খোঁপার বাঁধনে

ওড়নায় ঢাকা থাকবে চুল-খোঁপা একরকম হলেই হলো। এ ধারণা তো বদলেছে কবেই। কয়েক বছর ধরে তো চলল চুল খোলা রাখার ট্রেন্ড। এখন আবার খোঁপাও জনপ্রিয় হয়েছে। তবে তার ধারণা ভিন্ন। কনের চুলের সাজ কেমন হচ্ছে তা দেখুন।

সামনের দিকে একটু পাফ করে বা ফুলিয়ে নিয়ে উঁচু করে চুল বাঁধার প্রচলনটা বেশ জনপ্রিয় ছিল কনেসাজে। ব্যাককোম্ব করে চুলের সেট করে নেওয়া-সেটাও চলছিল। তবে এবার মেসি বান না করে উঁচু খোঁপায় চুল বাঁধার একটা চল শুরু হবে বলে জানালেন মিউনিস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন। পাশাপাশি খোলা চুলেও দেখা যাবে কনেসাজ। সাবেকি ঢঙের বেণিতে অনেক কনেই বাঁধবেন চুল। তবে সবকিছু ছাপিয়ে চুলে গয়নার আধিক্যটাই বেশি দেখা যাবে এবার বলে জানালেন এই রূপবিশেষজ্ঞ।

‘আগে যেমন সীতাপাটি, টিকলি আর টায়রায় পরিপূর্ণ হতো চুলের সাজ। এই বছর থেকে চুলের সাজে থাকবে তিন বা চার লহরের চেইন বা পুঁতির মালার ব্যবহার। পেছনের খোঁপা থেকে টেনে তিন বা চার লহরের মালা দেওয়া ঝাপটা ঝুলতে দেখা যাবে চুলের একদিকে। সীতাপাটি পরার চলটা একটু কমবে এই বছর। তার পরিবর্তে ঝাপটা আর বড় নকশার টিকলি দেখা যাবে।’ তবে চুলটা যেভাবেই বাঁধা হোক না কেন, তাতে যাতে নতুন বউয়ের চেহারায় স্নিগ্ধতাটুকু হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিলেন এই রূপবিশেষজ্ঞ।


খোঁপার বাঁধনে বদল এসেছে। মডেল: আইরিন ও এলভিন
সাজ: তানজিমা শারমীন
ছবি: সুমন ইউসুফ
কনের মাথায় থাকবে নানারকম গয়না। শাড়ি: স্টাইলসেল
পাফ করে ছেড়ে রাখা কিংবা খোঁপার বাঁধন-বেছে নিন পছন্দমতো। পোশাক ও গয়না: মায়াসীর
বেণির বাঁধনও চলবে। পোশাক: স্টাইলসেল
সাবেকি দিনের বড় খোঁপার স্টাইলটাও দেখা যাবে। মডেল: লোপা, শাড়ি: ড্রেসিডেল