
‘বিয়ের আগের ঈদগুলো খুব ম্যাড়মেড়ে ছিল। শুধু মায়ের সঙ্গেই কাটত সারাটা দিন। এবারই প্রথম নতুন একটা পরিবারে অনেক মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করব।’ বলছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া৷ জানালেন, বিয়ের পর এটাই প্রথম ঈদ৷ তাই প্রস্তুতিটাও নিচ্ছেন বেশ ঘটা করেই৷ আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটায় পার করছেন ব্যস্ত সময়৷ এর মধ্যে কেনা হয়ে গেছে নিজের পোশাক৷ যেকোনো উৎসবে শাড়ি পরতেই ভালোবাসেন৷ সাদা তাঁর প্রিয় রং৷ তাই ঈদের দিনের জন্য দেশাল থেকে কিনেছেন চিকন পাড়ের সাদা শাড়ি৷ ‘দেশালের পোশাকের রং, কাপড়, নকশা—সবকিছুতেই শৈল্পিক ভাব আছে, যা আমার খুব পছন্দ৷’ এবার কাছের মানুষদের কাছ থেকেও পেয়েছেন উপহার৷ এই তালিকায় শাড়ি ছাড়া আছে কুর্তা আর কামিজ৷ আরেকটি ঘটনা স্পর্শিয়ার ঈদে যোগ করেছে বাড়তি আনন্দ৷ তা হলো ঈদের পরদিনই তাঁর সবচেয়ে কাছের বন্ধুর বিয়ে৷
বিয়ের আগে ঈদের দিন ঘুমিয়ে কাটাতেন৷ তবে এবার সারা দিনই স্বামী রাফসানকে নিয়ে ঘুরে বেড়াবেন আত্মীয়স্বজনদের বাসায়৷ এ সময় স্পর্শিয়া সাজবেন হালকা সাজে৷ গাঢ় করে কাজল পরবেন চোখে৷ ঠোঁটে লাগাবেন হালকা লিপস্টিক৷ খুব জমকালো নয়, তবে দেশীয় নকশার গয়নার প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা৷ স্পর্শিয়ার বেশির ভাগ গয়নার নকশা তাঁর মা করে থাকেন৷ এখান থেকেই একটা পুঁতির গয়না পরবেন ঈদের দিন৷ ‘আসলে সাজপোশাকের দিকে কোনো দিনই বিশেষ খেয়াল ছিল না আমার৷ তবে কাছের মানুষদের নিয়ে ঈদ উদ্যাপনের যে এত আনন্দ, এই আনন্দ সত্যিই কখনো পাইনি।’ বোঝা যাচ্ছে, এবারের ঈদকে ঘিরে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই অভিনেত্রী৷