গরমে পোলো শার্ট

গরমের প্রকোপ বাড়ছে। উত্তরের হিমেল হাওয়া কমে এসেছে। প্রকৃতির এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে প্রতিদিনের জীবনে। দিন এখন শুরু হচ্ছে হালকা পোশাকে। পোশাকের এই পরিবর্তনে ছেলেদের পোলো শার্টেই এখনকার চলতি ফ্যাশন। ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের ডিজাইনার সাদেক কুদ্দুস জানালেন, পোলো শার্টের চাহিদা সর্বজনীন। সব বয়সেই পরা যায়। শুধু ব্যক্তিত্ব আর রুচি অনুযায়ী নির্দিষ্ট পোলো শার্টটি বাছাই করে নিতে হবে। এখন একরঙা পোলো শার্ট যেমন চলছে, তেমনি স্ট্রাইপ পোলো শার্টও অনেকে পছন্দ করছেন।
পোলো শার্টের রঙে ও নকশায় এসেছে বৈচিত্র্য। পছন্দের যেকোনো রঙেরই পোলো শার্ট মিলবে ফ্যাশন হাউসগুলোতে। তবে উজ্জ্বল রঙের পোলো শার্টের কাটতি বেশি। ছবিতে কিংবা সেলফিতে উজ্জ্বল রংই যে বেশি চোখে লাগে!

হালকা রঙের কিংবা স্ট্রাইপ পোলো শার্ট মানিয়ে যাবে যেকোনো অনুষ্ঠানেই। সব ধরনের প্যান্টের সঙ্গেই পোলো শার্ট পরা যাবে। জিনসের প্যান্টের সঙ্গে যেমন মানিয়ে যায়, আবার পরতে পারেন গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গেও। সব ধরনের জুতাই মানানসই, স্নিকার, কেডস থেকে শুরু করে দুই ফিতার স্যান্ডেল পরতে পারেন অনায়াসেই। একটু গুরু গম্ভীর অনুষ্ঠানে পোলো শার্টটা শুধু প্যান্টে গুঁজে দিন। সেমি ফরমাল লুকে নিজেকে খুঁজে পাবেন। সঙ্গে শুধু চুলটা পাট করে আঁচড়ে নিন। আর পার্টিতে শার্টটা ছেড়ে রাখুন। হালকা জেলে চুল এলোমেলো করে দিন। নিপাট ভদ্র চেহারা পাল্টে যাবে ফ্যাশনেবল এক লুকে।

ব্যায়াম করা পেশিবহুল বাহু যাঁদের, তাঁরা হাতায় রাবার দেওয়া কাফের পোলো শার্ট বেছে নিতে পারেন । আকর্ষণীয় দেখাবে। হালকা গড়নের হাতে রাবার ছাড়া কাফ পোলোই বেশি মানানসই। যে গড়নেই শরীর হোক না কেন, ঢিলেঢালা শার্ট না পরে বেছে নিন ফিট কিংবা সেমি ফিট পোলো শার্ট।
ব্র্যান্ডভেদে পোলো শার্টের বোতামের সংখ্যায় ভিন্নতা আছে। কোনো পোলো শার্টে তিন থেকে চারটি বোতাম দেখা যায়। আবার কোনোটিতে দুই বা তিনটি বোতাম। বোতামবিহীন পোলো শার্টের কদরও কম না। ফ্যাশনের জন্য অল্প বোতামের পোলোর চাহিদাই বেশি বাজারে। এই বোতামের ডিজাইনেও আছে বৈচিত্র্য। মেটালের তৈরি বোতাম পোলো শার্টে নিয়ে এসেছে ভিন্নমাত্রা।

ক্যাটস আই, এক্সট্যাসি, ইয়েলো, জেন্টল পার্ক, আমবার, সেইলর, মেনজ ক্লাব, আর্টিস্টি, রিচম্যানসহ প্রায় সব ফ্যাশন হাউসেই পোলো শার্ট পাওয়া যায়। এ ছাড়া ঘুরে ঘুরে কিনতে চাইলে, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, নূরজাহান মার্কেটসহ পলওয়েলে মিলবে পোলো। ব্র্যান্ডভেদে দামের তারতম্য হয়। ৪৫০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন পছন্দের পোলো।
শখের পোলো শার্টটির যত্ন নিতেও পরামর্শ দিলেন ডিজাইনার সাদেক কুদ্দুস। তিনি জানালেন, ‘কাপড়ের রং ঠিক রাখতে পোলো শার্টটি হালকা ডিটারজেন্টে পরিষ্কার করুন এবং দড়িতে শুকাতে না দিয়ে বরং সমতল কোনো জায়গায় বিছিয়ে রাখুন। পানিতে ভেজা পোলো শার্টটি দড়িতে ঝুলিয়ে দিলে, দৈর্ঘ্যের তারতম্য দেখা দিতে পারে। এ ছাড়া কড়া রোদে শুকাতে দিলে রং জ্বলে যাওয়ার শঙ্কা থাকে। তাই শার্টটি উল্টো করে ভেতরের পাশটা বাইরে রেখে হালকা রোদে কিংবা ছায়ায় শুকিয়ে নিন।’ এবার আশ মিটিয়ে শার্টটি পরুন দীর্ঘদিন।