনে তাঁকে অনুপ্রাণিত করেছেন ব্রিটিশ ডিজাইনার পিটার কলিংউডস।
এদিন সন্ধ্যায় ডিজাইনার সামন্ত চৌহানের ডিজাইন করা পাশ্চাত্য পোশাক পরে মঞ্চ আলো করে হাঁটেন একঝাঁক মডেল। তবে এই আয়োজনে নজর কাড়েন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। সামন্ত চৌহানের ডিজাইন করা স্যুট পরে র্যাম্পেও তিনি ছিলেন স্বচ্ছন্দ। আজ রাতে শেষ চমক দিতে চলেছেন খ্যাতনামা ডিজাইনার জেজে ভালায়া।
গত মঙ্গলবার ল্যাকমে ফ্যাশন উইক–২০২২ এর সূচনার রাত ঝলমল করে উঠেছিল ডিজাইনার রাহুল মিশ্রার প্রদর্শনে। তার আয়োজনে ছিল শুধুই প্রকৃতি। নানান রঙের, নানান ধরনের ফুল, লতাপাতা, এমনকি ঝরাপাতা ধরা পড়েছিল তার কালেকশনে।
এ বছর ল্যাকমের সমাপনী রাতে ঝড় তুলতে যাচ্ছেন বলিউডের তরুণ নায়িকা অনন্যা পান্ডে। ডিজাইনার ফাল্গুনী শ্যানে পিককের পোশাক পরে র্যাম্পে হাঁটবেন তিনি।