কী আছে জাকারবার্গের ওয়ারড্রোবে?

২০১৬ সালে এসে আবারও ঘুরেফিরে সেই একই আলোচনা। ২০১১ সাল থেকে এ আলোচনা চলছে। আলোচনার বিষয়—মার্ক জাকারবার্গের পোশাক।
মার্ক জাকারবার্গকে তো সবাই চেনেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তিনি। ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদ তাঁর। কিন্তু তিনি কেন একই টি-শার্ট ঘুরেফিরে পরেন? তাঁর কী আর কোনো পোশাক নেই? তাঁর ওয়ারড্রোবেই বা কী আছে?—এরকম নানা প্রশ্ন জাগতে পারে ফ্যাশনপ্রেমীদের মনে।
জাকারবার্গের মতো কোটিপতিদের ওয়ারড্রোবে চোখ বোলানোর সুযোগ হয়তো সহজে মেলে না। কিন্তু জাকারবার্গ নিজেই সে সুযোগ করে দিলেন। যাঁরা ভেবেছিলেন, জাকারবার্গের ওয়ারড্রোবে হয়তো দামি পোশাক, রোলেক্স ঘড়ির সারি, দামি জুতা দেখবেন তাঁদের তো চক্ষু চড়কগাছ! তাঁর ওয়ারড্রোবে এসবের কিছুই নেই। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর ওয়ারড্রোবে রয়েছে সেই চিরপরিচিত ধূসর রঙের একই রকম কয়েকটি টি-শার্ট আর কয়েকটি হুডি।
গতকালই প্রায় দুই মাস পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফেসবুকের অফিসে ফিরেছেন জাকারবার্গ। দীর্ঘদিন পর অফিসে যোগ দেওয়ার সময় নিশ্চয় কোট-প্যান্ট পরা জাকারবার্গকে প্রত্যাশা করেছিলেন অনেকে। তবে তিনি পোশাক-আশাক নিয়ে মোটেও চিন্তিত নন। চিরপরিচিত ধূসর টি-শার্ট পরেই আবার ফিরেছেন কাজের জায়গায়। এ বিষয়টিই অনলাইনে আলোচনার ঝড় তুলেছে। কেন একই রকম টি-শার্ট গায়ে দিয়ে কাজে যান জাকারবার্গ? তাঁর পোশাক-সংক্রান্ত রুচি নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও এর উপযুক্ত কারণও দেখিয়েছেন তিনি। তাঁর মতে, প্রতিদিন একই রকম পোশাক তাঁকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
২০১৪ সালেও এই প্রশ্নের মুখে পড়েছিলেন জাকারবার্গ। তখন তিনি জানান, ফেসবুক কমিউনিটিকে কীভাবে সবচেয়ে ভালো সেবা দেওয়া যায়, সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই জীবনকে সাদামাটা রাখতে চাই আমি।

জাকারবার্গের হুডি বনাম স্যুট-টাই
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে সবার ধারণা, তিনি নাকি কখনো স্যুট-টাই পরেন না! তাঁকে মাত্র কয়েকটি ক্ষেত্রেই স্যুট-টাই পরতে দেখা গেছে। তিনি এর আগে সর্বশেষ ২০১২ সালে বিয়ের সময় কোট-টাই পরে ছবি তুলেছিলেন। অনেকে তাঁর পোশাকপরিচ্ছদ পছন্দের বিষয়টিকে বলেন ‘ছেলেমানুষি’। ২০১২ সালে গুরুত্বপূর্ণ উপস্থাপনার সময় পোশাক পরা নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তাঁরা পোশাকের জন্য তাঁর এসবকে ‘অপরিপক্ব’ বা ‘ছেলেমানুষি’ আচরণ বলেন।
২০১২ সালে ফেসবুকের আইপিও ছাড়ার অনুষ্ঠানে ট্রেডমার্ক পোশাক ‘হুডিযুক্ত ধূসর টি-শার্ট-জিনস-স্নিকার’ পরে হাজির হয়েছিলেন জাকারবার্গ। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে তিনি পোশাক নির্বাচন নিয়ে প্রযুক্তি-বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। টাই-স্যুট পরার বিষয়টিকে জাকারবার্গ একরকম চ্যালেঞ্জই মনে করেন। এর আগে তিনি অবশ্য বেশ কয়েকবারই কোট-টাই পরেছিলেন। প্রথমবার ছিল হোয়াইট হাউসে বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় এবং দ্বিতীয়বার ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে সাক্ষাতের সময়। দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ের পর যে ছবি তুলেছিলেন, তাতে তাঁকে স্যুট-টাই পরে থাকতে দেখা গেছে।
সবচেয়ে বাজে স্টাইলের পোশাকধারীর খেতাব জুটেছে ফেসবুক প্রতিষ্ঠাতার জন্য। ২০১১ সালে তিনি সবচেয়ে বাজে স্টাইলের পোশাক পরেন বলেও আখ্যা পেয়েছিলেন ‘জিকিউ’ ম্যাগাজিনে। ‘হাফিংটন পোস্ট’ জানিয়েছে, মার্ক জাকারবার্গকে স্যুট-টাই পরতে দেখা একটি দুর্লভ ঘটনাই বটে। জাকারবার্গের স্যুট-টাই পরা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কৌতুক করে মন্তব্য করেছিলেন, ‘আমিই সেই ব্যক্তি, যে মার্ককে কোট-টাই পরে থাকতে দেখতে পেয়েছি।’
জাকারবার্গের পোশাক-রহস্য
বছর দুই আগে জাকারবার্গের ২৯তম জন্মদিনে বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, জাকারবার্গের অবস্থা কি এতটাই খারাপ যে একই পোশাক প্রতিদিন পরতে হয় তাঁকে? এনবিসিকে দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে জাকারবার্গ তাঁর পোশাক-রহস্যের বিষয়টি জানিয়ে দেন। তিনি বলেন, তাঁর বাড়িতে ধূসর রঙের একই রকম দেখতে টি-শার্ট আছে ২০টি। এগুলো ঘুরিয়ে-ফিরিয়ে পরেন বলে মনে হয় তিনি প্রতিদিন একই টি-শার্ট পরছেন। তাঁর বাড়িতে নাকি কাপড়চোপড় রাখার বেশি জায়গা নেই! কারণ, স্ত্রী প্রিসিলা চ্যান কাপড়চোপড় রাখার জন্য বেশির ভাগ জায়গা দখল করে রেখেছেন—এমন রসিকতাও করেন। তিনি বলেন, বাড়িতে নিজের কাপড় রাখার জন্য তাঁর সম্বল মাত্র ওই একটি ওয়ারড্রোব! একই পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে পরায় কোনো লজ্জা অনুভব করেন না তিনি। আর বিষয়টি কেউ জানলেও তাঁর কোনো অসুবিধা নেই।
ফ্যাশন নিয়ে জাকারবার্গের ভাষ্য, ফেসবুক নিয়ে চিন্তা-ভাবনা, মিটিং, আলোচনা, যোগাযোগ সব মিলিয়ে আর বাড়তি সময় কোথায়? এসব কাজে বেশি সময় দিতেই পোশাক নিয়ে ভাবনা নেই তাঁর। সময় বাঁচাতেই টি-শার্ট তাঁর পছন্দের।