রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি। ভালোবাসেন কার্টুন দেখতে ও আঁকতে। ব্যাগ, জুতা ও হীরার গয়নার প্রতি আছে বিশেষ দুর্বলতা।



এমন একটি তথ্য দিন, যা কেউ জানেন না। কিছুক্ষণ ভেবে বললেন, ‘আমি কার্টুন দেখতে ও আঁকতে খুব ভালোবাসি। মন খারাপ থাকলে টম অ্যান্ড জেরি দেখি। কখন যে মন ভালো হয়ে যায়, হাসতে শুরু করি টেরই পাই না। রনবী–র টোকাইয়ের ভক্ত আমি।’ রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নির এই কথা নাকি তাঁর স্বামী কৌশিক হোসেন তাপসও জানতেন না। ঢাকার বারিধারার বাড়িতে বসে জানা গেল ব্যক্তি ফারজানা মুন্নির কথা।
মনটা এখনো শিশুর মতো কোমল। তা কার্টুন দেখার অভ্যাস দেখে বোঝা যায়। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে ভালোবাসেন। আরামপ্রিয় তো বটেই। ‘কাজ ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। তিন মেয়ে ও স্বামীর সঙ্গে গল্প করতে ভালো লাগে। যতটুকু সময় পাই ঘরের কাজ করি। ঘর গোছাতে খুব পছন্দ করি।’ বলেন মুন্নি। একটুখানি সময় পেয়েছেন—ব্যস, বসে যান টিভির সামনে। কোনো চ্যানেলে প্রিটি ওম্যান দেখালে তো কথাই নেই। এক হাজারবারের বেশি দেখেছেন এই সিনেমা। তবে কাজ ছাড়া বেশিক্ষণ থাকতে পারেন না। আর যেকোনো নতুন কাজকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন। যতক্ষণ পর্যন্ত সেটি করতে না পেরেছেন, একদম শান্তি পান না।

ফারজানা মুন্নির বড় দুই মেয়ে দেশের বাইরে লেখাপড়া করছেন, ছোট মেয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পড়ে। সকালে ঘুম থেকে উঠে ওকে স্কুলের জন্য তৈরি করিয়ে স্কুলে পাঠান। এরপর বাড়িতে প্রতিদিনের কাঁচাবাজার ও মাছ-মাংস প্রতিদিন কেনেন তিনি। সময় পেলে মেয়েকে স্কুলে নামিয়ে ফেরার পথে নিজেই বাজার করেন। এরপর অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়েন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নি গানপাগল। তাঁর সৌন্দর্যচর্চাকেন্দ্র কিউবেলাতে মেকআপ করানোর সময় গান শুনতে হবেই। তাঁর মতে, গান কাজের গতি বাড়িয়ে দেয়। মন ফুরফুরে হয়। একটা সময়ে হেভি মেটাল, রক শুনতেন। এখন জ্যাজ-ব্লুজসহ যেকোনো ধরনের গান তাঁর ভালো লাগে।
মসলিন, জামদানি, লেসের শাড়ি যেমন পরেন, আবার সুতির কামিজও পরা হয় তাঁর। ডিজাইনার সব্যসাচী, অনামিকা খান্নার ডিজাইনের পোশাক পরা হয়। হীরার গয়নার প্রতি বিশেষ ভালো লাগা আছে বলে জানালেন মুন্নি। তবে বাইরে গেলে পাশ্চাত্য ঢঙের পোশাক কেনা হয়। টম ফোর্ড তাঁর অন্যতম প্রিয় ব্র্যান্ড। ব্যাগ ও জুতার প্রতি আছে বেশ দুর্বলতা।
অন্যকে সাজালেও নিজে চড়া মেকআপ করেন না। ম্যাকের কাজল, ববি ব্রাউনের মাশকারা, ডিওরের ফাউন্ডেশন, শ্যানেলের কমপ্যাক্ট, নারস বা ববি ব্রাউনের লিপস্টিক—এই হলো তাঁর প্রিয় ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী।
নিজেকে ফিট রাখতে সন্ধ্যায় নিয়মিত হাঁটেন। তাঁর হাতের রান্না খুব ভালো। এমন সুনাম আছে। ফারজানা মুন্নি বলেন, ‘খাওয়ার বিষয়ে নিজেকে কষ্ট দেই না। যেদিন খেতে ইচ্ছে করে, সেদিন পেট ভরে খাই। পরদিন আবার কম খেয়ে ভারসাম্য আনি। গ্রিন ট্রি অনেকবার খাওয়া হয়।’ রাতের খাবার স্বামীর সঙ্গেই খাওয়ার চেষ্টা করেন। খুব একটা রাত জাগেন না, সকালে তাড়াতাড়ি উঠতে হয় বলে। জীবনযাপনে সব সময় ভারসাম্য রেখে চলার চেষ্টা করেন। ভালো মা, সফল কর্মজীবী হতে হলে এর তো কোনো বিকল্প নেই।