কিমের সাড়ে চার কোটির গাউনের বিয়ে এখন অতীত
এই মুহূর্তে কিম কার্ডাশিয়ানের রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’। অথচ তাঁর তৃতীয় বিয়ের গাউন উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দামি ১০ বিয়ের পোশাকের সংক্ষিপ্ত তালিকায়। বিচ্ছেদের ঘোষণায় সেই গাউন কিছুটা উজ্জ্বলতা হারিয়েছে। তবে বিচ্ছেদের ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে সেই গাউন। সঙ্গে আওড়ানো হচ্ছে পুরোনো বুলি, ‘মানি ডাজ নট বাই হ্যাপিনেস’। টাকা দিয়ে যে সুখ কেনা যায় না, কিম পুরোনো সম্পর্ক থেকেও জানতেন। সাড়ে চার কোটি টাকার গাউনটা এখনো সেরকমই আছে। সেই গাউনের আদলে অনেকেই বানিয়েছেন বিয়ের গাউন। কিন্তু কিমের সম্পর্কটাই আর টিকে নেই। যাহোক, জেনে নেওয়া যাক বিয়ের সেই পোশাক সম্পর্কে।
২০২১ সালের মার্চে ‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, কিম কার্ডাশিয়ানের মোট সম্পদের পরিমাণ ছুঁয়ে ফেলেছে এক বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক। মানে সাড়ে আট হাজার কোটি টাকার মালিক কিম! বিশ্বের হাতে গোনা ৩৩৬ জন নারী বিলিয়নিয়ার আছেন। তাঁদের বেশির ভাগই ব্যবসায়ী, খুব কমই মিডিয়া ব্যক্তিত্ব। কিম সেই অল্প কয়েকজন সফল মিডিয়া ব্যক্তিত্বদের একজন। যাঁরা আগে পরিচিতি পেয়েছেন, পরে সেই পরিচিতিকে কাজে লাগিয়ে সফলভাবে ব্র্যান্ড গড়েছেন, ব্যবসা করেছেন।
৪০ বছরের জীবনে তিন–তিনবার বিয়ে করেছেন তিনি। দুবার বিচ্ছেদ হয়েছে, তৃতীয়টির আনুষ্ঠানিকতা সারতে বাকি। তৃতীয় বর কেনি ওয়েস্টের সঙ্গেই তাঁর সবচেয়ে বেশি দিনের সংসার। ২০২০ সাল থেকে আলাদা থাকছেন কিম আর কেনি। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিচ্ছেদের আবেদন করেন কিম। এপ্রিলে তাঁরা সন্তানদের যৌথ অভিভাবকত্বের বিষয়ে সম্মত হয়েছেন। আর কিম স্বাক্ষর করে কাগজে-কলমে বিচ্ছেদের পর ‘স্বামী’কে তাঁর ভরণপোষণের দায়ভার থেকে মুক্তি দিচ্ছেন।
এই গেল মিডিয়া ব্যক্তিত্ব, মডেল, ব্যবসায়ী, প্রযোজক ও অভিনেত্রী কিম কার্ডাশিয়ানের কথা। এবার জানা যাক কেনি ওয়েস্টের সঙ্গে তাঁর বিয়ের গাউন ও অন্যান্য খরচের বিষয়ে। ২০১৪ সালে ইতালিতে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে বিয়ে সারেন কিম ও কেনি। এক সপ্তাহব্যাপী চলেছিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। কেবল বিয়ের গাউন বানাতেই খরচ পড়েছিল পাঁচ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সাড়ে চার কোটি টাকার বেশি।
কিমের তৃতীয় বিয়ের গাউনের নকশা করেছিলেন ফ্রেঞ্চ ফ্যাশন ব্র্যান্ড জিভাশিঁর ক্রিয়েটিভিটি ডিরেক্টর রিকার্ডো তিশি। গাউনটির ছিল লম্বা হাতা, পিঠ খালি আর ট্রাম্পেট আকৃতির লম্বা সিলুয়েট। গাউনটি দেখতে অনেকটা মৎস্যকন্যা আকৃতির। আর ছিল ছড়ানো স্বচ্ছ ঘোমটা।
এই বিয়ের ছবিগুলো এখন কেবলই অতীত। তবে এটিই সময়ের দিক থেকে কিমের সবচেয়ে সফল বিয়ে। প্রায় ছয় বছর কেনির সঙ্গে সংসার করেছেন। রয়েছে চার সন্তান নর্থ ওয়েস্ট, সাম ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট আর সেইন্ট ওয়েস্ট। এর ভেতর নর্থ তাঁর মা–বাবার বিয়েতে উপস্থিত ছিল। কিম আর কেনির বিয়ের সময় তার বয়স ছিল এক বছর।
দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না কয়েক মাস ধরেই। স্বামী মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট নাকি মানসিক রোগী। এমন কথা কিম বলে আসছিলেন ক্রমাগত। সন্তানেরা এখনো ছোট। তাই তাড়াহুড়া করেননি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাঁর। আদালতে বিচ্ছেদের আবেদন করে বসেছেন ৪০ বছর বয়সী কিম।
বিবাহবিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি কিম বা কানিয়ে। গত বছরের জুলাই মাসে কার্ডাশিয়ান জানান, বাইপোলার ডিজঅর্ডারে ভুগছেন তাঁর স্বামী কানিয়ে। সে সময় খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এই পপ তারকা। তবে তাঁর এই রোগ বিচ্ছেদের কারণ নয়। কিন্তু দিন যতই যাচ্ছিল, পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। শেষ পর্যন্ত হয়তো আর একত্রে থাকতে পারছেন না এই তারকাজুটি।