

গরমের দিনে ছেলেরা চুলটা ছোট রাখতেই ভালোবাসেন। চুলের ছাঁট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার প্রবণতা দেখা যায় গরমের দিনে। এটা বেশি করে থাকেন তরুণেরা। অনেকে হলিউড, বলিউড বা খেলার তারকাদের অনুকরণে চুল ছাঁটেন৷ আর সেই ধারা মেনে এই গরমে জনপ্রিয় কাট মোহাক৷ অনেক খেলোয়াড়কেই মোহাক স্টাইলে চুলের ছাঁট দিতে দেখা যায়৷ ছেলেদের সৌন্দর্য সেবাকেন্দ্র হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী শাদীন মাহবুব বলেন, ‘গরমের দিনগুলোতে ছেলেদের চুলটা ছোট করে রাখলেই স্টাইলের পাশাপাশি আরাম মিলবে৷ এই সময়ের জনপ্রিয় মোহাক স্টাইলে প্রধানত চুলটা ছোট করা হয় মাথার দুই পাশ থেকে৷ তবে এই স্টাইলটা যে সবাইকে মানাবে তেমনটা না৷ ছোট চুলের আরও নানা স্টাইল আছে, সেখান থেকে মুখের গড়ন বুঝে স্টাইল বেছে নেওয়া উচিত৷’

মোহাক স্টাইলের পাশাপাশি আরও অনেক কাটই এই সময়ে জনপ্রিয় ছেলেদের কাছে৷ এ বিষয়ে জানতেই কথা হয় পারসোনা অ্যাডামসের ব্রাঞ্চ ইনচার্জ মাসুম বিল্লাহ খানের সঙ্গে৷ তিনি বলেন, ‘এখন সুনির্দিষ্ট কোনো চুলের স্টাইলের চেয়ে নিজেদের চেহারার সঙ্গে মানানসই কাটকে বেশি প্রাধান্য দিচ্ছেন সবাই৷ তবে ঘুরেফিরে মোহক ছাড়াও লং স্পাইক, লেয়ার কাট, এক্সিকিউটিভ লুক ইত্যাদি কাট জনপ্রিয়। চুলের ধরন, মাথার আকৃতি, মুখের গড়ন এই তিনটি বিষয়কে লক্ষ রেখে চুলের কাট ও স্টাইল নির্ধারণ করা উচিত।’

হেয়ার এক্সপার্টদের সঙ্গে কথা বলে জানা গেল, কোঁকড়া চুল স্পাইক করতে চাইলে ছোট করে কেটে নিতে হবে। আবার যাঁরা কিছুটা বড় চুল পছন্দ করেন, তাঁরা গরমে লেয়ার কাটে চুল ছাঁটাতে পারেন। যাঁদের কপালের দুপাশে চুল কম, তাঁরা মোহাক স্টাইলে চুল কাটাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মাথার দুই দিকের চুলটা একদম ছোট না করে আধা ইঞ্চি পরিমাণ রাখলে ভালো দেখাবে৷ তবে গরমে চুল সেট করার ঝামেলায় যেতে না চাইলে বেছে নিতে পারেন বাজ স্টাইল৷ এই স্টাইলে ট্রিমার মেশিন দিয়ে সারা মাথার চুল কেটে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ করে ফেলা হবে৷ গোসলের পরও আঁচড়ানোর ঝামেলা থাকবে না৷ এ ছাড়া ড্রাই বা হার্ড হেয়ার জেল ব্যবহার করে স্পাইক স্টাইলের চুল সহজেই সেট করে রাখা যায় বলে অনেকেই স্পাইক কাট বেছে নেন৷
চুল কাটানোর আগে কোন ভাবনাগুলো কাজ করে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব বলছিলেন, ইন্টারনেট, ফেসবুকের কারণে তরুণেরা আগের থেকে অনেক বেশি সৌন্দর্য-সচেতন৷ পোশাক থেকে চুলের কাট সবকিছু নিয়েই তাই ভাবতে হয়৷
চুল কাটার ধরনে যত পরিবর্তন নিয়ে আসা হোক না কেন, তার সঙ্গে চুলের যত্ন নেওয়াটাও জরুরি। গরমে তো অবশ্যই। এ ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের হেয়ার জেল ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের৷ সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু এবং একদিন কন্ডিশনার ব্যবহার চুলকে ভালো রাখতে সাহায্য করবে৷ হেয়ার স্টাইলকে ঠিক রাখতে নিয়মিত ট্রিমিং করা দরকার। গরমে দীর্ঘ সময় ক্যাপ পরলে ঘেমে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে তাই নিয়মিত গোসল করতে হবে৷ ঘামে চুল ভিজে গেলে মাথার ত্বকে ঘা হতে পারে।